করোনা : চারমাস কম বেতন নেবেন রোনালদোরা
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্ব জুড়ে থমকে গেছে সব ধরনের খেলাধুলা। তাতে কঠিন সমস্যায় পড়েছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। খেলা বন্ধ, আয়ও বন্ধ। এই সঙ্কটে চার মাস কোচ, খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাদের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাস। এ ব্যাপারে ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ক্লাবটি।
করোনাভাইরাসের কবলে পড়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। দেশটিতে সব ধরনের খেলাধুলা বন্ধ করা হয়েছে ৩ এপ্রিল পর্যন্ত। খেলাধুলার স্থগিতের সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাতে বড় আর্থিক সঙ্কটে পড়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগ সেরি আ’র ক্লাবগুলো।
পরিস্থিতির বিবেচনায় শীর্ষ দলের খেলোয়াড়দের, ক্লাবের কোচ ও কর্মকর্তাদের মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে পুরো বেতন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাস।
তাতে রোনালদো, পাওলো দিবালা, অ্যারন রামজি, দগলাস কস্তাসহ খেলোয়াড়রাও রাজি হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সেরি আ চ্যাম্পিয়নরা- “এই কঠিন সময়ে কোচ ও খেলোয়াড়দের এই দায়বদ্ধতায় জুভেন্তাসের ধন্যবাদ।”
শুধু জুভেন্তাস নয়, এই পরিস্থিতিতে জার্মানির বুন্ডেসলিগার দল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রাও ক্লাবের কম বেতন দেওয়ার প্রস্তাবে রাজি হয়েছে।











