বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সাথে দূরত্ব ঘোচাতে এখন আওয়ামী লীগের করণীয় কী?

news-image

এই উত্তাল সময়কে নিজের মত করে পর্যবেক্ষন করেছি। বিচ্ছুরা রাস্তায় নেমে আসায় আবেগে বুকে কান্না উৎলে উঠেছে। গণমাধ্যমের বোবা-ভূমিকায় বিদীর্ণ হয়েছি। মিডিয়ার টুঁটি টিপে ধরার খবরে বিরক্ত হয়েছি। সাংবাদিক ও শিক্ষার্থীদের উপরে হামলায় ক্রোধান্বিত হয়েছি। তবু উৎকর্ণ হয়ে থেকেছি সারাক্ষণ।

ফেসবুকে, টিভিতে চোখদুটো আটকে গিয়েছিল। কমিউনিটির সম্মানিত নাগরিকদেরকে বিনা-নোটিশে ধরে আনায় ক্ষুব্ধ হয়েছি। আল-জাজিরার যে সাক্ষাৎকার নিয়ে দেশে-বিদেশে রব উঠেছে সেটি দেখেছি।আজ বুধবার দুপুর বেলায় আল-জাজিরায় তথ্যমন্ত্রীর লাইভ ইন্টারভিউটাও দেখেছি।সব দেখে-শুনে কয়েকটা পর্যবেক্ষণ তৈরি হয়েছে ও প্রশ্ন জেগেছে। এগুলোকে বলা যেতে পারে এই কয়েকদিনের ঘটনার সারৎসার।

১. এই দেশের মানুষের সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের হাতে কোনো বিকল্প না থাকা। মানে বিএনপি-আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশান না থাকা।

মুক্তিযুদ্ধকে সম্মান করে, বঙ্গবন্ধুকে জাতীর পিতা হিসেবে মেনে নেয়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলের স্বার্থে পরিবর্তন করে নেয় না, দলবাজী-দুর্নীতি ইত্যাদিকে আস্কারা দেয় না, দেশে সুশাসন নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ এবং অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের বাকস্বাধীনতা ও মানবিক উন্নয়নের দিকে জোর দেয় এমন কোনো বিকল্প রাজনৈতিক দল বাংলাদেশে নেই।

২. এই সরকার কি অনির্বাচিত? সংবিধান মেনে এই সরকার কি নির্বাচন দিয়ে সরকার গঠণ করেনি?

৩. যদি সংবিধান মেনে, সরকার গঠণ করা হয় তাহলে এই সরকারকে কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘আনইলেকটেট গর্ভনমেন্ট’ বলতে পারে? দেশি বা বিদেশী কোনো গণমাধ্যমে কি এই সরকারকে সেভাবে তুলে ধরা জায়েজ?

৪. শিক্ষার্থীদের আন্দোলনটি কি সরকার বিরোধী বা সরকার পতনের জন্য কোনো আন্দোলন ছিল? নাকি এই আন্দোলনটি ছিল নিরাপদ সড়কের দাবীতে? যদি এই আন্দোলনে যুক্তরা নিরাপদ সড়কের দাবীতেই রাস্তায় নেমে থাকে তাহলে সেটিকে ‘লার্জার দেন দ্যাট’ বলে একটা সরকার-বিরোধী আন্দোলনের রং/আভাস/বার্তা দেয়াটা কতখানি সৎ বক্তব্য?

৫. আইনের লোক আর বেআইনের লোকের কাজকর্মের মধ্যে ফারাক থাকে। প্রথাগতভাবে সেটিই আমরা শিখেছি। কিন্তু আইনের লোক যখন বিনা-নোটিশে রাতের অন্ধকারে গিয়ে বাড়িতে হাজির হয়ে কাউকে হিড়হিড় করে টেনে নিয়ে আসে তখন সেই আইনী কাজ কতখানি যৌক্তিক হয়?

যদি কোনো ব্যক্তি তার কথা ও কাজ দিয়ে রাষ্ট্রের আইন ভঙ্গ করে বা দেশের শান্তি ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে তাহলে নিশ্চয়ই তাকে আইনের আওতায় আনার জন্য একটা নির্ধারিত প্রক্রিয়া আছে? যে ব্যক্তি আউট-ল নয়, যে ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই ব্যক্তিকেও আইনী প্রক্রিয়ায় আনতে গিয়ে কেন অতর্কিতে তুলে নিয়ে আসতে হবে?

