,

ঢাকায় আসছে গরু, বসছে সিসি ক্যামেরা

bdনিউজ ডেস্ক : কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর দুই সিটিতে ২৪টি গবাদিপশুর হাট বসছে। হাটগুলোর মধ্যে গাবতলীর স্থায়ী পশুর হাটও রয়েছে। পাশাপাশি রয়েছে অস্থায়ী হাট। পশুর হাটগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। এরইমধ্যে গরুসহ অন্যান্য পশু নিয়ে ঢাকায় আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। দুই মাস আগে গুলশান ও শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে জঙ্গি হামলার পর এই ঈদে পশুর হাটগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

পুলিশের ‘ওয়াচ টাওয়ার’ থেকে পুরো হাটে নজর রাখার পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরাও বসানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরেজমিন রাজধানীর অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে, জোরেশোরে ইজারাদারেরা হাটের অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু করেছেন। আবার কোনো জায়গায় অস্থায়ী হাটের অবকাঠামো দাঁড়িয়ে গেছে। পশু বাঁধার জন্য সামান্য ব্যবধানে বাঁশের খুঁটি মাটিতে পোঁতা হচ্ছে। পশু ব্যবসায়ীদের বিশ্রামের জন্য আলাদা জায়গা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি হাটের সামনে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য ও সুবিশাল তোরণ। আজ রাতেই হাটে পশু ওঠা শুরু হবে। বিক্রি শুরু হবে কাল থেকে। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) হাট বসবে ১০টি। এর মধ্যে ৯টি অস্থায়ী আর গাবতলী হাটটি স্থায়ী। প্রথমে আটটি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত থাকলেও পরে মহাখালীর কড়াইল এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাঠে নতুন আরেকটি হাট বসানোর অনুমতি দিয়েছে ডিএনসিসি। এর আগে রায়েরবাজার কবরস্থান-সংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। তবে পরে হাটটি বাতিল করে ডিএনসিসি। সূত্র জানিয়েছে, এ হাটটিও বসার সম্ভাবনা আছে। এটি বসলে ঢাকা উত্তরে হাট হবে ১১টি। সে ক্ষেত্রে এবার মোট হাট হবে ২৫টি।

ডিএনসিসির অস্থায়ী হাটগুলো হচ্ছে— কুড়িল ফ্লাইওভার সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পাশের বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গা; উত্তরা আবাসিক এলাকার ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতু-সংলগ্ন খালি জায়গা; খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা; মহাখালীর কড়াইল এলাকার বিটিসিএল মাঠ; মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা; ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের খালি জায়গা; বাড্ডার আফতাবনগর পশুর হাট; আশিয়ান সিটি হাউজিং এলাকার পশুর হাট এবং ভাটারা (সাইদনগর) পশুর হাট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) হাট বসছে ১৪টি। প্রথমে ডিএসসিসির তালিকাভুক্ত হাটের সংখ্যা ১২টি থাকলেও পরে তালিকায় আরও দুটি নতুন হাট যুক্ত করা হয়।

এদিকে, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কুরবানির হাটগুলোয় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় কন্ট্রোলরুম ছাড়াও প্রতিটি হাটে একটি করে কন্ট্রোলরুম থাকবে। সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরাও থাকবে। প্রতিটি হাটের ওয়াচ টাওয়ার থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হবে।

কেউ মোটা অংকের টাকা বহন করার সময় পুলিশকে জানালে পুলিশ সহায়তা করবে। ‘অজ্ঞান পার্টির’ বিষয়ে বিশেষ টিম কাজ করবে।

এছাড়া জাল টাকা শনাক্তে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় হাটগুলোয় যন্ত্র থাকবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে হাটের আশপাশের ব্যাংকগুলোয় সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা চালু রাখার অনুরোধ করা হয়েছে বলে সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা