জয়ার সকাল-বিকেল বাগানেই কাটছে
বিনোদন প্রতিবেদক : কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিং বাকি আছে। সেই কাজে চলতি মাসেই কলকাতায় যাওয়ার কথা ছিল জয়া আহসানের। কিন্তু করোনার কারণে সামনের মাসের মাঝামাঝি পর্যন্ত ভারতে যাওয়া অনিশ্চিত।
সব মিলিয়ে অন্যদের মতো জয়াও গৃহবন্দী। এমনিতে বাড়ির মানুষের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন। কিন্তু এখন চেয়েও তা পারছেন না।
আনন্দবাজার পত্রিকাকে নায়িকা বলেন, “বাড়ির মানুষের মাঝে আছি ঠিকই। কিন্তু ভয়ে কোয়ালিটি টাইম কাটাতে পারছি না। সব সময়ে মনের মধ্যে একটা টেনশন। সিনেমা দেখতে দেখতে চোখে জ্বালা ধরে যাচ্ছে। আর ভালো লাগছে না। সকালে উঠে বাগানে চলে যাই। নিজে হাতেই বাগানের সব কিছু করি। মাটি করা, টব বদলানো, গাছ লাগানো… ওখানেই সকালে দু-তিন ঘণ্টা কেটে যাচ্ছে।”
আরও বলেন, “বিকেলেও বাগানে গিয়ে গাছে জল দিচ্ছি। এই টালমাটাল সময়ে বাগানেই একটু শান্তি খুঁজে পাচ্ছি। আর আমার পোষ্য আছে, ক্লিওপেট্রা আর ওর বন্ধু সল্টি। এই ক’দিন ওরাও আমার সারা দিনের সঙ্গী। মনেপ্রাণে চাইছি যেন তাড়াতাড়ি আমরা সকলেই এই পরিস্থিতি থেকে বেরোতে পারি।’’
ঢাকার পরিস্থিতি নিয়ে জয়া বলেন, “এই একটু আগে আমার বাড়ির নিচে কীটনাশক দিয়ে গেল। এখানে রাস্তায় সেনাও নামানো হয়েছে। তবে মানুষ এত ভয় পেয়ে আছে যে, অকারণে বেশি করে সব জিনিস কিনছে। ফলে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে হু-হু করে। ‘দিন আনি দিন খাই’ মানুষগুলোর কথা তো ভাবতে হবে। একে এখন সকলের কাজ বন্ধ, ওদের হাতে টাকা নেই। তার মধ্যে আবার জিনিসপত্রের দাম বাড়লে ওদের চলবে কী ভাবে? চাল, ডাল তো অন্তত কিনবে, সেটাও তো কিনতে পারবে না। আমাদের ছবির জগতেও এমন অনেকেই আছেন, যাদের হাতে এখন প্রায় কিছুই নেই। তাদের জন্য আমি ফান্ড তোলার চেষ্টা করছি। যতটা সাহায্য করা যায়। তবে এখানে তো মূল ব্যবসা গার্মেন্টসের। সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সরকার এখনো তা করেনি। জানি না ভবিষ্যতে এ রকম কোনো পরিকল্পনা আছে কি না!”
এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুসরণকারীদের করোনা নিয়ে সচেতন করে যাচ্ছেন।











