মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সময় ফুরিয়ে এসেছে : নোমান

news-image

আওয়ামী লীগের শক্তি কমে এসেছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, শেষ সময়ে সকল সরকার স্বৈরাচারী হয়ে যায়। আওয়ামী লীগ এখন সেই পথে হাঁটছে। তাদের সময় শেষ হয়ে এসেছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মানবন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানান নোমান। একই সাথে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানান তিনি।

নোমান বলেন, দেশে সুশাসন নেই; দেশ অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে।

তিনি বলেন, কোমলমতী শিক্ষার্থীদের আন্দোলন কোন রাজনৈতিক দলের ছিলো না। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিয়েছে সরকার টেকার মতো নয়, সরকারকে মেরামত করতে হবে।

শিক্ষার্থীদের প্রথমে সমর্থন জানানো ছিলো সরকারের একটা কৌশল এমন কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সমস্তজাতি যখন এক তখন সরকার শিক্ষার্থীদের সমর্থন জানায়। এরপরে তাদের চিরায়ত স্বভাব প্রকাশ প্রায়, শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে। এই হামলা থেকে সাংবাদিকরাও রেহায় পান নাই।

তিনি বলেন, সরকার স্বৈরচারী কর্মকান্ড বাড়িয়ে দিয়েছে। তারা সাধারণ মানুষ সহ বিএনপি কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে।

আয়ুব খান, এরশাদ তাদেরও হাতিয়ার ছিলো লাঠি আর টিয়ারগ্যাস। বর্তমান সরকারের হাতিয়ার এখন তাই উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বৈরচারী শাসক হয়েছে। সংবিধান মানছে না। তারা সংবিধানের রক্ষক হয়ে ভক্ষণ করছে।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিরিন সুলতানা প্রমুখ।