দাবি না মানলে ১৫ নভেম্বর দেশব্যাপী অবস্থান কর্মসূচি
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ ও শাস্তিসহ ছয়দফা দাবি পূরণের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৫ নভেম্বর দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে ছয়দফা দাবিতে শুক্রবার বেলা পৌনে ১২টা থেকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় শাহবাগকে। এ সময় স্থানীয় সাংসদ ও মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ দাবি করে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়। অপবরোধে কয়েক ঘণ্টা শাহবাগমুখী কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের এ অবরোধ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালি মন্দির ও আনন্দমীয় আশ্রম পরিচালনা পরিষদ’সহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে কমপক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেন। এছাড়া এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়ে সংহতি জানান। শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘হিন্দু হয়ে জš§ানোই কি আমাদের অপরাধ’, ‘দেশত্যাগই কি আমাদের একমাত্র পথ?’, ‘হিন্দুজাতির অপমান মানি না, মানব না, নাসিরনগরে হামলা কেন জবাব চাই’ ইত্যাদি।
নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় জগন্নাথ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি-দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। সেখানে আগে থেকেই অবস্থান নেয়া বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হয়ে মিছিল করে শাহাবাগে যান। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচিতে থাকা কয়েকটি সংগঠনও এ সময় শাহবাগে অবস্থান নিয়ে অবরোধে যোগ দেয়। বিক্ষোভ-সমাবেশ থেকে নাসিরনগরে হামলার ঘটনায় সেখানকার এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ ও তার দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয় দফা দাবি জানানো হয়। এসময় তার কুসপুত্তলিকাও আগুনে পোড়ানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ধর্মীয় উপসানালয় নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেয়া, ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া, হামলার উসকানিদাতা, ম“দাতা এবং হামলাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।হামলার ঘটনার পর থেকে ছয়টি হিন্দু পরিবারের খোঁজ মিলছে না জানিয়ে তারা বলেন, বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে দেশান্তরী হয়েছে এমন পরিবারগুলোকে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক প্রিয়াংকা বোস কান্তা সমাবেশে বলেন, বলা হচ্ছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই অবরোধ কি তাই প্রমাণ করে? অসাম্প্রদায়িক দেশে কোনো সাম্প্রদায়িক বৈষম্য কিংবা এলিমেন্ট থাকতে পারে না। সরকার যদি অসাম্প্রদায়িক চেতনা লালন করে থাকে- তা প্রমাণ করে দেখাক।
ঢাবি শিক্ষাথী ও আন্দোলনের সমন্বয়ক মানিক রক্ষিত বলেন, মুক্তিযুদ্ধের সময়ও সনাতন ধর্মের মানুষদের নির্যাতনের শিকার হতে হয়েছিল। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ার কথা বলেছিলেন আজো তা হয়নি। এখনো সনাতন ধর্মের মানুষের উপর নির্যাতন চলছে, এটা দুঃখজনক। এই সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের বিচার না হওয়ায় মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী ফের হামলা করার সাহস পাচ্ছে। তিনি বলেন, আমাদের দেওয়া দাবি না মানলে আমরা ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবো।
এদিকে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরণের যান চলাচল প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে। ফলে ছুটির দিনেও প্রেসক্লাব থেকে মৎস্যভবন হয়ে হোটেল রূপসী বাংলার মোড়, কাঁটাবন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে যানজট তৈরি হয়। অনেক বাস নির্ধারিত রুটে যেতে না পারায় রূপসী বাংলা মোড়, কাকরাইল মসজিদ, কাঁটাবন, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করছে।
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের এসি এহসান ফেরদৌস বলেন, দীর্ঘ সময় ধরে বোঝানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। অবরোধকালে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ ছিল। যানজটেরও সৃষ্টি হয়।
ইসলাম ধর্মের কথিত অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিনবেড়ে হিন্দু পল্লীর মন্দির, বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতন চালানো হয়। ৪ নভেম্বর আবারো ওই এলাকার আটটি বাড়িতে আগুন দেয়া হয়।











