ইহুদি বসতির বিরুদ্ধে অটল বান কি মুন
ইসরায়েলকে তুলাধোনা
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি সম্প্রসারণের বিরোধিতার প্রশ্নে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানালেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত রবিবার নিউ ইয়র্ক টাইমসে স্বনামে প্রকাশিত নিবন্ধে তিনি আবারও ইসরায়েলের বসতি সম্প্রসারণকে ‘ফিলিস্তিনি জনগণের আত্মসম্মানে প্রকাশ্যে আঘাত’ বলে অভিহিত করেছেন।
একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব তাঁর গত সপ্তাহের বক্তব্যের জেরে ইসরায়েলের করা সমালোচনার জবাবে বলেন, ‘বার্তাবাহককে গুলি করবেন না, ইসরায়েল।’ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তাঁর নিবন্ধের শিরোনামও এটি, ‘ডোন্ট শ্যুট দ্য মেসেঞ্জার, ইসরায়েল’।
নিবন্ধে বান কি মুন বলেছেন, ‘ইসরায়েলি, ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দেয়ালের লিখন পড়ার সময় এসে গেছে—বিদ্যমান পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গত সপ্তাহে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের তীব্র সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। এ প্রসঙ্গে তিনি ফিলিস্তিনিদের হতাশার কথাও তুলে ধরেন। তাঁর এ বক্তব্যের প্রতিবাদ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বান কি মনু ‘সন্ত্রাসকে উৎসাহিত’ করছেন।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আরো ১৫৩টি নতুন বাড়ি নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়ার পরিপ্রেক্ষিতে মহাসচিব বলেছিলেন, শান্তির স্বার্থেই ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধ করতে হবে। তিনি ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের ছুরিকাঘাত, যানবাহনে হামলা ইত্যাদি অনাকাঙ্ক্ষিত ঘটনারও নিন্দা জানান। বান কি মুন জোর দিয়ে বলেন, দখলদারির কারণেই ঘৃণা ও চরমপন্থার জন্ম হয়। ‘ইসরায়েলের আধা শতকের দখলদারির কারণে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়ছে। একই সঙ্গে শান্তিপ্রক্রিয়া অসার হয়ে পড়ছে।’
প্রসঙ্গত, ইসরায়েল ওই নতুন বাড়িগুলো নির্মাণের লক্ষ্যে গত সপ্তাহে পশ্চিম তীরের দক্ষিণ জেরিকো এলাকার ৩৭০ একর জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবেও ঘোষণা দেয়।
জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগ অংশই ইসরায়েলের বসতি সম্প্রসারণকে অবৈধ হিসেবে বিবেচনা করে। তাদের মতে, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় এসবই প্রতিবন্ধকতা তৈরি করছে। বান কি মুন ইসরায়েলের এসব পরিকল্পনাকে ‘উসকানিমূলক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফিলিস্তিনি জনগণের প্রসঙ্গ তুলে বলেন, দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে ইসরায়েল প্রকৃতপক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ কি না তা নিয়ে তাদের (ফিলিস্তিনি) প্রশ্ন তোলার অধিকার রয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ারও ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার সমালোচনা করেন।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের বড় অংশ দখলে নেয়। এর পর থেকে দখলে থাকা এসব ভূখণ্ডে দিন দিন বসতি বাড়িয়ে চলছে ইসরায়েল। তবে তাদের এসব কর্মকাণ্ড কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।











