করোনা ভাইরাস : দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেনটাইনে
ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহভাজন হিসেবে কোয়ারেনটাইনে থাকা মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আবার কাউকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তবে উভয় ক্ষেত্রেই কোয়ারেনটাইনের নিয়ম মানা হচ্ছে না।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশের আটটি বিভাগে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেনটাইনে আছেন। এ ছাড়া আরও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে ৪ জন এবং আইসোলেশনে ১০ জন আছেন।
বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ আক্রান্ত দেশ থেকে ফেরত মানুষগুলো বাংলাদেশে কোভিড-১৯ রোগ ছড়ানোর জন্য হুমকি স্বরূপ। এ কারণে তাদের কোয়ারেনটাইনে রাখার বিষয়টি নিশ্চিত করা দরকার। কিন্তু কোয়ারেনটাইনের বিষয়টি সঠিকভাবে না মানা হলে দেশে কোভিড-১৯ রোগ আকারে ছড়িয়ে পড়তে পারে।
প্রাপ্ততথ্যমতে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া সন্দেহেভাজন ব্যক্তিদের কোয়ারেনটাইন সম্পর্কে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির (আইএইচআর-২০০৫) আর্টিকেল ৩২ অনুসারে, যেসব দেশে কোভিড ১৯-এর স্থানীয় সংক্রমণ ঘটেছে, সেসব দেশ থেকে যারা এসেছেন ও আসবেন এবং যারা দেশে শনাক্তকৃত ৫ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাদের ১৪ দিন স্বেচ্ছায় হোম কোয়ারেনটাইনে থাকতে হবে। সরকার ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত ইতালি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরান দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে স্বেচ্ছায় কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দিয়েছে।
কোয়ারেনটাইন বলতে বোঝায়- কোনো সুস্থ মানুষ, যার দেহে করোনা ভাইরাস সংক্রমিত আছে বলে সন্দেহ থাকার লক্ষণ প্রকাশ পায় কিনা তা পর্যবেক্ষণের জন্য অন্যান্য সুস্থ ব্যক্তির কাছ থেকে ১৪ দিন পর্যন্ত আলাদা রাখা হয়।
জানা গেছে, কোভিড-১৯ সংক্রমিত দেশ থেকে যারা বাংলাদেশে এসে কোয়ারেনটাইনে আছেন, তাদের কোয়ারেনটাইনে থাকার বিষয়টি সঠিকভাবে নজরদারি হচ্ছে না। কোয়ারেনটাইনে থাকা মানুষগুলো প্রয়োজন ছাড়াই বাসার বাইরে যাচ্ছেন, আশপাশের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ পাচ্ছেন। অনেকে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের আদেশ অম্যান্য করছেন। ফলে তাদের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেলে অন্যরা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, কোভিড ১৯-এর সংক্রমণ ঠেকাতে কোভিড-১৯ রোগী সংস্পর্শে এলে বা বিদেশফেরতদের বাংলাদেশে এলে হোম কোয়ারেনটাইনে থাকতে হবে। যিনি কোভিড-১৯ আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে আসবেন, তাকে হোম কোয়ারেনটাইনে থাকতে হবে। প্রথমে যিনি আসবেন, তিনি যেখানে অবস্থান করবেন, সেই এলাকার জেলা সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে রেজিস্ট্রেশন করবেন। এর পর তিনি ১৪ দিন পর্যন্ত আলাদা করে থাকবেন। ওই সময়ে চিকিৎসা নেওয়া ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না।
ডা. আয়শা আক্তার বলেন, হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তি বাড়ির অন্যান্য সদস্যের থেকে আলাদা থাকবেন, আলাদা গোসলখানা ও টয়লেট ব্যবহার করবেন, তা সম্ভব না হলে অন্যদের থেকে অন্তত এক মিটার (তিন ফুট) দূরে থাকবেন। হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তির জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে পরিচর্যাকারী হিসেবে নিয়োগ করবেন। পরিচর্যাকারী একই ঘরে বা পাশের ঘরে থাকবেন, অবস্থান বদল করতে পারবেন না। কোয়ারেনটাইনে আছেন এমন ব্যক্তির সঙ্গে কোনো অতিথিকে দেখা করতে দেওয়া যাবে না। কোয়ারেনটাইনে থাকা ব্যক্তি ও পরিচর্যাকারী ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে। যদি বাড়ির অন্যান্য সদস্যের সঙ্গে একই ঘরে অবস্থান করলে অন্যদেরও মাস্ক ব্যবহার করতে হবে। এ ছাড়া বারবার সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুইতে হবে; প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে এবং অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না। হাঁচি-কাশির সময় শিষ্টাচার মেনে চলতে হবে। ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে না; আপনার খাওয়ার বাসনপত্র-থালা, গ্লাস, কাপ ইত্যাদি তোয়ালে, বিছানার চাদর অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে না এবং সব জিনিসপত্র ব্যবহারের পর সাবান-পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে।
