সংসদ ভবনের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা পর্যবেক্ষণ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ অক্টোবর) দশম জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় মার্কিন স্থপতি লুই আই কানের মূল নকশাটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এসময় তিনি নকশা সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিতিতে প্যানসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ভবনের নকশাটি প্রধানমন্ত্রীর সামনে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির। তিনি ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের নকশা ও নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। সে সম্পর্কে বিস্তারিত জানান স্থপতি গোলাম নাসির।
এ সময়ে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৬ সালে ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির মহাফেজখানা (আর্কাইভ) থেকে পাঠানো নকশাগুলো হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাষ্ট্র থেকে ৪১টি বাক্সে করে নকশাগুলো আনা হয়। লুই কানের নকশা ভেঙে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা বিভিন্ন সময়ে নির্মিত হয়। মূল নকশা পাওয়ার পর সেগুলো সরানো হবে বলে এর আগে জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২০১৪ সালে সংসদ ভবনের স্থপতি লুই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডম-এর সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদপ্তর। নকশাগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।
উল্লেখ্য, ১৯৬১ সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে বর্তমান সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। সে সময় স্থপতি মাজহারুল ইসলামকে এই ভবনের স্থপতি নিয়োগ করা হয়। তার প্রস্তাবেই লুই কান এই প্রকল্পের প্রধান স্থপতি হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালের ২৮ জানুয়ারি দৃষ্টিনন্দন এই স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
মুক্তিযুদ্ধ পরবর্তীতে লুই কান কয়েকবার বাংলাদেশে কাজের জন্য আসেন। কিন্তু শেষ পর্যন্ত মূল নকশা সংশ্লিষ্ট কিছু ‘প্ল্যান’ তিনি হস্তান্তর করতে পারেননি। পরে এ নিয়ে কোনো সরকার আগ্রহ দেখায়নি। ২০১৩ সালের ২ জুন সংসদ কমিশনের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন সংরক্ষণে মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু না করার বিষয়ে মত দেন।











