বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপে বাড়তি নিরাপত্তা নেই ইসির

photo-1459179108নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপের সহিংসতাপূর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর দ্বিতীয় ধাপের জন্য প্রায় একই ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাড়তি কোনো নিরাপত্তা নেওয়া হয়নি।

নানা শঙ্কা, হামলা ও সহিংসতার মধ্যে দ্বিতীয় ধাপের ৬৪৩টি ইউপি নির্বাচনের জন্য ৪৭ জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী পাঠিয়েছে কমিশন। এসব ইউপিতে আজ সোমবার দিবাগত মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের সব ধরনের প্রচার। আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে বলে জানিয়েছে ইসি।

আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী এলাকায় নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী অপরাধের সাজা দিতে সঙ্গে থাকছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। তবে এ ধাপের জন্য বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব সামসুল আলম বলেন, দ্বিতীয় ধাপের ৬৪৩টি ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রায় চার কোটি ব্যালট পেপার জেলা নির্বাচন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার থেকে মাঠে নামছে। এ ছাড়া নির্বাচনী অপরাধের সাজা দিতে সাথে থাকছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা।

ইসি কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপেও আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে ৬৪৩ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে দুই হাজার ৬৮৪ জন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫০৭ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ১৭৭ জন।

মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার
আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার। নির্বাচনী আইনানুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোট গ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ওই নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংঘটিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না। একইসঙ্গে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। এমনকি ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে অন্যূন ৬ মাস বা অনধিক ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী
সকাল থেকে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে নামছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ৪৭ জেলায় এসব ইউপির দায়িত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে থাকবেন।

ইসি সচিবালয়ের উপসচিব সামসুল আলম জানান, ভোটের দুদিন আগে থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আগের ধাপের মতোই এ ধাপে নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। সহিংসতা রোধে বাড়তি কোনো নিরাপত্তা নেওয়া হয়নি বলেও জানান তিনি।

বিষয়টি নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজও স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আগের ধাপের মতোই এ ধাপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।’

প্রথম ধাপে গত ২২ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে চার জেলায় নির্বাচনী সহিংসতায় ১১ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে আহত হয়েছেন সহস্রাধিক। নির্বাচন পরবর্তী সময়েও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রায় ২২ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোটরসাইকেলসহ যান চলাচল নিষিদ্ধ
মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ভোটের আগের রাত থেকে ৩২ ঘণ্টা সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে ইসি। নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূববর্তী দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও ভোটগ্রহণের পূর্ববর্তী মধ্যরাত থেকে অর্থাৎ সোমবার মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও অনুমোদিত সাংবাদিকদের ক্ষেত্রে তা শিথিল থাকবে।

ইসির নির্দেশনায় আরো বলা হয়েছে, নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং চিকিৎসা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পাঠানো হয়েছে ব্যালট ও নির্বাচনী সামগ্রী
দ্বিতীয় ধাপের ৪৭ জেলায় ৬৪৩ ইউপির ভোটের জন্য রোববার ও সোমবার ব্যালট পেপারসহ প্রয়োজনীয় মালামাল জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হয়েছে। ব্যালট পেপারের সঙ্গে সিল, গালা, দড়ি, ব্যাগসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। ভোটের আগের দিন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তা সংশ্লিষ্ট এলাকার প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন।

ইসির ঘোষণা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান