সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার নতুন বই ‘আমাদের ছোট রাসেল সোনা’

news-image

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রকাশিত হয়েছে। শিশু-কিশোরদের উপযোগী হলেও সব বয়সের পাঠকদের কাছে বইটি গ্রহণযোগ্য হয়েছে। শেখ রাসেলের জন্মগ্রহণ থেকে শুরু করে তার জীবনকাহিনী এবং ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাপ্রবাহ বইটিতে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা বইটি লিখেছেন গল্প বলার আকারে। সহজ-সরল ভাষায় লেখার কারণে শিশুদের জন্য অনন্য এক গ্রন্থ হিসেবে ইতিমধ্যে সাড়া ফেলেছে বইটি।

শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নিহত হন। বইটিতে শেখ হাসিনা শেখ রাসেলের ছোটবেলা থেকে শুরু করে পুরো জীবনের অনেক ঘটনা, জীবন-যাপন, মা-বাবা, ভাই-বোনের সঙ্গে তার সময় কাটানো, পড়ালেখা, মুক্তিযুদ্ধ চলাকালে স্বজনদের সঙ্গে বন্দিজীবন, ঘাতকদের হাতে নিহত হওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। খবর বাসসের

বইয়ের ২১ পৃষ্ঠায় শেখ হাসিনা লিখেছেন, ‘আব্বার সঙ্গে প্রতি ১৫ দিন পর আমরা দেখা করতে যেতাম। রাসেলকে নিয়ে গেলে ও আর আসতে চাইত না। খুবই কান্নাকাটি করত। ওকে বোঝানো হয়েছিল যে, আব্বার বাসা জেলখানা আর আমরা আব্বার বাসায় বেড়াতে এসেছি। আমরা বাসায় ফেরত যাব। বেশ কষ্ট করেই ওকে বাসায় ফিরিয়ে আনা হতো। আর আব্বার মনের অবস্থা কী হতো, তা আমরা বুঝতে পারতাম। বাসায় আব্বার জন্য কান্নাকাটি করলে মা ওকে বোঝাতেন এবং মাকে আব্বা বলে ডাকতে শেখাতেন। মাকেই আব্বা বলে ডাকত।’

বাংলাদেশ শিশু একাডেমি থেকে বইটি সম্প্র্রতি প্রকাশিত হয়েছে। বইটি শিশুদের উৎসর্গ করে শেখ হাসিনা লিখেছেন ‘বিশ্বের সকল শিশুদের প্রতি ভালোবাসা।’ বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাসুক হেলাল। ৫৬ পৃষ্ঠার বইটি অফসেট কাগজে ছাপা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে রাসেলের একটি ছবি দিয়ে বইয়ের শুরু। পুরো বইতে মা, বাবা, বোন, ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার ২৪টি ছবি ছাপা হয়েছে। বইটির দাম ১৫০ টাকা।

বইয়ের প্রকাশক আনজীর লিটন বলেন, ‘আমাদের ছোট রাসেল সোনা’ ইতিমধ্যে শিশুদের মধ্যে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। বিপুল সংখ্যক কপি বিক্রি হয়েছে। ঢাকায় শিশু একাডেমির বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক