সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বল, ডিসি আমার বাবা, ডিসি আমার বাবা’

news-image

নিউজ ডেস্ক : মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়া কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম জামিন পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

আরিফুলের অভিযোগ, খোদ জেলা প্রশাসনের আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার) নাজিম উদ্দীন এ হামলার নেতৃত্ব দেন। নিজ হাতে পেটান। আর এনকাউন্টারে দেওয়ারও হুমকি দেন।

রবিবার কুড়িগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে তার ওপর চালানো ভয়ানক নিগ্রহের ঘটনা তুলে ধরে রাষ্ট্রের কাছে নিজের জীবনের নিরাপত্তা দাবি করেছেন।

গত শুক্রবার মধ্যরাতে আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, মাদকবিরোধী অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৪৫০ গ্রাম দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি টাস্কফোর্সের।

তবে এ ঘটনার পর আরিফুলের স্ত্রী দাবি করেন, পুরো ঘটনাই সাজানো। জেলা প্রশাসক সুলতানা পারভীনের অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করাই আরিফের কাল ছিল। আরিফকে তুলে নেওয়া ও সাজা দেওয়ার ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

শনিবার রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে পাঠানো হয় ঘটনার তদন্তে। রবিবার সকালে আরিফের জামিন হয়। প্রতিবাদের মুখে আজ কুড়িগ্রামের ডিসিকে প্রত্যাহার করা হতে পারে বলে ঘোষণা দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি ডিসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও কথা জানান ।

আরিফুল চিকিৎসাধীন অবস্থায় বলেন, শুক্রবার রাত ১২টার দিকে খেয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দরজায় ধাক্কার শব্দ পান। পরিচয় জানতে চাইলে, ওপাশ থেকে বলা হয়, ‘থানা থেকে আসছি।’

আরিফুল বলেন, এ সময় আমি সদর থানার ওসিকে ফোন দিই। ওসি জানান, থানা থেকে কাউকে পাঠানো হয়নি। ফোন দেওয়ার কথা শুনে বাইরে থাকা আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার, রাজস্ব) নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল লোক দরজা ভেঙে বাসায় ঢোকে। এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমাও ছিলেন। তবে রিন্টু চাকমা কোনো আঘাত করেননি। ঘরে ঢুকেই আরডিসি নিজাম উদ্দিন আমার মাথায় কিল-ঘুষি মারতে শুরু করেন। মারতে মারতে আমাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে চোখ-হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর আমাকে অজ্ঞাত স্থানে নিয়ে এনকাউন্টার দিতে চায়। আমাকে বারবার বলেন, আজ তোর জীবন শেষ। তুই কলেমা পড়ে ফেল, তোকে এনকাউন্টার দেওয়া হবে।

সেই রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরিফুল বলেন, আমি কান্নাকাটি শুরু করি। অনেক অনুনয়-বিনয় করি। আমি প্রাণ ভিক্ষা চাই। বলি, আমার বাবা-মা নেই, আমার দুটি সন্তান আছে। আমাকে যেন না মেরে ফেলা হয়। তাহলে আমার বাচ্চা দুটি এতিম হয়ে যাবে। পরে তারা আমাকে গাড়িতে করে একটি ভবনে নিয়ে যায়। আমি চোখের কাপড় একটু খুলে বুঝতে পারি এটা ডিসির কার্যালয়। এবার আমি একটু আশ্বস্ত হই, অন্তত আমাকে এনকাউন্টারে দেওয়া হবে না।

আরিফ বলেন, নিজাম উদ্দিনের নেতৃত্বে আমাকে একটি কক্ষে নিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। নিজাম উদ্দিন বলেন, তোর ভিডিও করে রাখছি। এ সময় অকথ্য ভাষায় গালাগালি করা হয়। একপর্যায়ে নিজাম উদ্দিন বলেন, তোর বাবার নাম কী। আমি বলি, স্যার, আমার বাবা তো মারা গেছেন। তখন নিজাম উদ্দিন আবার পেটাতে পেটাতে বলেন, বল, ডিসি আমার বাবা, ডিসি আমার বাবা। আরডিসি বারবার আরেকজনকে বলছিলেন, ডিসি স্যারকে ফোন দাও, মেসেজ দাও। কী করব, সেটা বলতে বলো?

আরিফ বলেন, মারধরের সময় আমি বারবার জানতে চেয়েছি, আমার অপরাধ কী? তখন নিজাম উদ্দিন বলেন, তুই আমাদের অনেক জ্বালাচ্ছিস। ডিসির বিরুদ্ধে লিখিস। তুই বড় সাংবাদিক হয়ে গেছিস। আজ তোর সাংবাদিকতা ছোটাব।

শুক্রবার রাতেই চোখ বাঁধা অবস্থায় চারটি কাগজে আরিফুলের স্বাক্ষর নেওয়া হয়। ভোরের দিকে একটু তড়িঘড়ি করে কারাগারে পাঠিয়ে দেয়। নিজাম উদ্দিন একবার জিজ্ঞেস করেন, তুই ওসিকে ফোনে করছিলি কেন?

আরিফুলের এসব অভিযোগ নিয়ে আরডিসি নিজাম উদ্দিনের মোবাইলে কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী