,

আশকোনার ১৪২ জন বাড়ি ফিরছেন, থাকবেন ‘কোয়ারেন্টিনে’

news-image

ইতালি থেকে দেশে আসার পর বিমানবন্দর থেকে যে ১৪২ জনকে আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা ‘হোম কোয়ারেন্টিনে’ থাকবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “শনিবার সকালে ইতালি থেকে যে ১৪২ জন এসেছিলেন আশকোনায় তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। তাদের কোনো সমস্যা পাওয়া যায়নি।

“তাই তাদেরকে বলে দিয়েছি, আপনারা চাইলে বাড়ি ফিরতে পারেন। ইতোমধ্যেই একজন মহিলা তার দুই সন্তানসহ ফিরে গেছেন। বাকিরাও ধীরে ধীরে চলে যাবেন। তবে বাড়িতে গিয়েও তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।”

শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসার পর শাহজালাল বিমানবন্দর থেকে ১৪২ জনকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছিল। সেখানে তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে রাতে তাদের বিষয়ে ওই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

তার ওই ঘোষণার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আজকেও জার্মানি ও ইতালি থেকে প্রায় দেড়শজনের মতো যাত্রী এসেছিলেন। তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছিল। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তারা সবাই সুস্থ আছেন। তারা ইতালি থেকেই সার্টিফিকেট নিয়ে এসেছেন যে তারা সুস্থ আছেন।

“তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়ে বিভিন্ন পরিবহনে পুলিশ স্কটে যার যার এলাকায় পৌঁছে দেব। এবং তারা যেন কোয়ারেন্টিনে থাকে সেই ব্যবস্থা করব।”শনিবার রাত পর্যন্ত আশকোনায় সর্বমোট ১৮৪ জনকে নেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, “আগামীকাল আরও দেড়শজন আসবেন। তাদেরকেও একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, রোববার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ইতালি থেকে আরও ১৫৫ জন আসবেন।

“রোববার যারা আসবেন তাদের গাজীপুরে একটি ম্যাটস অর্থাৎ মেডিকেল অ্যাসিসটেন্টস ট্রেনিং স্কুলের হোস্টেলে থাকার ব্যবস্থা আছে। স্থানীয় প্রশাসন সেটার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব।“একইভাবে তাদের পরীক্ষা করা হবে। যদি কারও ভাইরাস না পাওয়া যায় এখানে যেভাবে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি সেখান থেকেও তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান রাতে  বলেন, শনিবার সন্ধ্যার পর ইতালি থেকে আসা ৫৯ জনকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন তারা।

“তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের কোথায় রাখা হবে।”

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য