সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা রাস্তায় ছিনতাইকারী ওত পেতে বসে থাকে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না রাজধানীবাসী। ফলে রাজধানীর রাস্তা ফাঁকা হয়ে গেছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যার পর কিছু রাস্তার গলির মুখে দল বেঁধে ওত পেতে থাকছে ছিনতাইকারী। সুযোগ পেলেই পথচারীদের ফোন, মানিব্যাগ, ঘড়ি ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে তারা। ফলে ফাঁকা রাস্তায় ছিনতাই আতঙ্কের মধ্যেই চলাচল করছে পথচারীরা।

ছিনতাইয়ের কবলে পড়া ক্ষতিগ্রস্ত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভয়ংকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি অন্য সময়ের তুলনায় রাজধানীর চুরি, ছিনতাই এখন অনেকটাই কমে গেছে। পুলিশের টহলও বৃদ্ধি করা হয়েছে।

পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পরেন ফটো সাংবাদিক সাহাদাত পারভেজ। শুক্রবার বিকেল ৩টার দিকে ওই ঘটনার বর্ণনা দিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই করোনাকালে (করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়) আপনারা যারা পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরেন, তারা একটু চোখ কান খোলা রেখে সাবধানে চলাফেরা করবেন। গতকাল (বুধবার) রাত পৌনে ১১টার দিকে বাইকে করে বাসায় ফেরার সময় কারওয়ান স্টার হোটেলের কাছের রাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়ি। ওরা আমাকে জোর করে মোটর বাইক থেকে নামানোর চেষ্টা করে। আমি দ্রুত বাইক টান দিয়ে নিরাপদে চলে আসি। এই সময়ে রাস্তা খুবই নীরব ও নিষ্প্রাণ থাকে।

এর আগে গত ১৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর। মুমূর্ষু অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকায় কথা হয় একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. সালাউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, কিছু জরুরি ওষুধ ও বাচ্চাদের জন্য চকলেট কিনতে বের হয়েছেন। রাস্তা একেবারেই ফাঁকা। যে গলি দিয়ে এসেছি তার ভেতরে চার থেকে ৫ জন যুবক বসে আছে দেখলাম। এমন পরিস্থিতিতে এরা কেন বসে আছে জানি না। এদের দেখে যে কারও ভয় লাগার কথা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় দেশ রূপান্তরকে বলেন, করোনা একটি বিশেষ অবস্থা। এই অবস্থায় অপরাধ কম হওয়ার কথা। কিন্তু তার পরও কিছু অপরাধী আছে তারা সুযোগের অপেক্ষায় থাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশনা আছে।

তিনি বলেন, যে কোনো ক্রাইমের বিরুদ্ধে কাজ করা আমাদের দায়িত্ব। যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে কি ধরনের ক্রাইম হতে পারে তার ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন তাহলে আমরা অপরাধের ধরন বুঝে ব্যবস্থা নিতে পারি।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর ৫০ টি থানা এলাকায় অন্তত ২০০ টি স্পটে ৩ শতাধিক ছিনতাইকারী সব সময় সক্রিয় অবস্থানে থাকে। প্রতি মাসে অসংখ্য ছিনতাইয়ের ঘটনা ঘটলেও গড়ে ২০ থেকে ২৫ টি ঘটনায় থানায় মামলা হয়। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আটক হয় ছিনতাইকারী। গত ২৮ ফেব্রুয়ারি এক রাতের বিশেষ অভিযানে রাজধানীর কয়েকটি এলাকা থেকে ৪২ জন ছিনতাইকারীকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে রাজধানীতে দস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটেছে ১৯টি। আর ফেব্রুয়ারিতে ১৫টি। জানুয়ারিতে চুরি হয় ১৩৮টি আর সিঁধেল চুরি হয় ৬৫টি। ফেব্রুয়ারিতে ১১৩টি চুরি ও ৭৪টি সিঁধেল চুরি হয়।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এ সকল ছিনতাইকারীদের একমাত্র পেশা ছিনতাই। ফলে দেশে করোনার মতো বিশেষ পরিস্থিতিতেও তারা সুযোগ পেলেই ছিনতাই করবে এটাই স্বাভাবিক। রাতারাতি তারা ভালো হয়ে যাবে না। তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে হবে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী