মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন শাজাহান খান

news-image

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে নিহত কলেজ শিক্ষার্থীদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। একই সঙ্গে হাসিমুখের অভিব্যক্তির জন্য ক্ষমা চাইলেন তিনি।

শাজাহান খান বলেন, সেই দিন ওই ঘটনার পরে আমার হাসিমুখের অভিব্যক্তির জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা যারা আমার আচরণে দুঃখ পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

নৌমন্ত্রী আরো বলেন, সেদিন ঘটনা সম্পর্কে সাংবাদিকরা আমার কাছে যখন জানতে চায়, আমি তখনও সে বিষয়ে কিছু জানি না। তাই স্বভাবসুলভ ও স্বাভাবিকভাবেই বলেছি, যে অপরাধী তাকে শাস্তি পেতে হবে, এবং আজ যে বিষয় নিয়ে আমরা এখানে বসেছি সেই বিষয় নিয়ে আলোচনা করি। যখন কথা বলছিলাম তখন আমার মুখটি ছিলো হাস্যোজ্জ্বল। যা অনাকাঙ্ক্ষিত। যা দেখে আপনারা কষ্ট পেয়েছেন। আপনারা বিষয়টি নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সেদিনের দুর্ঘটনার জন্য দোষীদের শাস্তি পাওয়ার বিষয়টি পুনরায় ব্যক্ত করে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে কোনও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে না।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম। এদিকে জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে র‌্যাব-১।