বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ পানি গ্যাস সংকটে রাজধানীতে হাহাকার

pani_(2)_11664_1462218190নিজস্ব প্রতিবেদক : একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে ঘরে পানি নেই। রান্নাঘরের চুলাও নিভু নিভু। দিন-রাত মিলিয়ে গড়ে পাঁচ থেকে ছয় বার বিদ্যুৎ যাচ্ছে। অতিষ্ঠ জনজীবন। গত ১৫ দিন ধরে এটাই রাজধানীর সাধারণ দৃশ্য। পানির চলমান ভয়াবহ সংকটের জন্য ঢাকা ওয়াসা দায়ী করেছে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংকে। আর বিদ্যুৎ বিভাগ বলছে, তারা নিরুপায়। নৌ ধর্মঘটের কারণে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটায় ১৫শ’ মেগাওয়াট এবং গ্যাস সংকট ও কারিগরি ত্র“টির কারণে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। সব মিলে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি। যদিও সরকারিভাবে ঘাটতির পরিমাণ বলা হচ্ছে ১৬০০ মেগাওয়াট।

ওয়াসার হিসাব অনুযায়ী, আগের তুলনায় দৈনিক গড়ে ২০-২৫ কোটি লিটার পানির ঘাটতি রয়েছে। গরমের কারণে একদিকে পানির চাহিদা বেড়েছে, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে পাম্পগুলো থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না। পানির কষ্টের পাশাপাশি রাজধানীবাসীর জন্য দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকট।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার তার ব্যক্তিগত ফেসবুক পেজে লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, ‘নৌযান ও নৌ পরিবহন শ্রমিকরা এক সপ্তাহ ধরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ধর্মঘট করেছেন। ফলে সারা দেশে নৌপথে জ্বালানি তেল সরবরাহ প্রচণ্ড আকারে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রায় এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তেল না পাওয়ায় ফসলি জমিতে সেচ কাজও স্থবির হয়ে পড়ছে। আশা করছি, শুক্রবারের মধ্যেই দেশে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে।’ কিন্তু শুক্রবার পেরিয়ে সোমবার গেলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আশ্বাসে কাজ হয়নি। সংকট কমার পরিবর্তে আরও বেড়ে গেছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক জানান, গ্রীষ্মের সময় স্বাভাবিকের চেয়ে পানির চাহিদা অনেক বেড়ে যায় এবং একই সঙ্গে পানির স্তর নেমে যাওয়ায় উৎপাদন কম হয়। এসব কারণেই মূলত নগরীতে পানির এ সংকট। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংকট নিরসনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১ হাজার ৭৪৪ মেগাওয়াট। আর চলতি গ্রীষ্মে পিক আওয়ারে (বিকাল ৫টা থেকে রাত ১১টা) সর্বোচ্চ চাহিদা সাড়ে আট হাজার মেগাওয়াট। অর্থাৎ চাহিদার চেয়ে বেশি উৎপাদনের সক্ষমতা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। কিন্তু তারপরও এ দুঃসহ লোডশেডিংকে রহস্যজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্তমানে বন্ধ থাকা অধিকাংশই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগ, মূলত তারা কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলা এবং তা থেকে ফায়দা আদায়ের চেষ্টা চালাচ্ছে। এ ফায়দাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফার্নেস অয়েলের মতো তাদের ডিজেল আমদানির অনুমতি দেয়া।

শহরের তুলনায় গ্রামে লোডশেডিং আরও ভয়াবহ। দিন-রাত মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রামাঞ্চলের বাসিন্দারা। আরইবি সূত্র জানায়, উৎপাদিত বিদ্যুতের ৫০ শতাংশ পল্লী এলাকায় সরবরাহ করার কথা। সেখানে কমবেশি ২০ শতাংশ সরবরাহ করা হচ্ছে। এতে তারা কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এছাড়া বিতরণ লাইন ও ট্রান্সমিশন দীর্ঘদিনের পুরনো হওয়ায় পর্যাপ্ত বিদুৎ নিতে পারছে না। প্রায়ই ট্রান্সফরমার ওভারলোডেড হয়ে শাটডাউন হচ্ছে। এ অবস্থায় লোডশেডিং রোধ করা সম্ভব হচ্ছে না।

পানি আর গ্যাস সংকটে নাকাল মানুষ : রাজধানীর বিভিন্ন এলাকায় রান্না-খাওয়া, গোসল-কাপড় পরিষ্কারসহ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানি পাচ্ছেন না নগরবাসী।
চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় নগরজীবনে রীতিমতো হাহাকার চলছে। পানির দাবিতে চলতি মাসেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। কোনো কোনো এলাকায় পাম্প বিকল থাকায় এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ। বিকল্প উপায়ে কিছু এলাকায় পানি সরবরাহ করা হলেও তাতে দুর্গন্ধ আর ময়লা। গ্রাহকদের অভিযোগ, পানি সংকটের কথা জানালে ঢাকা ওয়াসা বলছে, চাহিদার চেয়ে উৎপাদন বেশি। কিন্তু ওয়াসা আমাদের পানি দিতে পারছে না। টাকার বিনিময়ে পানির গাড়ি চেয়েও পাননি বলে অনেক গ্রাহক যুগান্তরের কাছে অভিযোগ করেছেন। এছাড়া গাড়িপ্রতি ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বেশি আদায় করার অভিযোগও মিলেছে। টাকা না দিলে পানির ট্রাক ও ড্রাইভারের দেখা মেলে না। যদিও সম্প্রতি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার এমডির উপস্থিতিতে এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, রাজধানীর যেখানে সমস্যা দেখা যাবে, সেখানেই ওয়াসার পক্ষ থেকে পানি পৌঁছে দেয়া হবে। কোনো টাকা নেয়া হবে না। মন্ত্রীর এ নির্দেশ মানা হচ্ছে না কোথাও। খোঁজ নিয়ে জানা যায়, মহানগরীর মগবাজার-মালিবাগ ওয়্যারলেস গেট এলাকা, পশ্চিম ধানমণ্ডি, মধুবাজার, পূর্ব রায়েরবাজার, মিরপুর ১, ১০ ও ১৪ নম্বর এলাকা, লালমাটিয়া, ধানমণ্ডি, কলাবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, মালিবাগ, পুরান ঢাকার অধিকাংশ এলাকা, মিরপুরের সেনপাড়া ও পর্বতা এলাকা, মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় তীব্র পানি সংকট বিরাজ করছে।

