ভাসমান রিকশা মিস্ত্রী নাজমার গল্প
নিউজ ডেস্ক : ঢাকার গণ্ডি পেরিয়ে স্থান করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুকে। পৃথিবীতে সবচেয়ে বেশি রিকশা চলাচল করে ঢাকায়। সংখ্যা পাঁচ লাখেরও বেশি। ঢাকার রিকশা এখন এই শহরের কোটি মানুষের চলাচলের মাধ্যম। এই পরিবেশবান্ধব যানটা নিয়ে নানা অযৌক্তিক, অবৈজ্ঞানিক ধারণা প্রচলিত আছে। বলা হয় রিকশা ঢাকার যানজটের অন্যতম কারণ। কিন্তু নগরবিদ এবং পরিবহণ পরিকল্পনাবিদরা এখন একমত যে এই ধারণাটি ভুল এবং মনগড়া। আর এই ভুল ধারণার ওপর ভিত্তি করে রিকশা উচ্ছেদের সিদ্ধান্তটাও ছিল ভুল। রিকশা নিয়ে এক বৃটিশ নগর পরিকল্পনাবিদ রব গ্যালাগার ‘রিকশা অব বাংলাদেশ’ নামে হাজার পৃষ্ঠার বই লিখে ফেলেছেন। রিকশা নিয়ে এমন হাজার পৃষ্ঠার বইয়ের পাশাপাশি হাজার হাজার গল্প করা যাবে। তবে আজ যে গল্প শুনাতে চাই তাহলো নাজমা আক্তার। ঢাকায় রিকশার সাথে জড়িত সকল পেশাই মূলত পুরুষের দখলে। আর তাই যদি আমার মতো আপনার ধারণা হয়ে থাকে তবে পরিচয় হোন নাজমা আক্তারের সাথে।
নাজমা আক্তারের বয়স ৪৫। জন্ম ঢাকায়। গ্রামের বাড়ি বরিশালের মঠবাড়িয়া। প্রায় ৩০ বছর যাবত্ ঢাকায় রিকশা মেরামতের কাজ করছেন। বর্তমানে ধানমণ্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশে তার ভাসমান রিকশা মেরামতের স্থান। কি করে এই পেশায়? বাবা রশিদ মিয়া ছিলেন রিকশা মিস্ত্রী, তার কাছ থেকে হাতেখড়ি। তবে রশিদ মিয়া রিকশা মেরামতের পেশা ছেড়ে ফলের ব্যবসায় চলে যান।
নাজমা আক্তার রিকশা মেরামতের পেশাটায় স্থায়ী হয়ে গেলেন। এখন ঢাকায় নাজমা আক্তারের শিষ্য আছে গোটা ৩০। নিজের দুই মেয়েও শিখেছে রিকশা মেরামতের কাজ তার কাছে থেকে। মেজো মেয়ে আবাহনী মাঠের কাছে রিকশা মেরামত করে। ছোট মেয়ে রুমির সাথে কথা হলো আবাহনী মাঠের কাছে। সে জানালো- রিকশা মেরামতের সকল কাজই জানে। তবে এখন একটা চাকরি করে। মাঝে মাঝে সময় পেলে মেজো বোনের দোকানে বসে। বোনের কাজে টুকটুাক সহযোগিতা করে। স্বামী আব্দুর রহমান হূদয় মিস্ত্রী, নাজমা আক্তারের শিষ্য। আব্দুর রহমান বলেন, ঢাকায় যদি দুই/চারজন শ্রেষ্ঠ রিকশা মিস্ত্রী থাকে তবে তার ওস্তাদ নাজমার নাম আসবে এক, দুই, তিনের মধ্যে। রিকশার এক্সেলের টাল ভাঙার কঠিন কাজ থেকে শুরু করে চাকায় হাওয়া দেওয়ার মত কাজে আমার ওস্তাদ নাজমা আক্তারের দক্ষতার জুড়ি নেই।
বছর বিশ আগে নাজমা আক্তারের শিষ্য হন আব্দুর রহমান হূদয়। তারপর এখন পর্যন্ত ওস্তাদের সাথে আছেন। আব্দুর রহমান মূলত সাইকেল সারাতে ব্যস্ত থাকেন বেশি। সাইকেল সারাতেই তার দক্ষতা বেশি। কিন্তু নাজমা আক্তারের দক্ষতা সবখানে সে রিকশা, সাইকেল, বাচ্চাদের খেলনার সাইকেল-রিকশা সব কিছুতে সে দক্ষ। রিকশা মেরামতের কাজ যতই সহজ আর কঠিন হোক জোর দিয়ে হবে না। রিকশা মেরামত করতে হয় রিকশার সাথে ভাব জমিয়ে। তা না হলে একটা সমস্যা ঠিক হলে আর একটা তৈরি হবে। ধরেন হাতুড়ি দিয়ে টুকটুক বাড়ি দিয়ে যেমন রিকশার টাল ভাঙতে হয়। আবার সেই বাড়ি একটু উনিশ-বিশ হলেই রিকশা টাল হয়। রিকশার চাকা বা এক্সেল টাল হলে যে শুধু চালকের রিকশা চালাতে সমস্যা হয় তা নয়, যাত্রীও রিকশায় চড়ে স্বস্তি পায় না।
রিকশার চাকায় হাওয়া দিতে হয় পরিমাণ মত। সামনের চাকায় এক রকম, পিছনের চাকাগুলোতে আর এক রকম। আমরা তো হাওয়া মাপার মেশিন ব্যবহার করি না। তাই চোখের মাপ আর অভিজ্ঞতা দিয়ে আমাদের মাপতে হয়। আমাকে যারা চিনে তারা ধানমণ্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, জিগাতলা, রায়েরবাজার যেখানেই থাকুক না কেন আমার কাছে চলে আসে। আমার কাছে কাজ করিয়ে সন্তুষ্ট হয়। নতুন কেউ কেউ ভাবে আমি আর কতটা রিকশা ভালোভাবে ঠিক করতে পারব। তাই আমাকে এড়িয়ে যেতে চায়। কিন্তু যখন দেখে আমার কাজের মান অন্যদের থেকে ভালো তখন আমার কাজ নিয়ে আর আপত্তি থাকে না। আমি কখনোই কারো সাথে কাজের জন্য তর্কে জড়াই না। আমি আমার মেধা আর আন্তরিকতা দিয়ে কাজ করি। আমার নিজের কাজের প্রতি আমি আস্থাশীল, তাই বুঝি কেউ একবার আমার কাছে কাজ করলে বার বার আসবেই। গত ৩০ বছরে তার ব্যতিক্রম হয়নি। ইত্তেফাক











