,

করোনায় প্রাণ গেল রিয়ালের সাবেক সভাপতির

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়ালের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ। ৭৬ বছর বয়সী এ ব্যবসায়ীকে বুধবার হাসপাতালে ভর্তির কথা জানিয়েছিলেন তাঁর ছেলে ফার্নান্দো সাঞ্জ। এর আগে তিনি জ্বরে ভুগেছেন বেশ কিছুদিন।

ফার্নান্দো তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন টুইটারে, ‘আমার বাবা মারা গেছেন। তাঁর এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আমার দেখা অন্যতম দয়ালু, সাহসী ও কঠোর পরিশ্রম করা মানুষটি চলে গেলেন। পরিবার এবং রিয়াল মাদ্রিদ ছিল তাঁর ভালোবাসা।’

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ এবং বোর্ড পরিচালকরা অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছে, লরেঞ্জো সাঞ্জ মারা গেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতি ছিলেন। আমরা শোকাহত এমন এক সভাপতির জন্য, যিনি জীবনের একটা বড় অংশ নিংড়ে দিয়েছিলেন রিয়ালের জন্য। এই অবস্থায় রিয়াল যত দ্রুত সম্ভব তাঁকে প্রাপ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করবে।’

১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর ক্লাবের পরিচালক ছিলেন। র‌্যামন মেন্দোজার পর ১৯৯৫ সালে তিনি রিয়ালের সভাপতি হন। তাঁর অধীনে রিয়াল একবার করে লিগ ও সুপার কাপ আর দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে। সাঞ্জের অধীনে অন্যতম সেরা ক্লাবের মর্যাদা পুনরুদ্ধার করে রিয়াল। ৩২ বছরের খরা কাটিয়ে ১৯৯৮ ও ২০০০ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল তারা।

সাঞ্জ যখন রিয়ালের সভাপতি হলেন, ক্লাবের তখন অর্থনৈতিক দুর্দশা। তা সত্ত্বেও নিজ পকেটের টাকা দিয়ে ভ্যালেন্সিয়ার তারকা সার্বিয়ান স্ট্রাইকার প্রেদ্রাগ মিয়াতোভিচ ও সেভিয়ার তারকা ক্রোয়েশিয়ান স্ট্রাইকার ডেভর সুকারকে কিনতে চেয়েছিলেন তিনি। পরে দুজনকেই পেয়েছিলেন।

সাঞ্জের মৃত্যুতে মিয়াতোভিচ বলেন, ‘সাঞ্জ আমাকে তাঁর ছেলের চোখে দেখতেন। এটা আমার জন্য অন্যতম দুঃখের রাত।’ রিয়ালের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের টুইট, ‘শান্তিতে ঘুমোন সভাপতি। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। এই মরণভাইরাসে যাঁরা চলে গেছেন, তাঁদেরও স্মরণ করছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য