আলিয়া ভাট শেষবার হবু শ্বশুরকে দেখতে হাসপাতালেই গেলেন
বিনোদন ডেস্ক : বলিউডের গুঞ্জন, ডিসেম্বরেই নাকি আত্মীয়তার সূত্রে বাঁধা পড়তে চলেছিলেন কাপুর আর ভাট পরিবার। সৌজন্যে রণবীর কাপুর আর আলিয়া ভাটের প্রেম। শীতে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ রিলিজের পাশাপাশি বিয়ের কথাও চলছিল নাকি দুই পরিবারে। তার আগেই চলে গেলেন ঋষি কাপুর। খবর পাওয়া মাত্র হবু শ্বশুরকে শেষ দেখা দেখতে হাসপাতালেই পৌঁছে গেলেন মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া। হাসপাতালে আলিয়ার উপস্থিতি বলি গুঞ্জনের মাত্রা আরও বাড়িয়েছে সন্দেহ নেই। কারণ, ঋষির মৃত্যুসংবাদ ছড়াতেই কৌতূহলী বলিউডে প্রশ্ন ছিল, আলিয়া ভাট আসবেন না? সেই প্রশ্নের উত্তরই যেন দিলেন অভিনেত্রী তার সেই ভিডিও আপাতত সোশ্যালে ভাইরাল। সিনেপ্রেমীদের চর্চার বিষয়। ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও তিনি প্রবীণ অভিনেতার সঙ্গে কাজ করেছেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে। একসঙ্গে কাজ করেছেন।
আলিয়া ভাটের এই ভিডিও বিরল ভয়ানি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। এর আগেও যতবার ঋষি ভর্তি হয়েছেন হাসপাতালে, পৌঁছে গেছেন আলিয়া। নিউ ইয়র্কে মারণ রোগের সঙ্গে লড়ার সময়েও রণবীর কাপুরের সঙ্গে বেশ কয়েকটি দিন কাপুর পরিবারের সঙ্গে কাটিয়ে এসেছিলেন তিনি। কাপুর খানদানের প্রতিটি অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি ছিল বাঁধা। ফেব্রুয়ারি মাসে দিল্লিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও মুম্বাই থেকে উড়ে এসেছিলেন আলিয়া। প্রায়ই তাকে ঋষি-নীতু-রণবীরের সঙ্গে ডিনারে দেখা গেছে। রণবীরের দিদি ঋদ্ধিমাও অনেকবার দামি উপহার পাঠিয়েছেন আলিয়ার জন্য।
বাবা রাজ কাপুরের ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রথম পা রেখেছিলেন ঋষি। একদম একরত্তি ঋষিকে প্রথম দেখা যায় রাজ কাপুর-নার্গিসের কাল্ট ছবি শ্রী ৪২০-এর বিখ্যাত গান প্যায়ারা হুয়া ইকরার হুয়া হ্যায়-তে। এরপর কিশোর ঋষির উপস্থিতি ১৯৭০-এ রাজ কাপুরের আরেকটি বিশ্বখ্যাত ছবি মেরা নাম জোকার-এ। সেখানে তিনি রাজের ছোটবেলায় অভিনয় করেছিলেন। রোম্যান্টিক নায়ক হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ববি দিয়ে। সেখানে তার বিপরীতে নায়িকা হিসেবে বলিউডে পা রাখেন ডিম্পল কাপাডিয়া। ওই ছবিতে অভিনয় করে তিনি ফিল্ম ফেয়ার অ্যায়ার্ডও পেয়েছিলেন। পরে মোট ৯২টি রোম্যান্টিক ছবির নায়ক হিসেবে তাকে অভিনয় করতে দেখা যায়। এক মধ্যে ৩৬টি ছবি ব্লকবাস্টার।











