নাসিরনগর চাতলপাড় চকবাজারসহ বেশ কিছু পরিবার নদী ভাঙ্গণে হুমকির মুখে
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের নদী তীরবর্তী চাতলপাড় চকবাজারসহ বেশ কিছু পরিবার নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে। ব্যবসায়ীসহ পরিবারের লোকজন আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে,গত কয়েক দিনের বৃষ্টিপাতে ফলে তীব্র স্রোতে নদী তীরের পানির গভীরতা প্রায় ১৩০ থেকে ১৫০ ফুট। চাতলপাড় চকবাজারসহ পাশ্ববর্তী এলাকার কিছু পরিবারের ঘরবাড়ি মেঘনা নদীর পানির স্রোতে নদীতে ধসে পড়ার হুমকির মুখে রয়েছে। বাজারের বিভিন্ন দোকানঘরে ফাটল সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা দোকানের মালামাল অন্যত্র সরিয়ে ফেলছে। চকবাজার এলাকায় গণেশ রায়ের বাড়ির দেওয়াল ঘরটি নদীর দিকে হেলে পড়ে ফাটল দেখা দেয়ায় মালামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলেছেন। যেকোন সময় বাজারের দোকানপাটসহ কিছু পরিবারের বসত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাই তারা আতংকের মধ্যে কাটাচ্ছে। ব্যবসায়ী মহলসহ এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন সংবাদ পাওয়ার পর পরই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার বলেন উল্লেখিত এলাকা চিহিৃত করে ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করা হলে যেকোন সময় বাজারের দোকানপাটসহ কিছু পরিবারের বসত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।











