রাজধানীতে খোলা রাখা যাবে খাবার হোটেল
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে খাবার হোটেল খোলা রাখা যাবে। মাঠপর্যায়ে নিয়োজিত পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার ডিএমপির উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার ওসিদের কাছে পাঠানো এক বার্তায় এই নির্দেশনা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, অনেক মানুষের রান্না-বান্নার ব্যবস্থা নেই, তাই তাদের জন্য খাবার হোটেল, বেকারি খোলা থাকবে। এসব হোটেল এবং বেকারিতে কর্মরতদের সড়কে চলাচল করতে দিতে হবে।
নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য পণ্যের দোকান খোলা থাকবে এবং এসব দোকানে কর্মরতরা কাজে যোগ দিতে পারবেন।
খাবার হোটেল থেকে গ্রাহকদের খাবার পার্সেল নিয়ে যাওয়ার পরামর্শ দিতে হবে। প্রয়োজনে কেউ হোটেলে সামাজিক দূরত্ব বজায় রেখে বসে খেতে পারবেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন আক্রান্ত রোগী নেই। এছাড়া আক্রান্তদের মধ্য থেকে চারজন সুস্থ হয়েছেন। এই নিয়ে আক্রান্ত ৪৮ জনের ১৫ জন হলো সুস্থ হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।











