বিদায়ী বক্তব্যে ভিন্নমতের প্রতি শ্রদ্ধার আহ্বান প্রণবের
আন্তর্জাতিক ডেস্ক :আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে অবসর নিতে যাচ্ছেন ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। এ উপলক্ষে রোববার দেশটির সংসদে বিদায়ী বক্তব্য দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শেষ এই বক্তব্যে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন প্রণব।
তাকে বিদায় সংবর্ধনা জানান ওইদিন ভারতের সংসদে উপস্থিত হন দেশটির সব দলের সংসদ সদস্যরা। অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও বর্তমান ও সাবেক কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ভারতের লোকসভার সেন্ট্রাল হলে দেয়া ওই বক্তব্যে প্রণব মুখার্জি বলেন, ‘আমি এই সংসদেরই সৃষ্টি। পাঁচ দশকের সেই সংসদীয় জীবন থেকে আজ অবসর নিচ্ছি।’
অনুষ্ঠানে প্রেসিডেন্টের সম্মানে ভাষণ দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, সংসদীয় মন্ত্রী অনন্ত কুমারসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ড. মনমোহন সিং, আরেক সাবেক প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের নেতা গোলাম নবি আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা।
সংসদ সদস্য থেকে মন্ত্রী, পরে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার পর একাধিকবার পার্লামেন্টে পা রেখেছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি পাঁচবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য এবং নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে কাটিয়েছেন ১০ বছর।
বিদায়ী ভাষণের শুরুতেই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রণব মুখার্জি। সংসদে শেষ ভাষণে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণব বলেন, ‘গত পাঁচ বছর ধরে সকলে যেভাবে সমর্থন করে গেছেন এবং আজ আমাকে উষ্ণ আতিথেয়তা জানানো হল তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।’ পার্লামেন্টে সময়ের অপচয়ের ঘটনায় এ সময় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রণব মুখার্জি আরও বলেন, ‘সংসদ সদস্য হিসাবে আমার সময় খুব ভালো কেটেছে। সংসদে এসে আমি সমৃদ্ধ হয়েছি। অভিজ্ঞ সংসদ সদস্যদের সংস্পর্শে এসেছি। সংসদ সদস্য হিসাবে আমি অনেক নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, আরেক সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেসের নরসিমা রাও, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী, বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদভানির নাম উল্লেখ করে তিনি বলেন, ‘এসব রাজনৈতিক নেতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি।’