৫. চারিদিকে অনেক ‘গুজব’ শোনা যাচ্ছে।

-কেউ বলছে, সরকার-সমর্থক স্টুডেন্ট উইং হেলমেট পড়ে হামলা করেছে।
-কেউ বলছে, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনীতির মোড়ক পড়িয়ে ফায়দা নিতে চেয়ে সরকার বিরোধী বিভিন্ন পক্ষ এতে ষড়যন্ত্র করেছে এবং হেলমেট পড়ে হামলা করেছে।
-কেউ বলছে, ‘এতোজন’ নিহত হয়েছে। কেউ বলছে গুজব।
-কেউ বলছে, লাশ পড়েনি এই ছুতোয় পিটিয়ে রক্তাক্ত করার খবরকে ধামাচাপা দেয়া হচ্ছে।
-কেউ বলছে, মিডিয়াকে সত্য প্রচারে বাধা দেয়া হয়েছে।
-কেউ বলছে, সরকার সমর্থক হবার কারণে মিডিয়াগুলো নিজে থেকেই সেলফ-সেন্সরশীপ আরোপ করেছে।
-কেউ বলছে, সরকার বিরোধী নানা পক্ষ-যেখানে এক্সট্রিম ডানপন্থী থেকে শুরু করে ডানপন্থায় হেলে থাকা মধ্যমপন্থী এবং এক্সট্রিম বাম– এই ছাত্র-আন্দোলনের মুখোশ পড়ে দেশী-বিদেশী নানা প্র্যাটফর্মে নাগরিক সমাজ বা সুধী সমাজ বা সুশীল সমাজ বা সচেতন সমাজের মোড়কে আসলে নিজেদের গোপন এজেন্ডা পালন করে চলেছে।
-কেউ বলছে, ‘এতোজন গ্রেফতার’, ‘এতোজন আটক’। ‘এতোজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিতে হয়েছে’।
-কেউ বলছে, সব গুজব। কোনো আটকের ঘটনি ঘটেনি। কোনো গ্রেফতার, মুচলেকা ঘটেনি।
-কেউ বলছে, যারা ধৃত হয়েছে তারা উগ্রপন্থী।
-কেউ বলছে, উগ্রপন্থীদের নাম ভাঙিয়ে বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান।
-কেউ বলছে, যেই যায় লংকায় সেই হয় রাবণ।
-কেউ বলছে, সুখে থাকলে ভূতে কিলায়। তাই, ‘সুখে থাকার কারণেই’ উন্নয়নকে স্বীকার না করে খালি সরকারের ছিদ্র খুঁজে বেড়াচ্ছে একদল।

বোঝা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে। বহুত, বহুত ঘোলাটে। এই ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার করার দায়িত্ব কার?

আমি বলবো, সরকারের।

সরকার প্রো-অ্যাক্টিভ হয়ে কিছু কাজ করতে পারে। যেমন, সরকার যে আসলেই শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীকে হৃদয়ঙ্গম করেছে এবং সরকার যে সত্যিকার অর্থে ‘বিভিন্ন পক্ষের স্যাবোটাজকে প্রতিরোধ করেছে’ সেটির একটা খতিয়ান সরকারের পক্ষ থেকে দুই একদিনের মধ্যে মিডিয়া ও গণমানুষকে জানানোর একটা উদ্যোগ নিতে পারে।

-এই জন্য সরকারের উচ্চ পর্যায়ের কেউ তথ্যমন্ত্রী/স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরতে পারেন। সাংবাদিকদেরকে প্রশ্নোত্তরের সুযোগ দিতে পারেন।

অথবা

– সরকারের থেকে সবুজ সংকেত নিয়ে পুলিশের বড়কর্তা সংবাদ সম্মেলন ডেকে একটা বিস্তারিত বিবরন দিতে পারেন। গত দশ দিনের কী ছিল পরিস্থিতি? এখন সেটি কী হয়েছে? কতজন ধৃত? ধৃতদের প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক পরিচয় কী? তারা কোন অপরাধে ধৃত? কোন আইনে? ধৃতদের বিচার এখন কোন পর্যায়ে আছে? সেইসব খতিয়ান থাকতে পারে। পাশাপাশি, পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকাকেও প্রশ্নোত্তরের মাধ্যমে মিডিয়া ও জনগণের সামনে খোলাসা করার সুযোগ আসবে। এর মাধ্যমেই হয়তো পুলিশের সামনেও সুযোগ আসবে আত্মপক্ষ সমর্থনের, দোষ-স্থালনের।

-এই কয়েকদিনের হামলা-সহিংসতায় যেসব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হয়েছে তাদের সকল খরচ সরকার বহন করার ঘোষণা দিতে পারে।

