মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সূচনা, ২২ সেপ্টেম্বর বিএনপিকে নিয়েই এক মঞ্চে আসছে রাজনৈতিক দলগুলো
আগামী ২২ সেপ্টেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রাথমিক সূচনা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে থাকা ১৪ দল ও বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো বিএনপিকে নিয়েই এক মঞ্চে আসছেন জাতীয় নেতারা। তবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে। কাঠামোগতভাবে কিছুই এগোয়নি বলে জানালেন নেতৃবৃন্দ।
সূত্র জানায়, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মহাসমাবেশে উপস্থিত থাকতে পারেন। এর বাইরে সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এই মহাসমাবেশের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে এই সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশের অনুমতির জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
এদিকে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা বলছেন, এটাকে এখনই বলা যাবে না জাতীয় ঐক্য বা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য হয়েছে। মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সূচনা হতে পারে। কারণ যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে লিখিত ভাবে একটি সুনির্দিষ্ট অবস্থানে আসতে না পারবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না ঐক্য হয়েছে।
ঐক্যের বিষয়ে আশাবাদি বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসন ড. এমাজউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। দলগুলোর মধ্যে আলোচনা চলছে। অনেকের শক্ত দাবি দাওয়া রয়েছে। সেগুলো মিমাংসা করেই লিখিতভাবে যতক্ষণ দলগুলো একটি অবস্থানে না আসতে পারছে, ততক্ষণ বলা যাবে না জাতীয় ঐক্য হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের মাধ্যমে দলগুলো এক মঞ্চে আসছে এটা সূচনা মাত্র। সবগুলো মিলিয়ে কথাবার্তা হচ্ছে। বড়সড়ো একটা সমাবেশে সবাই কথা বলে একমত হয় তখন জাতীয় ঐক্য জীবন্ত হবে। তার আগ পর্যন্ত এটা আলোচনার পর্যায়ে আছে এটাই ভাববো। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ঐক্য হয় তাহলে জাতীয় নির্বাচনের আগে এটা কার্যকর হবে।
আর এই মহাসমাবেশের উদ্যোক্তা বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে তিনি সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার অর্থ এই নয় যে, আমি একজন ষড়যন্ত্রকারী। কিছু বললেই তারা (সরকার) সবখানে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে বেড়ান। এটা তাদের সীমাবদ্ধতা। মানুষ পরিবর্তন চায়। ভোটের অধিকার ফিরে পেতে চায়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এটাকে জাতীয় ঐক্য মনে করি না। কারণ জাতীয় ঐক্য বিদেশি শক্তির বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হলে তার একটা যুক্তি আছে। এখানে তো ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সঙ্গে যারা আছেন তারা থাকছেন না। তাহলে এটাকে জাতীয় ঐক্য বলবেন কেন? তবে গণতন্ত্রের স্বার্থে একটা বৃহত্তর গণতান্ত্রিক শক্তির ঐক্যের দরকার। আরেকটি হচ্ছে গণতান্ত্রিক ঐক্য প্রক্রিয়ার জন্য ড. কামাল যেটা করছেন ওইটার মধ্যে তো আমরা নেই। আমরা তো যুক্তফ্রন্ট করেছি।
ঐক্য প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে সাবেক এই ছাত্রনেতা জানান, এটা ঠিক কোন পর্যায় বলা যাবে না। ধরেন যত দিন যাচ্ছে সরকারের স্বেচ্ছাচারী আচারণ বেশি প্রকাশিত হচ্ছে। সবাই অনুভব করছেন আমাদের কাছাকাছি আসার দরকার। তারই একটা প্রতিফলন এবং আমি সেটা বলছি যে এটা আমাদের দরকার। এরবেশি কাঠামোগতভাবে কিছুই এগোয়নি। ড. কামাল যেটা বলছেন, মহাসমাবেশের কথা বলছেন ওটা ওনার শক্তিতেই করছেন। অন্যান্যদের হয়ত তিনি পরে বলবেন বা না বলবেন। সেটা কিছু জানি না আমি।











