প্রধানমন্ত্রীর বক্তব্যে পুরো জাতি হতাশঃ ফখরুল
গণভবনে রোববারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে গোটা জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটির বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হতাশজনক। তিনি নির্বাচন ও জনগণের অধিকার প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা সমস্ত জাতিকে হতাশ করেছেন।
বর্তমানে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজনকে বড় সংকট উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই ক্রান্তিকালীন সময়ে এসে সবাই প্রধানমন্ত্রীর কাছে যা প্রত্যাশা করেছিল, তা সম্পূর্ণ হতাশার। প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু সংবিধান তো তারাই পরিবর্তন করেছেন। জনগণের রায় নেওয়ার কোনও ইচ্ছাই সরকারের নেই। বিরোধী দল যে সমান সুযোগ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে- এমন নির্বাচন আয়োজনের ইচ্ছাও তাদের নেই। এর মধ্য দিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থার দিকেই এগুচ্ছে।
সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক মন্তব্যের পর বিএনপি কি করবে- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমাদের পথ জনগণ। জনগণই সব নির্ধারণ করবে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনা আমাদের দাবিই নয় এটি জনগণের দাবি। সরকার বলেছে গণতন্ত্র আছে, কিন্তু বিরোধী দলের ওপর দমনপীড়ন অব্যাহত আছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। তারা জনগণের প্রতিনিধিত্ব হিসেবে ইতিবাচক কথা বলবেন বলে আশা করি। একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করবেন।
নির্বাচন হবেই এবং তা ঠেকানোর কেউ নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, জনগণই সকল অগণতান্ত্রিক ব্যবস্থাকে পরাজিত করবে। এসব বলেই সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের সকল পরিকল্পনা ভেঙ্গে দিতে হবে।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটার বিষয়ে আগেই বলেছি। আমরা ইভিএম সম্পূর্ণ প্রত্যাখান করেছি।











