ম্যাচ জয় সবসময়ই স্বস্তির : মাশরাফি
স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের সুপার টেনে খেলতে হলে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। এক ম্যাচ হেরে যাওয়া মানেই বিদায়ের শংঙ্কায় ভোগা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলে তেমন বিপদের মধ্যেই পড়তে হতো। হয়তো সুপার টেনের খেলার স্বপ্ন যেত ভেস্তে। তবে কষ্ট করে হলেও ডাচদের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। জয়টির গুরুত্ব তাই অনেক বেশী। তবে মাশরাফির চোখে, এটা স্বস্তির জয়ই। কারণ ম্যাচটিতে শুধু প্রতিপক্ষ হল্যান্ড ছিল না, ছিল আবহাওয়াও।
ধর্মশালায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮ রানের স্বস্তির জয় প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘স্বস্তি অবশ্যই। প্রত্যেক ম্যাচ জয় সবসময়ই স্বস্তির, প্রতিপক্ষ যে-ই হোক। তামিম ও বোলারদের পারফরম্যান্স দারুণ ছিল। আশা করি পরের ম্যাচে আমরা আরও উন্নতি করব।’ ম্যাচের ১৭তম ওভার প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘মোমেন্টাম তখন পক্ষে ছিল। আমার মনে হয়েছিল আমারই বোলিং করা উচিত। একবার ভেবেছিলাম যে আল আমিন বা সানিকে দেব কিনা। পরে ভেবেছি না আমারই করা উচিত।’
হারলেই বিদায়ের শঙ্কা জোরালো হত। ফলে জয়টি যে বেশ গুরুত্বপূর্ণই ছিল, তা বোঝা গেল ম্যাশের কণ্ঠেই, ‘জয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। হেরে গেলে অজুহাত দিলে কোনো লাভ হতো না। সেটা ভালো কিছুও হতো না। জিততে পেরেছি এটাই গুরুত্বপূর্ণ। আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
শেষের দিকে ম্যাচের বোলিং পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেন, ‘আমরা চেয়েছিলাম শেষ ওভারে যেন ১৫ থেকে ২০ রানের মধ্যে থাকে। সেই পরিকল্পনা আমাদের সফল হয়েছে। তাসকিন শেষ ওভারে দারুণ বোলিং করেছে। শেষ ওভারে বোলারদের উপর অনেক চাপ থেকে। তবে চাপ উতরে তাসকিন নিজের সেরাটাই দিয়েছে’ ।
উইকেট ও তামিমের ব্যাটিং প্রসঙ্গে মাশরাফি জানান, ‘তামিম যেভাবে ব্যাট করেছে, তা আউটস্ট্যান্ডিং। আমরা যেটা ভেবেছিলাম উইকেট দ্রুতগতির, বাউন্সি হবে। কিন্তু আসলে দেখলাম উইকেট মন্থর ছিল। শট খেলা খুব কঠিন ছিল। আমরা যে ভাবনা নিয়ে এসেছিলাম বা এখানে এসে যা দেখেছি, আজকের পরিস্থিতি তার চেয়ে আলাদা ছিল। পাহাড়ের সঙ্গে তুলনা নয়। তবে অনেক কঠিন ছিল। আল্লাহর রহমতে আমরা সেটা উতরাতে পেরেছি। আশা করি আরও আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচ খেলতে পারব।’











