চসিক নির্বাচন: ভোটার উপস্থিতি বাড়ানোই চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি নির্বাচনে জয় পরাজয়ের আগে প্রার্থীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি বাড়ানো। এজন্য নির্বাচনি কৌশল ঠিক করার পাশাপাশি তারা জোর দিচ্ছেন মানুষকে কেন্দ্রমুখি করার দিকে। তাই আলাদাভাবে কর্মসূচি ঠিক করছেন বড় দুই দলের মেয়র প্রার্থী।
গেল কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায়, সবার চোখ এখন চট্টগ্রাম সিটি নির্বাচনের দিকে। যা অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু না হলেও নিজেদের মতো করে নির্বাচনি তৎপরতা চালাচ্ছেন সব প্রার্থী। তাতে সবার সামনেই এখন বড় চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি বাড়ানো। বিশেষ করে বড় দুদলের মেয়র প্রার্থীরা এজন্য বেশ তৎপর।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, কোন রাজনৈতিক সংগঠন একজন ব্যক্তিকে জোর করে ভোট কেন্দ্রে আনতে পারে না। এদেরকে সচেতন করতে হবে, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে। এবং তাদের নিরাপত্তা সরকারতো দিচ্ছেই। আমরা আমাদের প্রচার-প্রচারণায় ভোটারদের বিভিন্নভাবে উৎসাহিত করছি।
তবে এজন্য সচেতনতা বাড়ানো, ভোটারদের কেন্দ্রে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে বিশেষ কমিটি গঠন, নির্বাচন কমিশনের ইতিবাচক ভূমিকারও ওপর জোর দিচ্ছেন বিএনপি। সেই সাথে নির্বাচন দুই দিন পেছানোর কথা বলছেন দলটির প্রার্থী।
বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের ভোটগ্রহণ ২৯ মার্চ। তার আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের বন্ধ। এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। আর ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি। এই ছুটিতে নগরীর অনেক ভোটার গ্রামের বাড়িতে কিংবা বেড়াতে চলে যেতে পারে বলে ধারণা। এই কারণে দুদিন পিছিয়ে ৩১ মার্চ নির্বাচন করার দাবি জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, টানা ছুটিতে কেউ যদি বাইরে চলে যায় তাহলে ভোটাররা কেউ আসবেন না। তাই নির্বাচন কমিশন যদি ভোট ২ দিন পিছিয়ে দেয় তাহলে সাধারণ মানুষ ভোট দিতে পারবে।
ভোটের উপস্থিতি বাড়ানোর ব্যপারে তিনি বলেন, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের বুঝাচ্ছে যাতে তারা ভোট কেন্দ্রে আসে। ভোটকেন্দ্রে তাদের নিরাপত্তা সম্পর্কে অবহিত করছে যে, আপনি নির্ভয়ে ভোট দিতে পারবেন, আপনাকে কেউ ভয় দেখাবে না, আপনাকে কেউ বলবে না যে আপনি ভোট দিলে ধর্ষণের স্বীকার হবেন।
এ নিয়ে ভাবনা আছে নির্বাচন কমিশনেরও। যদিও ভোটারদের কেন্দ্রে নিতে হলে তাদের পাশাপাশি প্রার্থীদের উদ্যোগী ভূমিকা চেয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এবং আপনার ভোটটা আপনি নিজে কেন্দ্রে গিয়ে দিতে পারবেন কোন রকম ঝামেলা হবে না।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা নির্বাচনের সমস্ত পরিবেশ নিশ্চিত করবো। আপনাদের যতটুকু সম্ভব নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করবো।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলছেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা নির্বাচন কমিশনের কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করা ইসির দায়িত্ব। কেন্দ্রে ভোটার আনা কিংবা ভোটার না আসা পুরোটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর।
প্রসঙ্গত, চসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন, ৪১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২২০ এবং সংরক্ষিত ১৪টি নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- রেজাউল করিম চৌধুরী (আওয়ামী লীগ), শাহাদাত হোসেন (বিএনপি) সোলায়মান আলম শেঠ (জাতীয় পার্টি), মো. জান্নাতুল ইসলাম (ইসলামি আন্দোলন), এমএ মতিন (ইসলামী ফ্রন্ট), এমএ মতিন (ইসলামী ফ্রন্ট), আবুল মনজুর (ন্যাশনাল পিপলস পার্টি), মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (ইসলামিক ফ্রন্ট), খোকন চৌধুরী (স্বতন্ত্র) এবং মো. তানজির আবেদিন (স্বতন্ত্র)।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ মার্চ মনোনয়নপত্র বাছাই, ২ থেকে ৪ মার্চ আপিল, ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার এবং ৯ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। এরপর ২৯ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।
চট্টগ্রাম সিটিতে ভোটার রয়েছে ১৯ লাখের বেশি। ২০১৫ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৪৭ ভাগ। আর ২০১০ সালে ছিল ৫৫ ভাগ।











