সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন স্থানে উপসর্গে মৃত্যু আরও ১০

news-image

নিউজ ডেস্ক : করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে দেড় বছরের শিশুসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে দুই, সিলেটে এক, টাঙ্গাইলে এক, ফরিদপুরে এক, রাজশাহীতে এক, গোপালগঞ্জে এক, কিশোরগঞ্জে এক, বরগুনায় এক ও লক্ষ্মীপুরে একজন মারা গেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত করোনা উপসর্গে সারাদেশে ১৮১ জনের মৃত্যু হলো। ব্যুরো, অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার ওই বৃদ্ধের। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি।

এছাড়া শনিবার বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে দেড় বছরের একটি শিশু মারা যায়। মৃত্যুর পর তার লাশ দাফনে বাধা দেন প্রতিবেশিরা। পরে পুলিশের উপস্থিতিতে শিশুটির লাশ দাফন করা হয়।

শিশুটির বাবা সবুজ হাওলাদার জানান, তার দেড় বছর বয়সী ছোট ছেলে শাহাদত কয়েক দিন ধরে জ্বর সর্দি ও কাশিতে ভুগছিল। স্থানীয় এক চিকিৎসকের পরমর্শে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কি-না তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করেছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি দল।

এ নিয়ে ৩০ ঘণ্টার ব্যবধানে বরিশালে চারজনের মৃত্যু হলো। তাদের মধ্যে দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

সিলেট: সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কানাইঘাটের বায়মপুর গ্রামের এক ব্যক্তি (৩৫) মারা গেছেন। শনিবার সকালে তিনি মারা যান। হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, শুক্রবার রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ছিল।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। নাম মনির গাজী (১৯)। হাসপাতাল সূত্র জানায়, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মনির গাজীকে শুক্রবার দুপুরে রামেক হাসপাতালে আনা হয়। পরে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মনির গাজীর বাবা জানান, এক সপ্তাহ আগে মনিরের শরীরে হাম দেখা দেয়। এরপর জ্বর আসে। করোনার কোনো উপসর্গ ছিল না। মনির মাধনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কাশিতে আক্রান্ত হয়ে বাদল মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যক্ষায় ভুগছিলেন। শনিবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাজনকান্দা এলাকায় শনিবার চঞ্চল মুন্সি নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ৮-১০ দিন ধরে শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন। তার এবং তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইউএনও জেতি প্রু।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে শনিবার সকালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই নারী রক্তক্ষরণ নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন। রাতেই তার অস্ত্রোপচার করা হয়। শনিবার মারা যান তিনি। তার স্বামীর অভিযোগ, ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, গৃহবধূকে ভর্তির পর সার্জারি করা হয়েছিল। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাকে আইসোলেশনে নেওয়া হয়। নমুনা সংগ্রহ করা হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে সর্দি ও জ্বর নিয়ে মারা গেছেন ৫৩ বছর বয়সী ফাতেমা বেগম নামের এক নারী। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুর রব ছৈয়ালের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আবদুল গফফার।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নখলা গ্রামে মারা যান তিনি। জানা যায়, শুক্রবার সকালে বড় হাওর এলাকায় নিজের জমিতে ধান কাটতে যান তিনি। পরে শরীরে জ্বর অনুভব করলে বাড়ি চলে আসেন। সন্ধ্যায় গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ খান। শনিবার সকালে ফের ধান কাটতে গেলে সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য সাফি উদ্দিন শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী