মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি ভোটে কারচুপি করতো বলেই ইভিএম পদ্ধতি চায় না’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না। তাই বিএনপি তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।

সোমবার সকালে কুষ্টিয়া মেডিকেলের ৭ম বর্ষপুর্তি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন শেষে সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। এদেশের জনগণ তা করতে দেয়নি।

বিএনপির সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।

এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন করেন। তিনি সোমবার সকালে কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে শেখ রাসেল ল্যাবট্ররির উদ্ধোধন করেন।