ডা. আয়শা আক্তার বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার কোয়ারেনটাইন শেষ হবে। চিকিৎসকের সিদ্ধান্তে একজন হতে অন্যজনের কোয়ারেনটাইনের সময়সীমা আলাদা হতে পারে। তবে এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এই সময়সীমা ১৪ দিন। যদি কোয়ারেনটাইনে থাকাকালীন কোনো উপসর্গ দেখা দেয় (১০০ ডিগ্রি ফারেনহাইট/ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি কাশি, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা গেলে দ্রুত আইইডিসিআরে হটলাইনে যোগাযোগ করতে হবে।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে হোম কোয়ারেনটাইনের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, লক্ষ্য করা যাচ্ছে যে, কোভিড-১৯ আক্রান্ত দেশসমূহ থেকে দেশে ফেরত আসা কোনো কোনো প্রবাসী বাংলাদেশি হোম কোয়ারেনটাইন পালন করছেন না। কেউ কেউ এ ভ্রান্ত ধারণা পোষণ করছেন, তারা কোভিড ১৯-এ আক্রান্ত হবেন না। এটি ঠিক যে, তারা এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু তারা কোভিড-১৯ আক্রান্ত দেশে গত ১৪ দিনের মধ্যে ছিলেন। এমনকি তারা সুস্থ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত প্রমাণিত হলেও এর পর যে কোনো সময় দেশে থাককালীন বা বিমানে-ট্রানজিটে অবস্থানকালে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন, হয়তো এখনো লক্ষণ প্রকাশ পায়নি। দেশে ফেরার পর ১৪ দিন পর্যন্ত তিনি অন্যান্য সুস্থ ব্যক্তির থেকে দূরে থাকবেন, এই সুপ্তিকালে তার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রকাশিত হতে পারে। আক্রান্ত এলাকা থেকে আগত সবাইকে নিজেদের নিরাপত্তার স্বার্থে, সামাজিক নিরাপত্তার স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে ১৪ দিনের জন্য কষ্ট স্বীকার করে স্বেচ্ছায় হোম কোয়ারেনটাইনে মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি তারা সংক্রমণ প্রতিরোধে চালু থাকা দেশের আইন ভঙ্গ করবেন না। আইন ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে অবস্থান করার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড-১৯ আক্রান্ত দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের কোয়ারেনটাইনে থাকতে হবে। কেউ কোয়ারেনটাইনে না থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কোনো ব্যক্তির ওপর কোয়ারেনটাইনে থাকার নির্দেশ থাকা সত্ত্বেও তা অমান্য করা ও তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর আওতায় কারাদ- ও অর্থদ-ে দ-িত হতে পারেন।
বিশেষজ্ঞরা বলেছেন, গত দুদিনে যারা ইতালি থেকে বাংলাদেশে ফেরত এসেছেন, তাদের রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজক্যাম্পের গণরুমে রাখা হয়েছে। যাদের হজক্যাম্পে রাখা হয়েছে, তাদের এক থেকে দুজন করে আলাদা আলাদা কক্ষে কোয়ারেনটাইনে রাখার নিয়ম। একসঙ্গে বেশি লোককে রাখা সঠিক পদ্ধতি নয়। এ ছাড়া বাড়িতে যারা কোয়ারেনটাইনে আছেন, তারাও নিয়ম মানছেন না।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, যাদের হজক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাদের একসঙ্গে রাখার কারণে সমস্যা তৈরি হতে পারে। যেহেতু কোয়ারেনটাইনে ১৪ দিন রাখা হবে। দেখা গেল ১৩ দিনের মাথায় গিয়ে একজন সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছে, তখন বাকিদের কী আরও ১৪ দিন রাখা হবে? এটি কী তাদের পরিকল্পনায় আছে। একটি কক্ষে একজন রাখতে পারলে বেশি ভালো, তা না হলে দুজন রাখা যেতে পারে। এভাবেই রাখতে হবে, অন্যথায় পরবর্তীতে ম্যানেজ করা যাবে না।
অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, কোয়ারেনটাইনে রাখাকালীন একজন অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হলো। পরীক্ষা-নিরীক্ষা করে নেগেটিভ পাওয়া গেলে ভালো। যদি পজিটিভ পাওয়া যায়, তা হলে বাকিদের আবার ১৪ দিন রাখতে হবে। যাদের কোয়ারেনটাইনে রাখা হয়েছে, তারা তো কমন বাথরুম ব্যবহার করবে। ফলে কেউ আক্রান্ত হলে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। মানুষকে তো আনলিমিটেড কোয়ারেনটাইনে রাখা সম্ভব নয়। তাই ছোট ছোট কক্ষে রাখা দরকার।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক বলেছেন, যাদের হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে, তাদের নজরদারি কারা করছেন, কীভাবে করছেন। কোয়ারেনটাইনের বিষয়টি মনিটরিংয়ের জন্য স্থানীয় সিটি করপোরেশনের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব দেওয়া দরকার।
কোয়ারেনটাইনে থাকাকালীন যা করতে পারেন : কোভিড-১৯ সম্পর্কে জানতে পারেন; পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ফোন, মোবাইল ও ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ রাখুন; শিশুকে তার জন্য প্রযোজ্যভাবে বোঝান। তাদের পর্যাপ্ত খেলার সামগ্রী দিতে হবে এবং খেলনাগুলো খেলার পরে জীবাণুমুক্ত করতে হবে; দৈনন্দিন রুটিনমতে খাওয়া, হালকা ব্যায়াম ইত্যাদি করতে হবে; সম্ভব হলে বাসা থেকে অফিসের কাজ করতে থাকতে হবে; বইপড়া, গান শোনা, সিনেমা দেখা অথবা উপর্যুক্ত নিয়মগুলোর সঙ্গে পরিপন্থী নয় এমন যে কোনো বিনোদনমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে।











