বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাডুবে দুই পরীক্ষার্থীর মৃত্যু, ৩৯ ঘের মালিকের বিরুদ্ধে মামলা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেএসসি পরীক্ষার্থীদেরকে নৌকাডুবির ঘটনায় নবীনগরের পাগলা নদীতে থাকা ৩৯টি ঘেরের মালিকদের বিরুদ্ধে মামলা করেছে নবীনগর উপজেলা প্রশাসন। বীরগাঁও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে সোমবার নবীনগর থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুই একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিবেন।
অপরদিকে নৌকাডুবির ঘটনায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়া পাপিয়া আক্তার এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। অন্যান্য অনুপস্থিত পরীক্ষার্থীদের মতো পাপিয়াও যেন পরীক্ষা দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা প্রশাসন, মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়ন সংলগ্ন তিতাস ও পাগলা নদীতে সরকারের এক নম্বর খাসখতিয়ান ভূক্ত অসংখ্য জায়গায় মাছ ধরার উদ্দেশ্যে গাছ, ডালপালা ফেলে এবং কুচুরিপানা দিয়ে দুই ইউনিয়নের লোকজন মাছ ধরতে অবৈধ ঘের করে রেখেছেন। এসব কারণে নদীপথে পানির স্বাভাবিক গতি বিঘিœত হচ্ছে। ফলে বীরগাঁও থেকে কৃষ্ণনগর ও নবীনগর উপজেলার সদরে আসতে বিভিন্ন নৌযান বাধার সম্মুখীন হচ্ছেন।
মামলায় কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর,সীতারামপুর, পূবপাড়া, পশ্চিমপাড়া, থানাকান্দি এবং বাড়াইল ইউনিয়নের গোসাইপুর ও রাধানগর গ্রামের লোকজনকে আসামী করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, ঘের মালিকদেরকে তা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা তা করেন নি। এ অবস্থায় ৩৯ ঘের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তদন্ত কমিটির অন্যতম সদস্য সালেহীন তানবীর গাজী মামলা দায়েরের বিষয়টি যুগান্তরওে কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘেরের কারণে নৌ পথে এসব দুর্ঘটনা ঘটছে। ঘেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
তদন্ত কমিটির প্রধান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল ইসলাম সোমবার সন্ধ্যায় বলেন তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন। খুব কম সময়ের মধ্যেই জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।’
প্রসঙ্গত, গত বুধবার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় পাগলা নদীতে প্রায় দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থীকে বহনকারী নৌকা ডুবে বীরগাঁও স্কুল এন্ড কলেজের জেএসসি দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।