,

প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন সিলেটে

news-image

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছে প্রবাসীদের রেমিট্যান্স। অর্থনীতির শক্ত ভিত গড়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান তাই অনস্বীকার্য। এবার এই প্রবাসীদের অনন্য উদ্যোগে পাল্টে গেছে গ্রামীণ এলাকার মানুষের জীবনযাপন।

দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে সম্পন্ন করেছেন তারা। যুক্তরাজ্য প্রবাসী এই বাংলাদেশিরা প্রকল্পটি বাস্তবায়ন করেছেন ২০১৭ সালে, গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামে। প্রকল্পটি বাস্তবায়নে যান্ত্রিক সীমাবদ্ধতা ছিল। বন্যাকবলিত হওয়ায় মাটির নিচে বিদ্যুতের লাইন স্থাপনে বড় ঝুঁকির কথা জানিয়েছিলেন গোলাপগঞ্জ পল্লী বিদ্যুতের দায়িত্বশীলরাও। তবে সব প্রতিকূলতা জয় করেছেন প্রবাসী উদ্যোক্তারা।

এদিকে, সরকারের একটি পাইলট প্রকল্পের আওতায় সম্প্রতি সিলেট সিটির একটি অংশে ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শেষ হয়েছে। পরে এই সাফল্য নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা হয়। চলতি বছরের মধ্য জানুয়ারিতে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অথচ সরকারি এ প্রকল্পের আংশিক বাস্তবায়নের আরও তিন বছর আগে চন্দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীরা এ ধরনের প্রকল্পের সফল বাস্তবায়ন করেছেন।

চন্দরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-ইউকের দায়িত্বশীলরা এলাকায় সড়কবাতি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন ২০১৪ সালে। ২০১৫ সালে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়ন ও পরিকল্পনায় গ্রামের চারটি সড়কের সাড়ে ১৭ হাজার ফুট অংশে ১৩৪টি পোল (খুঁটি) এবং সড়কবাতি স্থাপন কাজ শুরু হয়। মাটির দুই ফুট গভীরে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়। এলাকাবাসীকে নিয়ে ২০১৭ সালে এটি উদ্বোধন করা হয়। এর ফলে গত তিন বছর থেকে এলাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ মিলছে। এ সময়ের মধ্যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি কিংবা সমস্যায় পড়তে হয়নি। পাঁচটি বিদ্যুৎ মিটার ও সুইচ দিয়ে ১৩৪টি সড়কবাতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুরো কাজ শেষ করতে ব্যয় হয়েছে সাড়ে ১৮ লাখ টাকা। সম্প্রতি এই বিদ্যুৎ সঞ্চালন লাইন চন্দরপুর আল এমদাদ কলেজ পর্যন্ত বিস্তৃত করার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরেই এ কাজ শুরু হবে বলে জানান চন্দরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিডির দায়িত্বশীলরা। এ কাজেও যুক্তরাজ্য প্রবাসীরা অর্থায়ন করবেন।

উদ্যোক্তারা জানান, ওই প্রকল্প বাস্তবায়নে ৩৭ দশমিক ১ পয়েন্টের বৈদ্যুতিক তার এবং সহজে বাঁকানো যায় এমন পুরুত্বের প্লাস্টিক পাইপ মাটির গভীরে স্থাপন করা হয়। স্টিলের তৈরি পোলের মধ্যে দেওয়া হয় ইলেকট্রিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পাইপ। দুই পোলের মাঝখানে মাটির গভীরে দেওয়া পাইপের কোথাও জোড়া নেই। যার কারণে পানি প্রবেশ বা মাটিতে বিদ্যুৎ স্পর্শ হওয়ার কোনো শঙ্কা নেই। চন্দরপুর গ্রামের এই বিদ্যুৎ লাইন স্থাপন সফলভাবে বাস্তবায়নের পর অনুপ্রাণিত হন উপজেলার পূর্ব দেবারাই ও খাগাইল এলাকার মানুষ। তারাও একইভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করেন। ২০১৮ সাল থেকে এখানকার গ্রামগুলো সড়কবাতির আলোয় আলোকিত হচ্ছে।

চন্দরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিডির সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেন আমাদের এলাকার যুক্তরাজ্য প্রবাসী অ্যাকাউন্ট্যান্ট ও লেখক-নাট্যকার আবু তাহের। সঙ্গে আরও ছিলেন আব্দুন নূর, ব্যারিস্টার সোহেল আহমদসহ যুক্তরাজ্য প্রবাসীরা। প্রথমে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর পর দীর্ঘ আলোচনা করে সবাই একমত হয়ে মাটির দুই ফুট গভীর দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত হয়।’

তিনি আরও বলেন, এ কাজ শুরুর আগে বিভিন্ন প্রতিকূলতায় পড়তে হয়েছিল। কিন্তু গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা, প্রবাসীদের অর্থায়ন ও পরিকল্পনায় সফলভাবে তা শেষ হয়েছে। এ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্য সংহতি সাহিত্য পরিষদের সভাপতি আবু তাহের টেলিফোনে বলেন, ‘চন্দরপুরকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শুধু বিদ্যুৎ নয়; গ্রামের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও আমরা কাজ করছি।’

গ্রামের ফয়জুর রহমান বলেন, সড়কবাতি স্থাপনের পর থেকে গ্রামে চুরি-ডাকাতি বন্ধ হয়ে গেছে। পুরো গ্রামের সড়ক আলোকিত হওয়ায় রাতে মসজিদে যেতে এবং চলাচল করতে খুবই সুবিধা হয়েছে।

প্রবাসীদের এ উদ্যোগ প্রশংসনীয় জানিয়ে সাবেক ইউপি সদস্য আবু সুবহান বলেন, ‘চন্দরপুরে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন সফলভাবে বাস্তবায়ন করায় বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামবাসী একইভাবে সড়কবাতি স্থাপন করার পরিকল্পনা করছেন। আমাদের কাছ থেকে এ বিষয়ে তারা ধারণা নিয়েছেন। আমরাও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি।’

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ভূগর্ভে বিদ্যুৎ লাইন স্থাপন করে সড়কবাতি জ্বালানো একটি সাহসী পদক্ষেপ ছিল। যুক্তরাজ্য প্রবাসীরা এ ক্ষেত্রে সফল হয়েছেন। যার ফলে দেশের মধ্যে প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের গৌরবে চন্দরপুর গ্রামবাসী গৌরবান্বিত। তিনি আরও বলেন, সব এলাকার প্রবাসীরা নিজ নিজ এলাকার উন্নয়নে আরও বেশি করে সম্পৃক্ত হলে দেশের অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা