সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। যুব উন্নয়ন কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে সরকারের গৃহীত কোনো প্রদক্ষেপ এখানে আলোর মুখ দেখছে না দীর্ঘদিন ধরে। একই কর্মস্থলে দীর্ঘ সময় কাজ করার সুবাধে স্থানীয় মধ্যস্বত্বভোগীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন যুব কর্মকর্তা নাজমা বেগম। এ সখ্যতাকে পুঁজি করে কিছুসংখ্যক যুব মহিলা ও যুবকদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে আর্থিক সুযোগ নিচ্ছেন তিনি। সরকারের নির্দেশনা থাকলেও প্রশিক্ষিত যুবদের ঋণ না দিয়ে প্রকল্প ছাড়াই চল্লিশোর্ধ্ব বয়সের সদস্যদের যুব ঋণ দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এ যুব উন্নয়ন কর্মকর্তা।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস অনুষ্ঠানে সাতজনকে ২ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। একজনকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে ঋণ দাতাদের বয়স নিয়ে মুখরোচক আলোচনা-সমালোচনা করেন অনেকে।

এছাড়াও উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প কাজের দায়িত্ব পাওয়ার সুবাধে অর্থ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে এ যুব কর্মকর্তাকে ঘিরে। যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমের এসব কার্যকলাপে ক্ষুব্ধ প্রশিক্ষিত যুব সংগঠনের সদস্যরা।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত একাধিক সফল আত্মকর্মী অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিলেও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগমের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে এখানে থমকে আছে যুব কার্যক্রম।

অনিয়ম ও দুর্নীতির কথা অস্বীকার করে যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম বলেন, প্রকল্প ছাড়া কাউকে ঋণ দেয়া হয়নি। যখন উনারা প্রশিক্ষণ দেন তখন যুব ছিলেন। প্রশিক্ষণের বরাদ্দের টাকা প্রশিক্ষকরাই নিয়েছেন। এখানে একজন ঋণ গ্রহীতার বয়স একটু বেশি।