ইমন-মাহি জুটি গড়লেন
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ইমন ও মাহিয়া মাহি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ব্লাড’ সিনেমায় তাদের রসায়ন দেখা যাবে।
১ মার্চ, রবিবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ‘ব্লাড’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। মাহিয়া মাহি, ইমন ছাড়াও চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রুম্মান রশিদ খানের উপস্থাপনায় ‘ব্লাড’-এর মহরতে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও এমপি আকবর পাঠান ফারুক, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সেক্রেটারি শামসুল আলম, প্রযোজক এমডি ইকবাল, ফারুক রিজভি, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, শাহীন সুমন প্রমুখ।
ইমন বলেন, ‘ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ‘পাঁচ টাকার প্রেম’ সিনেমায় অভিনয় করেছিলাম। আবারও তার পরিচালনায় কাজের সুযোগ হলো। একটা নতুন মিশন শুরু করতে যাচ্ছি আমরা। আমি ও মাহি পরিচালককে বলেছি আমরা ভালো ভাবে ছবিটির কাজ শেষ করতে চাই।’
মাহিয়া মাহি বলেন, ‘আমি যখন ক্লাস নাইনে পড়ি সেই সময় ‘লালটিপ’ সিনেমার প্রচারণার আমার স্কুলে এসেছিলেন ইমন। নায়ক ইমনকে সামনে থেকে দেখা যাবে জেনে খুব আনন্দিত ছিলাম। আমার ভীষণ পছন্দের একজন নায়ক তিনি। তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। আমরা ভালোকিছু দর্শকদের উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। ‘ব্লাড’ মুক্তির পর কোনো অ্যাওয়ার্ড নয়, সিনেমা হলের শো হাউসফুল চাই। সিনেমার ভালো সময়টা আমরা পেলাম না। এখন মানুষ আগের মতো হলে গিয়ে ছবি দেখে না। এত খারাপ সময় পার করে হয়তো একদিন সিনেমার আবার সোনালি যুগ ফিরে আসবে। সেই চেষ্টায় কাজ করছি।’
অ্যাকশন লেডি ও দ্বৈত চরিত্রে ‘ব্লাড’ ছবিতে দেখা যাবে মাহিয়া মাহিকে। মাহি আরও বলেন, ‘অগ্নি’ ছবিতে আমার মারকাট অ্যাকশন দর্শক ব্যাপকভাবে গ্রহণ করেছিল। এবারও অ্যাকশন চরিত্র, তবে আপডেট ভার্সন। ইমন খুবই মিশুক। যখন কাজ করব তখন কো-অ্যাক্টরের হেল্পফুল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের জুটিকে দর্শক পছন্দ করবে।’
পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘দর্শকদের ভালো কনটেন্ট দেখাতে না পারলে তারা ছবি গ্রহণ করবে না। ভালো কনটেন্টের জন্য দরকার মজবুত গল্প। ব্লাডের গল্প শক্তিশালী করার জন্য কাজ চলছে। স্ক্রিপ্ট গোছানো প্রায় শেষ। শিগগির শুটিং শুরু করব।’
ইমন-মাহি ছাড়াও ব্লাডে ছোটপর্দার বেশ কয়েকজন গুনি অভিনেতা-অভিনেত্রীরা কাজ করবেন। শুটিংয়ের আগেই তাদের নাম জানানো হবে বলে জানিয়েছেন ওয়াজেদ আলী সুমন।











