নির্বাচন কমিশন দুইভাবে ব্যর্থ : ড. বদিউল আলম
নিউজ ডেস্ক : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন দুইভাবে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচন না করা ও নিজের দোষ অন্যের ওপর চাপানোর জন্য। তিনি বলেন, সদ্য সমাপ্ত বিতর্কিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ব্যাপক হানাহানি, সহিংসতা ও মনোনয়ন বাণিজ্য হয়েছে। শুধু বিরোধী দলের সঙ্গেই নয়, সরকারি দলের লোকজনের মধ্যেও হানহানি ও সংঘাতের কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রোববার সকালে মেহেরপুরের গাংনীতে দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও গণ গবেষণা সমিতির (জিজিএস) দ্বিতীয় উপজেলা সম্মেলনে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের কথা থাকলেও সদ্য সমাপ্ত নির্বাচনে সেটার প্রতিফলন হয়নি। আর এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব ছিলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। যেহেতু, তারা (নির্বাচন কমিশন) সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। তাই এ ব্যার্থতার দায়ভার ইসিকেই নিতে হবে।
তিনি আরো বলেন, ব্যর্থ নির্বাচন কমিশনের বিতর্কিত নির্বাচনের কারণে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এ নির্বাচন কমিশন নিয়ে ক্ষমতাসীনদের ও আমাদের দেশের রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। খুঁজতে হবে উত্তরণের পথ। না হয়, আমাদের দেশে সংকট আরো ঘনীভূত হবে।
ড. মজুমদার বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন যথাসময়ে হওয়ায় সংবিধান রক্ষা হয়েছে। কিন্তু নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি। কারণ, নির্বাচনে ব্যাপক কারুচুপি, সহিংসতা, হানাহানি ও মনোনয়ন বাণিজ্য হয়েছে।
তিনি বলেন, বিরোধী দল না থাকলে দেশে গণতন্ত্র থাকে না। একটি শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রকে শক্তিশালী করে। বিরোধী দলকে রাজনীতি করার জায়গা করে দিতে হবে। যাতে করে বিরোধী দল মানুষের চাওয়া পাওয়া নিয়ে মানুষের কল্যাণে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করতে পারেন।
সুজন সম্পাদক বলেন, অতীতের কোন নির্বাচনে এমন প্রাণহাণির ঘটনা ঘটেনি। এমন নোংরাভাবে ভোট জালিয়াতি হয়নি। প্রিসাইডিং অফিসারের সামনে ব্যালট কেড়ে নিয়ে ভোট ডাকাতির ঘটনা ঘটেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরিসংখ্যানও ইতিহাস সৃষ্টি করেছে। এরপরও কী বলা যাবে ভোট শান্তিপূর্ণ হয়েছে? এমন ইসিও আমাদের দেখতো হচ্ছে।
পরে গাংনী উপজেলা মিলনায়তনে গণ গবেষণা সমিতি (জিজিএস) এর দ্বিতীয় সম্মেলন শুরু হয়। গণ গবেষণা সমিতি (জিজিএস) এর গাংনী উপজেলা শাখার আহবায়ক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, নারী নেত্রী নুরজাহান বেগম, গণ গবেষণার সমন্বয়কারী আযাদ আবুল কালাম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ।