কথা বলার মাধ্যমে দূরত্ব ঘুচিয়ে নেয়া যায়। ঢাক ঢাক গুড় গুড় করার সংস্কৃতি মানুষের মধ্যে সন্দেহ বাড়ায়। সন্দেহের সুযোগে দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়লে বন্ধুও দূরে যেতে যেতে, অবন্ধু হতে হতে একসময় এমনকি প্রতিপক্ষ বা শত্রুতে পরিণত হয়।

দেশ পরিচালনা করতে গেলে সরকারের পক্ষে শুধু সরকারী এপেরেটাসগুলো দিয়ে দেশ পরিচালনা করা যায় না। প্রয়োজন, দেশের গণমানুষের সহযোগীতা ও সমর্থন। কিন্ত মনে ভয় ও সন্দেহ নিয়ে ভালোবাসা হয় না।

সামনেই জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বলপ্রয়োগ সুকৌশল নয়। তারা নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো যদি সরকার গঠণ করতে চায় তাহলে মানুষের মন থেকে সন্দেহ দূর করার দিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। নইলে, ভবিষ্যতে সময় আরো কঠিণ হবে।

কারণ, শুধু বল-প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র শাসন করা গেলেও সেই রাষ্ট্রের নাগরিকদের হৃদয়ের সমর্থন মিলবে না। আর সমর্থন যদি না মিলে তখনই লোকে নানা কথা বলবে। সংবিধানের আইন মেনে ক্ষমতায় আসলেও লোকে বলবে, ‘চোরা-গোপ্তা পথে’ ক্ষমতায় আসা হয়েছে।

এমনকি, কেউ যদি এই কথাও বলে বসে যে, ‘আনইলেকটেড সরকার’ তখন তাকে আপনি জনতার কাঠগড়ায় আনতে পারবেন না। কারণ আপনার মন দূর্বল থাকবে। তখন তাকে বল প্রয়োগ করে রাতের অন্ধকারে কারাগারে ধরে নিয়ে যেতে হবে।

আর যখনই রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে যাওয়া হবে, তখনই দেশে-বিদেশী বিভিন্ন পক্ষ কথা বলে উঠবে। এতো কণ্ঠস্বর রোধ করা যাবে না।বরং যত রোধ করার চেষ্টা হবে ততই সেটা বাড়বে। ততই গুজবও বাড়বে। আর জানেনই তো, এই দেশেই প্রবাদে বলে যে, যাহা রটে তার কিছু না কিছু ঘটে।

তাই, রোগ সারানোর চেয়ে রোগ যেনো না হয় আগেই সেই বন্দোবস্ত নিয়ে রাখা ভালো। সেই পুরনো ইংরেজী প্রবাদ আরকি, প্রিভেনশান ইজ বেটার দেন কিউর।

গায়ে পড়ে এতো কথা বললাম বটে। কিন্তু আমাকে দয়া করে শত্রুজ্ঞান করবেন না। কথাটা কে বললো সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, কোন কথাটা বলা হলো সেটির যৌক্তিকতা যাচাই করে দেখা।

আমি পর্যবেক্ষণকারী মাত্র। আমার দেখা নির্ভুল; আমার দেখা অর্জুনের তীরের মতন লক্ষভেদী-সেই দাবী আমি করছি না। আমার পরামর্শ ধন্বন্তরী ওষুধ হিসেবে কাজ করবে, সেই দাবীও করছি না।

তবে, আমাদের দেশেই প্রবাদে বলে যে, কাঙালের কথা বাসী হইলে ফলে। এই দেশ রাজাকারের গাড়িতে পতাকাও দেখেছে। আবার মুক্তিযুদ্ধ নিয়ে বেসাতি করা বণিককেও দেখেছে।

নির্বিকল্প হয়ে যাওয়া মানুষের রাগ ও ক্ষোভকে বিবেচনায় নিন। পায়ে দলনের কৌশল সবসময় সুকৌশল নয়। আওয়ামী বিরোধী যে জনমত তৈরি হয়েছে সেটিকে গুরুত্ব দিন এবং দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিন।

নইলে দিন শেষ ক্ষতি যা হবার এই দেশটারই হবে। কারণ, আপনারা তো চলে যাবেন অন্য দেশে। কিন্তু আমার মতন কাঙালের তো এই দেশটাই সম্বল। তাই, দেশটাকে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বলি, নিজেদের রেষারেষি আর জেদাজেদির কারণে এই দেশটাকে আরেকটা আফগানিস্তান বা পাকিস্তানের দিকে নিয়ে যাবেন না।

[লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া]