রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট কখনোই প্রকাশিত হবে না
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে ব্যাংকের উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা এবং গাফলতি বেরিয়ে আসতে পারে এমনকি এক শীর্ষ কর্মকর্তার ভাই জড়িত থাকতে পারেন বলেও খবর এসেছে।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলা স্ট্যান্ডার্ড পত্রিকার অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত থাকতে পারেন। তাই তদন্ত প্রতিবেদন হয়তো কখনও জনসমক্ষে আসবে না।
অবশ্য বাংলাদেশ সরকার বরাবরই রিজার্ভ চুরির জন্য হ্যাকার, ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটকে দায়ী করে আসছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে গত ফেব্রুয়ারিতে একটি চক্র ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে। এ ঘটনায় দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। এতে বাংলাদেশিরা জড়িত থাকলে তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেয় অর্থমন্ত্রণালয়। তবে একটি তদন্ত প্রতিবেদন তৈরি হলেও তা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। সর্বশেষ গত মাসে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেয় মন্ত্রণালয়। তবে এ পর্যন্ত তাও প্রকাশ করা হয়নি।
একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ম্যানিলা স্ট্যান্ডার্ড পত্রিকা জানায়, রিজার্ভ চুরির সময় ব্যাংলাদেশ ব্যাংকের কোডসম্বলিত কম্পিউটার শাখাটি ব্যাংকের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার ভাইয়ের হেফাজতে ছিল।
গত ১৫ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনোমিস্টের এক খবরে বলা হয়, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশে বাধা দানের কারণ হিসেবে বলা হচ্ছে, এতে করে ফিলিপাইনে পাচার হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আনার প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। এ বিষয়ে ঢাকায় সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সাথে কথা বলে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে। আর তা হলো, ওই প্রতিবেদনটি সম্ভবত আর কখনই প্রকাশ করা হবে না।
তবে এখনও কোনো পক্ষই স্পষ্টভাবে ব্যাখ্যা করেনি, কীভাবে সুইফট কোড ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে এ অর্থ চুরি করা সম্ভব হলো। তাছাড়া ফেডারেল রিজার্ভ ব্যাংক হ্যাকারদের এ আক্রমণ ঠেকাতে কেন ব্যর্থ হলো, তারও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এটি সম্ভব হলে বৈশ্বিক ব্যাংকিংব্যবস্থার জন্য ভয়াবহ হুমকির কারণ হবে। কেননা বিশ্বের বড় বড় অর্থ লেনদেনের প্রায় অর্ধেক সুইফট পদ্ধতি ব্যবহার করে সম্পন্ন হয়। সম্ভবত অপরাধীরা কোনোভাবে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সিস্টেমে প্রবেশ করতে পেরেছিল। এসব কারণে ধারণা করা হয়, ব্যাংকের ভেতরের কেউ হয়তো এর সঙ্গে যুক্ত থাকতে পারে, যারা সুইফট সিস্টেমে প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্ত।











