ব্রেক্সিট ভাইরাসে শঙ্কিত ইইউ নেতারা
আন্তর্জাতিক ডেস্ক :বাঙালিরা হুজুগের জাতি। তারা ভালো-মন্দ চিন্তা না করে নিমিষেই সবকিছু ওলটপালট করে দেয়। কিন্তু ইংরেজরা! তারা তো হুজুগে মাতে না। বিচার বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। ঘর থেকে বের হওয়ার সময় আবহাওয়ার পূর্বাভাসটা দেখে নেয়। কিন্তু এবার তারা কি করলো? সময় যতো যাচ্ছে ব্রেক্সিট নিয়ে এই প্রশ্নই সামনে আসছে। চার দিন আগে ব্রেক্সিট ছিল এক তপ্ত আবেগ। অন্ধকার থেকে আলোতে যাওয়ার এক স্বপ্ন। আর এখন কফিতে চুমুক দিয়ে তারাই বলছে, ধেৎ এটা কি হলো। স্বপ্ন ছিল ব্রেক্সিট হয়ে গেলেই কেল্লাফতে। আমাদের আর পায় কে। আমরা একলা চলবো। নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়বো। কিন্তু দুনিয়াটা যে বদলে গেছে তা বোধ করি তাদের হিসাবের মধ্যে ছিল না।

এই দুনিয়া এখন একটি গ্রাম। সকালের নাস্তা করলেন লন্ডনে, দুপুরের লাঞ্চ সারলেন প্যারিসে আর নৈশভোজ নিউ ইয়র্কে। এরকম অবস্থায় ব্রেক্সিট ব্রিটিশদের জীবনে কি নিয়ে এলো?
ব্রেক্সিটের অন্যতম রূপকার বরিস জনসন যখন বলেন, তার সামনে কোনো রূপরেখা ছিল না, ব্রেক্সিট হয়ে গেলে কি পরিণতি হবে তা তিনি হিসেবে নেননি। তখনই জনগণের মধ্যে এই প্রশ্নটি এসেছে, তাহলে এই স্বপ্নইবা তারা আমাদের কেন দেখিয়েছিলেন। বরিস জনসন একজন জনপ্রিয় নেতা- এতে কোনো সন্দেহ নেই। তিনি মানুষকে টানতে পারেন। তৈরি করতে পারেন আবেগ।
আর নাইজেল ফ্যারাজ বলেছিলেন, সাড়ে তিন শ’ মিলিয়ন পাউন্ড প্রতি সপ্তাহে ব্রাসেলস যাচ্ছে। যা জনগণের টাকা। এই টাকা স্বাস্থ্য খাতে ব্যয় হতে পারে। তখন মানুষ বুঝে ছিল এতো সর্বনাশ। দেশটা ফোকলা হয়ে যাচ্ছে। তখন মানুষ ব্রেক্সিটের পক্ষেই ঝুঁকে ছিল। এখন সেই ফ্যারাজ বলছেন, এরকম কোনো কথা তিনি বলেননি। অথচ পোস্টার সাঁটানো হয়েছিল স্থানে স্থানে, বাসে বাসে। এখন আর কেউ দায়িত্বই নিতে চাইছেন না। ব্রেক্সিটের পর কী হবে? স্কাই টেলিভিশনের পলিটিক্যাল এডিটর ফায়সাল ইসলাম সরাসরি প্রশ্ন করেছিলেন, ব্রেক্সিটের পক্ষে কাজ করেছিলেন এমন একজন এমপিকে।
জানতে চেয়েছিলেন, আপনাদের আসলে পরিকল্পনাটা কি ছিল। তিনি সরাসরি জবাব দিয়েছেন, কই এমন তো কোন পরিকল্পনা ছিল না। ব্রেক্সিটের অন্যতম প্রচারক ইয়েন ডানকান স্মিথ এখন অস্বীকার করছেন তিন শ’ ৫০মিলিয়ন পাউন্ড ব্রাসেলস যাচ্ছে এমন কথা তিনি বলেননি।
ক্যামেরন প্রশাসন বরাবরই বলেছিল, সাড়ে তিনশ’ মিলিয়ন পাউন্ড ব্রাসেলসে যাচ্ছে এটা সত্য নয়। কিন্তু কে শোনে কার কথা। এখনই যুদ্ধে যাওয়ার সময়। মাইগ্রেশন, ইমিগ্রেশন থেকে মুক্তি পাবো এটাও ছিল এক ধরনের ঝোঁক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় গণভোটের চিন্তাও সামনে এসেছে। আইনি বাধ্যবাধকতা কতটুকু তা নিয়ে কেউ ভাবছেন বলে মনে হয় না। যদিও এক লাখ পিটিশনকারীর কোনো মতামত পার্লামেন্ট নাকচ করে দিতে পারে না। পিটিশনে এখন পর্যন্ত ৩৭ লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে, যদিও ৭৭ হাজার স্বাক্ষর ভুয়া বলে চিহ্নিত হয়েছে।
