শিশুসদন থেকে সংসারে ১২ বর-কনে
নিউজ ডেস্ক : ঘড়ির কাঁটা দুপুর ২টার কাছাকাছি। বিয়ের গান বাজছে নারী শিল্পীর কণ্ঠে, ‘আইসো জামাই খাওরে বাটার পান…’। প্যান্ডেল ছাড়িয়ে গেটেও গমগম করছে স্পিকারের আওয়াজ। এখানে দাঁড়িয়ে এক দল কিশোরী। তাদের পরনে লাল-হলুদ শাড়ি, খোঁপায় সাদা ফুল। অপেক্ষা করছে বরকে অভ্যর্থনা জানাতে। ঘিয়ে রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি, পায়ে নাগরা জুতায় বর এলেন, তবে একজন নন, ছয়জন! তাঁদের নিয়ে মঞ্চে বসানো হলো। স্বল্প সময়ের ব্যবধানে বেনারসি শাড়ি পরে এলেন কনে, তাঁরাও সংখ্যায় ছয়জন। নেতৃত্ব দিয়ে ছয় কনেকে যিনি বিয়ের প্যান্ডেলে নিয়ে এলেন তাঁর নাম ঝর্না জাহিন; তেজগাঁও সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক। একসঙ্গে ১২ বর-কনের বিয়ে উপলক্ষে অসাধারণ এই আয়োজন দেখা গেল গতকাল সোমবার।
এই কনেদের সবাই রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারে বেড়ে উঠেছেন। বয়স ১৮ বছর হওয়ার পর তাঁদের বিয়ের ব্যবস্থা করা হয়। তুলে দেওয়া হয় বরের হাতে। আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে সংসারে পা রাখেন সাবিনা, লিপি, স্বপ্না, তানিয়া, মাজেদা ও লাকি। শিশু পরিবারের মাঠে অনুষ্ঠানটির আয়োজক ছিল সরকারি শিশু পরিবার। বর-কনেদের পরিবার, নিকটাত্মীয়সহ আমন্ত্রিত ছিল ৬০০ অতিথি। আপ্যায়ন করা হয় পোলাও, মুরগির রোস্ট, খাসির মাংস ও দই সহযোগে। মঞ্চের পাশেই থরে থরে জমছিল উপহারসামগ্রী। নবদম্পত্তির সংসার শুরুর প্রয়োজনীয় ক্রোকারিজ থেকে লেপ-তোশক, বালিশ, ওভেন, জুস মেকার থেকে চায়ের কাপ দেওয়া হয় শুভেচ্ছা হিসেবে।
বর-কনেদের মঞ্চে অভ্যর্থনা জানাতে আগেই অপেক্ষমাণ ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তাঁর সহধর্মিণী, ঢাকর জেলা প্রশাসকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতেই মাইক হাতে নিয়ে রাশেদ খান মেনন বরদের উদ্দেশে বলেন, ‘যে ছেলেরা শিশু পরিবারের এতিম মেয়েদের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই। শিশু পরিবারের ছয়টি মেয়েকে একসঙ্গে বিয়ে দেওয়ার এ দিনটি আমার জন্য অনেক আনন্দের।’
বরের বেশে আসা চাঁদপুরের ফরিদগঞ্জের ছেলে সোহাগ মিয়া। বাটা কম্পানিতে চাকরি করেন। সোহাগ বলেন, ‘আমার স্ত্রী সাবিনা চৌধুরী। তার পিতা-মাতা আত্মীয়-স্বজন কেউ নেই দুনিয়ায়। আমিও ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে শিশু পরিবারের এতিম মেয়েকে বিয়ে করেছি। কারণ এতিম হওয়ার বেদনা আমি বুঝি।’
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছেলে রবিউল যাঁকে বিয়ে করেছিলেন সেই লিপি আক্তার তাঁর গ্রামেরই মেয়ে। বেড়ে উঠেছেন তেজগাঁও শিশু পরিবারে। শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে হিসেবে লিপিকে জানেন রবিউল, এ জন্যই তাঁকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
গাজীপুরের ছেলে শাহজালাল কাজ করতেন তেজগাঁও শিশু পরিবারসংলগ্ন গ্যারেজে। এখান থেকেই শিশু পরিবারের সদস্য যশোরের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে পরিচয়। বিয়ে হয় পারিবারিক সিদ্ধান্তে।
পটুয়াখালীর ছেলে হারুনার রশিদের পিতা চাকরি করতেন শিশু পরিবারের পাশের প্রতিষ্ঠান বিজি প্রেসে। হারুনের পরিবারের সবারই পরিচিত মেয়ে চাঁদপুরের মেয়ে তানিয়া। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে বলে জানালেন হারুন।
ঠাকুরগাঁওয়ের কসির উদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছে নরসিংদীর মাজেদা বেগমের। দুজনেরই বড় বোন গাজীপুরে থাকেন পাশাপাশি বাসায়। তাঁরাই বিয়ের বন্দোবস্ত করেছেন।
কুমিল্লার ছেলে সাইফুল ইসলাম ভুইয়া চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। শিশু পরিবারে পড়াশোনা শেষে একই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন নারায়ণগঞ্জের মেয়ে হাজেরা লাকী। দুজন দুজনকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সিনহা, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুল কবীর, সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন খান, সম্পাদক সাফায়াত হোসেন তালুকদার ও ডাচ্ এসএফসি নামক এনজিওতে কর্মরত হল্যান্ডের নাগরিক জোয়ানাসহ ৬০০ আমন্ত্রিত অতিথি।











