৮ মাসে অনুসন্ধানের আওতায় দুদকের ২০ কর্মকর্তা
নিউজ ডেস্ক : ব্যক্তিগত সিদ্ধান্তে নোটিস দেয়া, আসামি গ্রেফতারে অতি উৎসাহ, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, অসদুপায় অবলম্বন করা, যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল না করা, বদলি ঠেকাতে বেসরকারি লোক দিয়ে তদবির, অফিস চলাকালীন তাস খেলা এবং স্বামীর অধিকার থেকে স্ত্রীকে বঞ্চিত করাসহ বিভিন্ন অভিযোগে গত ৮ মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান চালিয়েছে প্রতিষ্ঠানটি।
এদের মধ্যে একজনকে গুরুদণ্ড দেয়া হয়েছে। লঘুদণ্ড দেয়া হয়েছে দুইজনকে। সতর্ক করা হয়েছে সাতজনকে। অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তিনজনকে। পারিবারিকভাবে নিস্পত্তি করা হয়েছে একটি অভিযোগ। তাছাড়া ছয়টি অভিযোগের নিস্পত্তি এখনও হয়নি।
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তাকে ব্যক্তিগত উদ্যোগে নোটিস দেয়ার অপরাধে উপপরিচালক আবু নাসির উদ্দিন কমিশনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পরে তাকে ক্ষমা করে দেয়া হয়েছে।
জ্যেষ্ঠ সহকর্মীদের সঙ্গে অশালীণ আচরণের অভিযোগে গাড়িচালক আহমেদ রেধাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। গত ১৭ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। উপসহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় অনৈতিক সহায়তার অভিযোগে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মোছা. রাবিয়া খাতুনের তিন বছরের বার্ষিক বেতনবৃদ্ধি স্থগিত করা হয়েছে। ২০১৬ সালের ২৮ মার্চ থেকে পরবর্তী তিন বছর তার কোনো বেতন বাড়বে না।
অসৎ উদ্দেশ্যে একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একজন ছাত্রের প্রত্যয়নপত্র চাওয়ার অভিযোগে সহকারী পরিদর্শক আবুল হাসেমের ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা হয়েছিল।
একাধিকবার তাগিদপত্র দেয়ার পরও তিন বছর এক মাসে অনুসন্ধান প্রতিবেদন জমা না দেয়ার অভিযোগে সহকারী পরিচালক হাফিজুর রহমানকে গত ২০ জুলাই সতর্ক করে দেয়া হয়েছে। বারবার তাগিদ দেয়ার পরও দীর্ঘ দিনে পুনঃপ্রতিবেদন জমা না দেয়ার পৃথক দুইটি অভিযোগে গত ৩১ জুলাই প্রথমবারের মতো সতর্ক করা হয় উপ-পরিচালক মোনায়েম হোসেনকে সতর্ক করা হয়।
আসামি গ্রেফতারের ক্ষেত্রে সরকারি গাড়িসহ লজিস্টিক সাপোর্ট না নেয়ার অভিযোগে গত ১৪ আগস্ট সতর্ক করা হয়েছে উপ-পরিচালক নিরাপদ স্বর্নকারকে। একই ধরনের অভিযোগে একদিনে দিনে সতর্ক করা হয় উপপরিচালক নিরাপদ স্বর্নকারকে।
বদলির আদেশ বাতিলের জন্যে বেসরকারি ব্যক্তি দিয়ে তদবির করার অভিযোগে গত ১৪ নভেম্বর সতর্ক করা হয় উপ-পরিচালক কেএম মিছবাহ উদ্দিনকে। অধঃস্তন কর্মচারী হয়েও ঊর্ধ্বতন কর্মকর্তাকে নাম ধরে ডাকার অভিযোগে সতর্ক করা হয়েছে সহকারী পরিদর্শক এমরান হোসেনকে। গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ দেয়া হয়েছিল।
বদলি সূত্রে নথি ও আলমারির চাবি হস্তান্তরে কালক্ষেপণের অভিযোগ থেকে উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্তকে ৪ সেপ্টেম্বর ও নথি বিলম্বে উপস্থাপনের অভিযোগ থেকে উপপরিচালক আবদুল মাজেদকে ২০ সেপ্টেম্বর অব্যাহতি দেয়া হয়।
দ্বিতীয় বিয়ে করে স্বামীর অধিকার থেকে স্ত্রীকে বঞ্চিত করার অভিযোগ ছিল সহকারী পরিদর্শক আবদুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি পারিবারিকভাবে নিস্পত্তি হওয়ায় গত ৬ অক্টোবর কমিশন অভিযোগটি নিস্পত্তি করে।
যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত এখনও চলমান আছে তাদের মধ্যে আছেন- দুদক পরিচালক খন্দকার আখেরুজ্জামান ও নাসির উদ্দিন আহমেদ।
ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিকে বাদ দিয়ে সরাসরি জড়িত নয়- এমন ব্যক্তিদের চার্জশিটভূক্ত করার অভিযোগে আখেরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
ময়মনসিংহ শহরস্থ ৫ দশমিক ৯৮ একর খাস জমির ৪৮টি ভুয়া নামজারি কেসের মাধ্যমে আত্মসাতের বিষয়ে অনুসন্ধান শেষে ৫টি নামজারির ঘটনায় মামলা করলেও ৭৯টির বিষয়ে কোন কিছু উল্লেখ করার অভিযোগ মামলা চলছে নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে।
বিটিসিএলের তিনটি মামলায় গুরুত্বপূর্ণ আসামিদের বাদ দিয়ে নিম্নপদস্থ কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট দেয়ার অভিযোগে এক উপ-পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। সাবেক সহকর্মীর মাত্র ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে আরেক উপ-পরিচালকের বিরুদ্ধে।
দুদক প্রধান কার্যালয়ের গাড়ির গ্যারেজে কর্মচারীরা অফিস চলাকালীন সময় তাস খেলেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করার দায়ে সহকারী পরিচালক মো. কুরবান আলীর বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় কমশিন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।
জানতে চাইলে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে দুদক তার বিরুদ্ধেই অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দুদক কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়লে দুর্নীতি প্রতিরোধ ও দমন করা কঠিন হয়ে পড়বে। তাই আভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধে দুদকের একটি বিশেষ টিম সরাসরি চেয়ারম্যানের অধীনে থেকে কাজ করছে। যুগান্তর