ব্রেক্সিট শুধু রাজনৈতিক অস্থিরতাই দেয়নি, ব্রিটিশ পাউন্ডকে সবচাইতে বেশি দুর্বল করেছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের রসদ যোগান দিয়েছে। বাবা-ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়েছে। বাবা পেনশনার। তিনি ছিলেন ব্রেক্সিটের পক্ষে। ছেলে ছিল বিপরীত অবস্থানে। এখন ছেলে যখন দ্বিতীয় গণভোটের জন্য ডিজিটাল প্রচারণা চালাচ্ছে তখন বাবা বলছেন, তোমরাই হয়তো ঠিক। আমরা আমাদের প্রজন্মের স্বার্থের কথাই ভেবেছিলাম। এখন বুকের মধ্যে এক ধরনের জ্বালা। উপায়ইবা কী।
সমাধান খুঁজছেন রাজনীতিকরা। রাজনীতিকরা ভুল যেমন করেন, তেমনি শুদ্ধও করেন। এটি কি শুধু রাজনীতিকদের ভুল? ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে অস্থিরতা। লেবার পার্টিতেও গৃহবিবাদ। এই অবস্থায় কী হবে ব্রিটেনের ভবিষ্যৎ। এক বছরের মাথায় আরেকটি নির্বাচন? নাকি দ্বিতীয় গণভোটের মধ্য দিয়ে আবার ইইউতে ফিরে যাওয়া? ব্রিটেনকে এক রাখাও এক চ্যালেঞ্জ। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজন বলে দিয়েছেন, ২০১৪-এর গণভোট অতীত। এখন তার কোনো অস্তিত্ব নেই। আর যেটা হবে তা মোটেই অতীতের পুনরাবৃত্তি নয়।
বলে রাখা ভালো, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, লিসবন চুক্তি কবে বাস্তবায়িত হবে তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তারা এখনই চান এর একটি ফয়সালা। এই অবস্থায় আজ দিনের কোনো এক সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যাচ্ছেন ব্রাসেলসে। যেখানে বিক্ষুব্ধ ২৭ দেশের নেতাদের মুখোমুখি হবেন। আসলে তার জন্য এটা একটা অস্বস্তিকর পরিস্থিতি। ইইউ নেতারা ভালোই জানেন যে, ক্যামেরন নিজে বিচ্ছেদ প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন না বলেই পদত্যাগ করেছেন। তিনি প্রকারান্তরে বলে দিয়েছেন যে, আগামী অক্টোবরের আগেই প্রক্রিয়া শুরু হওয়ার নয়। কিন্তু এসব কিছুই ব্রাসেলসের নীতিনির্ধারকরা বুঝতে চাইছেন না। ব্রেক্সিট ভাইরাস হয়ে ছড়ানোর শঙ্কাগ্রস্ত হয়ে পড়ছেন তারা। ইতিমধ্যেই নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইডেন, ইতালি, ডেনমার্কে ইইউ ছাড়ার আওয়াজ উঠেছে। তাই ব্রাসেলস থেকে একের পর এক বিবৃতি আসছে যে, তারা কোনো ক্রমেই ব্রিটেনকে আর ইইউতে রাখার পক্ষে নন। প্রধানমন্ত্রীর কণ্ঠেই তালাক শব্দের উচ্চারণ শুনতে তারা বড্ড আগ্রহী।
আবারও বলছি, হুজুগটা ছিল এতো বেশি যে, ইমিগ্রেশন ঠেকাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে ব্রিটিশদের চাকরি-বাকরির খোঁজখবরও কেউ রাখেননি। কেবলমাত্র জার্মানিতেই ছোট বড় পাঁচশ’র বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ব্রিটিশদের। ৭৭ হাজার ইংরেজ জার্মানিতেই চাকরি-বাকরি করেন। অন্য দেশগুলো মিলিয়ে প্রায় আড়াই লাখ ইংরেজ কাজ করেন। তরুণ প্রজন্মের আপত্তিটা এখানেই। তারা মনে করে ব্রেক্সিট কার্যকর হলে এই সুযোগ তাদের হাতছাড়া হবে।