সম্প্রতি ঢাকা ওয়াসার পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে এক দিনের ২৪ ঘণ্টায় লো-ভোল্টেজ, লোডশেডিং-বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওয়াসার ৭১৩টি পাম্পের মধ্যে ৮৭টি বন্ধ ছিল। আর এ কারণে ২৩৩ ঘণ্টা উৎপাদন বন্ধ ছিল।
এখন প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে। বর্তমানে ২৪৪ কোটি ৮০ লাখ লিটার পানি উত্তোলনের কথা থাকলেও উত্তোলন করা হচ্ছে ২২০ থেকে ২২৫ কোটি লিটার। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ কোটি লিটার পানি কম উত্তোলন করা হচ্ছে। ঢাকা ওয়াসার তথ্যমতে, ওয়াসার আওতাভুক্ত এলাকার জন্য পানির চাহিদা ২২৫-২৩০ কোটি লিটার। কিন্তু ওয়াসার উৎপাদন সক্ষমতা ২৪৫ কোটি লিটার। গ্রাহকদের যুক্তি, পানি উদ্বৃত্ত থাকলে টাকার বিনিময়ে পানির গাড়ি চেয়েও পাওয়া যাবে না কেন?

এ ব্যাপারে ঢাকা ওয়াসার বক্তব্য, বিদ্যুৎ বিভ্রাট, পানি সরবরাহ লাইনে ত্রুটি, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কয়েকটি এলাকায় সাময়িক পানি সরবরাহ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় পানি সরবরাহ লাইন পুনঃস্থাপনের জন্যও সাময়িক অসুবিধা হচ্ছে।

গ্রাহকদের আরও অভিযোগ, মহানগরীর কিছু এলাকার পানি এতই ময়লাযুক্ত যে, ওই পানি ব্যবহার করা যায় না। পানির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভও করেছেন নগরবাসী। ২ এপ্রিল পানি না পেয়ে পার্শ্ববর্তী পানির পাম্প অবরোধ করেন মিরপুর ১১ নম্বরের বি ব্লকের এমসিসি ক্যাম্পের বাসিন্দারা। ১৬ এপ্রিল দুপুরে বাড্ডায় প্রধান সড়ক দখল করে পানির দাবিতে বিক্ষোভ করেন এলাকার বাসিন্দারা। ১০ এপ্রিল মিরপুর ১০ নম্বর এবং মগবাজার ওয়্যারলেস গেটে বিক্ষোভ করেন এলাকাবাসী। ২ মাস ধরে পানির ভয়াবহ সংকট চলছে খিলক্ষেতের বেপারী পাড়ায়। সেখানে প্রায় ২০ হাজার মানুষ চরম বিপাকে আছেন। স্থানীয়রা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ওয়াসার লাইন থেকে অবৈধভাবে নতুন সংযোগ নিয়েছে। একই অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসিন্দা তৈমুর হোসেনের কাছ থেকে। তিনি জানান, সংকট শুরু হওয়ার পর ওয়াসাকে এক গাড়ি পানির জন্য ১১০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। অথচ নির্ধারিত দাম ৫০০ টাকা। বাড়তি টাকা কেউ দিতে না চাইলে পানি মেলে না।

গ্যাস সংকটের বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান বলেন, এখন গ্যাসের ঘাটতি প্রায় ২০ কোটি ঘনফুট। তবে এর কারণে নগরবাসীকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য তিতাসের আওতাধীন সবগুলো স্টেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, সামনে রমজান। তাই এখন থেকেই প্রিপারেশন নেয়া শুরু হয়েছে যাতে গ্যাসের জন্য কোনো রোজাদার কষ্ট না পান।
পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমত উল্লাহ জানান, দেশে বর্তমানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের চাহিদা আর উৎপাদনে বিরাট ফারাক আছে। সত্যিকার অর্থে চাহিদা আর উৎপাদন কত এটা কেউ জানে না। তবে এটা সত্য, সরকার যা বলছে চাহিদা তারচেয়েও বেশি। একইভাবে উৎপাদনের পরিমাণও সরকারের হিসাবের চেয়ে কম। যার কারণে যে কোনো ছোটখাটো সংকটেই বিদ্যুৎ, পানি ও গ্যাস পরিস্থিতি বেসামাল হয়ে পড়ছে।