বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার মুখেও এগিয়ে আছেন ম্যার্কেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির জাতীয় নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, চ্যান্সেলর ম্যার্কেলের ওপর শরণার্থী নীতি নিয়ে চাপ ততোই বাড়ছে। প্রতিদ্বন্দ্বী মার্টিন শ্যুলৎস যেমন ম্যার্কেলের কড়া সমালোচনা করেছেন, তেমনই তাঁর নিজ দলের মধ্যেও তৈরি হয়েছে বিভেদ। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, চতুর্থ বারের মতো জার্মানির চ্যান্সেলর হতে পারবেন কি ম্যার্কেল? এ প্রশ্নের জবাব খুঁজেছে জার্মান বেতার ডয়চে ভেলে।

গত কয়েক মাস ধরেই সামাজিক গণতন্ত্রী দল এসপিডি-র চ্যান্সেলর প্রার্থী মার্টিন শ্যুলৎস এমন কোনো কিছু খুঁজছেন, যা দিয়ে ম্যার্কেলকে ঘায়েল করা যায়। এখন অবধি যে অবস্থা তাতে টানা তৃতীয়বার চ্যান্সেলর পদে থাকা ম্যার্কেলের চতুর্থবার জয়ের পথ রুদ্ধ করার মতো বড় কিছু পাননি তিনি। তারপরও চেষ্টায় কমতি নেই। জার্মানির ”বিল্ড” পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যার্কেলের শরণার্থী নীতির সমালোচনা করেছেন শ্যুলৎস।

অবশ্য এটা জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের জন্য নতুন কিছু নয়। গত দু’বছরে এই ইস্যুতে কম কথা শুনতে হয়নি তাঁকে। শরণার্থীদের বিষয়ে বেশ উদার তিনি, যা জার্মানির অনেক রাজনীতিবিদই পছন্দ করছেন না। মার্টিন শ্যুলৎসও আছেন সেই দলে। ”বিল্ড” পত্রিকাকে তিনি বলেন, ‘‘২০১৫ সালে এক মিলিয়নের (১০ লাখ) বেশি শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই এসেছে সরকারের কোনরকম মনিটরিং ছাড়াই।”

শ্যুলৎস আরো বলেন, ‘‘আমাদের চ্যান্সেলর মানবিক কারণে অস্ট্রিয়ার সঙ্গে সীমান্ত খুলে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, ইউরোপে আমাদের মিত্রদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই তিনি তা করেছিলেন৷। আমরা যদি এখনই এ বিষয়ে উদ্যোগ না নিই, তাহলে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।”

ম্যার্কেল অবশ্য জার্মান ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২০১৫ সালের মতো পরিস্থিতি আর ঘটবে না। সেসময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে অনেক মানুষ বিপদসঙ্কুল পথে ইউরোপে প্রবেশ করে জার্মানিতে আশ্রয় গ্রহণ করে। গতবছর অবশ্য অভিবাসী আসার সংখ্যা অনেক কমে যায়।

মার্টিন শ্যুলৎস মনে করেন, ইইউ-র উচিত শরণার্থী বা অভিবাসী নেয়া দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়া। তবে একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনের আগে এই বিষয়ে জার্মান সরকার ইচ্ছাকৃতভাবে ধীরে আগাচ্ছে বলে দাবি করে বলেন, ‘‘যারা সময়ক্ষেপণ করছেন এবং নির্বাচনের আগ অবধি এই বিষয়টিকে এড়িয়ে যেতে চাচ্ছেন, তারা আসলে নিজের স্বার্থটাই রক্ষার চেষ্টা করছেন।”

এ তো গেলো ম্যার্কেলের প্রতিদ্বন্দ্বীর কথা, তাঁর বাভারিয়ার সহযোগী দল সিএসইউও চাচ্ছে, শরণার্থী নীতিতে আরো কঠোর হোন ম্যার্কেল। বিশেষ করে, প্রতিবছর দুই লাখের বেশি শরণার্থী নেয়া হবে না – এমন এক সীমা নির্ধারণ করে দেয়ার পক্ষে সিএসইউ।

তবে ম্যার্কেল সেরকম কোনো সীমা নির্ধারণের ঘোর বিরোধী। আর তাঁর এই নীতির কারণে জার্মানির ডানপন্থি পপুলিস্ট পার্টি অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) সুবিধা পাচ্ছে বলে মন করছেন সিএসইউ-র শীর্ষ নেতারা।
এএফডি মূলত বিভিন্ন মুসলিম দেশের শরণার্থীদের প্রতি ম্যার্কেলের উদার নীতি এবং সামগ্রিকভাবে জার্মানির বর্তমান অভিবাসন নীতির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়ে ভোটারদের দলে টানতে চাচ্ছে। এতে খানিকটা সফলও হয়েছে তারা। ইতোমধ্যে কয়েকটি রাজ্যের নির্বাচনে প্রত্যাশার চাইতে বেশি ভোট পেয়েছে দলটি। ম্যার্কেলের মিত্র দল সিএসইউ-র আশঙ্কা, এএফডি দলটি যদি জাতীয় নির্বাচনে পাঁচ শতাংশের বেশি ভোট পেয়ে যায়, তাহলে সেটি সংসদে প্রবেশে সক্ষম হবে, যা সিডিইউ-সিএসইউ – কারো জন্যই ভালো হবে না।

তাহলে কি আসন্ন নির্বাচনে ম্যার্কেল ও তাঁর দল হারতে চলেছে ? ম্যার্কেল কি চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হচ্ছেন না?

না, এমন কোনো দুর্ভাবনার আলামত এখনো দেখা যাচ্ছে না। জনমত জরিপও শ্যুলৎসের চাইতে তাঁকে ১৫ শতাংশ এগিয়ে রেখেছে। ফলে ঘরে-বাইরে কিছু সমালোচনার শিকার হলেও কার্যত চতুর্থবার ক্ষমতায় যাওয়া থেকে তাঁকে রুখবার মতো কাউকে এখনো পাওয়া যাচ্ছে না।