প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
অনলাইন ডেস্ক : দেশের সব পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন হওয়ায় নির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে পরীক্ষামূলক কর্মসূচি (পাইলট স্কিম) চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ আইনের প্রয়োজনীয়তা ব্যাপক। এজন্য বিভিন্ন দেশের প্রচলিত আইন পর্যালোচনা করে সেগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসাব্যয়ের চাপ কমাতে স্বাস্থ্যবিমার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সাধারণ মানুষকে নিজেদের পকেট থেকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে, যা অত্যন্ত কষ্টদায়ক।
নারীদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, গর্ভকালীন সময়ে নারীদের বিব্রতকর ও অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে সুরক্ষা দিতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সমন্বিত সেবাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, এসব কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণের পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনে এ ধরনের প্রযুক্তির সফল ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, কম খরচে দেশের উপজেলা পর্যায়ে এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











