বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে গ্রেফতারে পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পারোয়ানা জারি করেন।

আদালতের স্পেশাল পিপি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন- একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও প্রতিবেদক কনক সারওয়ার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য বেসরকারি টিভি চ্যানেল ইটিভিতে সরাসরি প্রচার করা হয়। বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তেজগাঁও থানা পুলিশ। ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে তাদের বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক।
এ মামলায় জামিনে আছেন একুশে টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম।