ফের ইউনাইটেডে চিকিৎসার দাবি বিএনপি মহাসচিবের, খালেদা জিয়ার চিকিৎসায় বোর্ড গঠনের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দ-িত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় পূর্বের ন্যায় আবার মেডিকেল বোর্ড গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত এই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন।
রোববার সচিবালয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সাত সদস্যের বিএনপি প্রতিনিধি দল খালেদা জিয়াকে গুরুতর অসুস্থ উল্লেখ করে তার সুকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতাল অথবা এপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে পাঠানোর দাবি জানান।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নেতারা খালেদার চিকৎসার বিষয়ে আলোচনা করার জন্য মন্ত্রণালয়ে এসেছিলেন। বিএনপি চেয়ারপারসন বর্তমানে দুর্নীতি মামলায় দ-িত হয়ে কারাগারে আছেন। তিনি অসুস্থ এবং দিনে দিনে অসুস্থতার মাত্রা বাড়ছে বলে প্রতিনিধি দলটি আগের মত আবার আমাকে জানিয়েছেন। আগে মৌখিকভাবে জানালেও এবার লিখিত আবেদন করেছে বিএনপি।
তিনি বলেন, এর আগে শুধু ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার কথা জানালেও এবার তারা এ্যাপোলো হাসপাতালের কথা বলেছেন।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির দাবির বিষয়টি আমরা স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) দায়িত্ব দিয়েছি। তারা যত দ্রুত সম্ভব একটি মেডিকেল বোর্ড গঠন করবেন। এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও কারা চিকিৎসকরা থাকবেন। তারা যদি মনে করেন সরকারি হাসপাতালে এই সব চিকিৎসা ও সেবা নেই তখন তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই সুপারিশ অনুযায়ী সব ব্যবস্থা করা হবে।
খালেদা জিয়া অনেক আগে থেকেই আর্থারাইটিস রোগে আক্রান্ত জানিয়ে কামাল বলেন, এজন্য তার পছন্দ অনুযায়ী একজন নারী সহকারী রাখা হয়েছে। তাছাড়া একজন ফিজিও থেরাপিস্ট, একজন চিকিৎসক ও একজন ফার্মাসিস্ট একদিন পর পর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। জেল কোড অনুযায়ী তাকে যেসব সুবিধা দেওয়া সম্ভব, তার সবই দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
জেলকোড অনুযায়ী বেসরকারি বা বিশেষায়িত হাসপাতালে পাঠানোর সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে মেডিকেল বোর্ড সুপারিশ করলে বা আদালতের কোনো নির্দেশনা থাকে সেটা আলাদা বিষয়। আমি জানিয়েছি, জেলকোড অনুযায়ী তার জন্য যা যা করা সম্ভব সবই করবো।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রণালয়ে অপেক্ষমান সাংবাদিকদের জানান, আমাদের চেয়ারপারসন এখন কারারুদ্ধ। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। সেই বিষয়টি নিয়ে আমরা মন্ত্রীর কাছে এসেছিলাম। ইতিপূর্বেও আমাদের একটি প্রতিনিধি দল এসেছিল। আমরা তাকে অনুরোধ করেছি, তাকে যেন একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। আর সেটা যেন ইউনাইটেড হাসপাতাল হয়। মন্ত্রী আমাদের জানিয়েছেন, যারা দায়িত্বে আছেন, সচিব, আইজি প্রিজন ও অন্যদের সঙ্গে আলাপ করে বিষয়টি দেখবেন। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের সঙ্গেও কথা বলবেন।











