মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যোগাযোগে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বিএনপি

news-image

আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বিএনপি। দায়িত্বশীল নেতারা একে একে নিস্ক্রিয় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বর্হিবিশ্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

বিএনপির পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে কার্যকর যোগাযোগ রক্ষা করতেন সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক সমশের মবিন চৌধুরী বীর বিক্রম। ১৯৭১-এর রণাঙ্গনে তিনি আহত হয়েছিলেন। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে জামায়াতের সঙ্গে বিএনপি জোটের সবসময়ই বিরোধী ছিলেন তিনি। এ বিরোধ প্রকাশ্য হয়ে পড়লে সৃষ্ট মতবিরোধের কারনেই তিনি ২০১৫ সালের ২৮ অক্টোবর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন। সমশের মবিন চৌধুরী এক সময়ে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করলেও দলীয় কাউন্সিলে তাকে কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান করা হয়েছিল।

একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ রাখতেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান। তিনি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি গুলশানে তার উপর হামলা হয়। সে সময়ে তিনি গুলিবিদ্ধ হন এবং তার গাড়ি পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনার পর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব অব্যাহত রাখলেও তিনি নিজ থেকে আর্ন্তজাতিক যোগাযোগ কমিয়ে দেন। দাতা দেশ ও সংস্থাগুলোর বৈঠকে তাঁর দায়সারা উপস্থিতি দলের কোনো কাজে আসছে না।

এদের পরেও বিএনপির জন্য কাজ করে যাচ্ছিলেন সাবেক সচিব ও ক’টনীতিক সাবিহ উদ্দিন আহমেদ। গত বছর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনিও নিস্ক্রিয় হয়ে পড়েন। ফলে পেশাদার কূটনীতিকদের হারিয়ে বিএনপি আন্তর্জাতিক যোগাযোগ দলের নেতারাই সক্রিয় হয়ে ওঠেন। সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী সক্রিয় হয়ে উঠলেও বহিবিশ্বে তাদের যোগাযোগ যৎসামান্য। ফলে কার্যকর কোনো সফলতা আসেনি।

এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আরো অনেকেই আন্তর্জাতিক যোগাযোগ রক্ষার চেষ্টা করলেও তাতে কোনো ফল আসছে না।

আন্তর্জাতিক যোগাযোগে তেমন কোনো সাফল্য না আসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই উদ্যোগী হয়ে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেন। চলতি বছরের শুরুতে ১৪টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকসহ সবগুলো বৈঠকেই নিজে উপস্থিত থেকে দলের অবস্থান ব্যাখ্যা করছেন তিনি। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জেল পরবর্তী সবগুলো যোগাযোগের ফোকাল পয়েন্টে তিনি থাকছেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধের মামলায় পলাতক সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক আমেরিকায় জাতিসংঘসহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন। আমেরিকা প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীও বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন। জাতিসংঘের বিভিন্ন ব্রিফিংয়ে উপস্থিত থেকে নানা বিষয় তুলে ধরছেন এবং প্রশ্ন করছেন।

এ বিষয়ে দলের এক নেতা এ প্রতিবেদককে জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলনে বিদেশীদের সমর্থন আদায় ও সরকারের উপর চাপ সৃষ্টিতে বিএনপি কার্যত ব্যর্থ হয়েছে। জামাত ইস্যুতে আন্তর্জাতিক ভিন্নমতের বিরুদ্ধে দলের পক্ষে জোরালো বক্তব্য প্রদান ও লবিং করার মতো কেউ না থাকায় অনেকটা বন্ধুহীন ছিল বিএনপি। সম্প্রতি মহাসচিবের উদ্যোগ ছোট ছোট সাফল্য আসলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।