বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উইলসের শিক্ষিকার হাতে রক্ত সঞ্চালন হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

গত মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় তার বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিকালেই হেলিকপ্টারে করে ঢাকায় এনে তাকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাৎক্ষণিক অস্ত্রোপচার করে জোড়া লাগানো হয়েছে ফাহিমার হাতের বিচ্ছিন্ন অংশ, সেখানে রক্ত চলাচল করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে শিক্ষিকা ফাহিমার মর্মান্তিক পরিণতিতে হতবিহ্বল হয়ে পড়েছেন তার ছেলে, স্বামীসহ স্বজন, শিক্ষার্থী ও তার পরিচিতজনরা। বুধবার হাসপাতালের চারতলায় আইসিইউর সামনে গিয়ে দেখা যায়, বাইরে উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষায় আছেন তারা। জানা যায়, শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িবহরের একটি বাস হঠাৎ গিয়ে সজোরে ধাক্কা দেয় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে। এতে তেমন কেউ গুরুতর আহত না হলেও কনুই থেকে বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষিকা ফাহিমা বেগমের। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে চারটি মিনিবাস ও দুটি মাইক্রোবাসে করে উইলস লিটল ফ্লাওয়ারের ১২৫ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী যাচ্ছিলেন টুঙ্গিপাড়ায়।

ফাহিমার সার্বিক অবস্থার বিষয়ে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘আজকে (বুধবার) সকালে আমরা কয়েকবার দেখেছি। এখন পর্যন্ত মোটামুটি ভালো বলা যায়, খারাপ নয়। তবে অন্য কোনো কিছু বলা যাবে না, ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত। আগামীকাল সকালে আমরা মেডিক্যাল বোর্ডের সবাই মিলে বসব। তারপর দেখে ডিসিশন নেব কী করা যায়।’ তিনি বলেন, ‘দেখা যাচ্ছে হাত জোড়া লাগানো অংশে ব্লাড সার্কুলেশন হচ্ছে।’

আনন্দযাত্রার আগে ফেসবুকে ছবি দিয়ে দোয়া চেয়েছিলেন ফাহিমা : দুর্ঘটনার আগে গোপালগঞ্জের পথে থাকা অবস্থায় যাত্রাপথের কয়েকটি ছবি দিয়ে এক ফেসবুক পোস্টে যাত্রা শুভ হওয়ার জন্য দোয়া চেয়েছিলেন ফাহিমা বেগম। অথচ সেই আনন্দযাত্রা এখন বিশাদে রূপ নিয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে উইলসের দ্বাদশ শ্রেণির ছাত্র সৈয়দ মুহাম্মদ মাহিদ বলেন, ‘চোখের সামনে একটা জোরে ধাক্কা লাগার পর সুস্থ-সবল শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেল। আমি ওই বাসেই ছিলাম, ছিটকে পড়ে গিয়েছিলেন ম্যাম, এ অবস্থায় দৌড়ে গিয়ে ওনাকে ধরলাম। দেখা যাচ্ছে হাতের হাড়গোড় সব বের হয়ে গেছে, রক্তে ভরে গেছে। বাঁ হাত কনুইয়ের পর ছিঁড়ে পড়ে গেছে। এ অবস্থা দেখে অনেকে তখন অজ্ঞান হয়ে যায়। কিন্তু আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি, কারণ ম্যামকে বাঁচাতে হবে।’

ফাহিমার স্বামী সৈয়দ শফিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। এ দম্পতির দুই ছেলের মধ্যে বড় ছেলে বিন্তু খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন। আর ছোট ছেলে সৈয়দ ফাহিমুল ইসলাম ঢাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। মায়ের এ দুর্ঘটনার পর থেকে হাসপাতালেই আছেন ফাহিমুল। সান্ত¡না দিতে সকালে তার একদল বন্ধু আসেন হাসপাতালে।

ফাহিমুল বলেন, ‘কীভাবে কী হয়ে গেল, তা তো ভাবতেও পারছিলাম না। এটাই বুঝি আমাদের কপালে ছিল! আমি আইসিইউতে গিয়ে আম্মুকে দেখেছি, চোখ খুলে তাকিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, আম্মুর জোড়া লাগানো হাতের অংশে ব্লাড সার্কুলেশন হচ্ছে। ডাক্তাররাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আশা করি, বেস্ট ট্রাইয়ের মাধ্যমে আম্মু সুস্থ হয়ে উঠবেন।’

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু