শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটল প্রধান বিচারপতি, অবসরের পর রায় নয়

112150_f2প্রধান বিচারপতি এস কে সিনহা ফের বলেছেন রিটায়ার্ডের পর কোনো বিচারপতিকে পাবলিক ডকুমেন্টে (রায় লিখতে দেয়া হবে না) হাত দিতে দেয়া হবে না। আমাদের এখানে একটি ভুল নীতি চলে আসছে। বিচারকরা রিটায়ার্ড করার পর রায় লিখেন। পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই। আমাদের দেশ একটি আজিব দেশ। রিটায়ার্ডের পর বিচারক রায় লিখেন ব্যক্তিগত তার কি ইন্টারেস্টে? আইন ও সংবিধানের পরিপন্থি কোনো কাজ এটলিস্ট আমি প্রধান বিচারপতি থাকতে হতে দেবো না। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতি আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপ্রতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, একজন বিচারক যখন রিটায়ার্ড করেন তখন আপনি (সাধারণ নাগরিক) আর আমি (বিচারক) সমান হয়ে যাই। আমার কিন্তু আইন আর কারো রক্ষা করার সাংবিধানিক ক্ষমতা নেই। সিভিল প্রশাসনের কেউ রিটায়ার্ডে যাওয়ার পর আর বাকি কোনো কাজ করার সুযোগ থাকে না। উদাহরণ হিসাবে তিনি দেখান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন চিফ সেক্রেটারি রিটায়ারমেন্টে চলে গেলে তিনি আর অফিসে ঢুকতেই পারবেন না। তারাতো কোনো শপথ নেন না। আর বিচারপতিরা আরও উপরে। আইন সংবিধান রক্ষা করার জন্য শপথ নেন। তাই রিটায়ার্ড করার পর বিচারকের রায় লেখার কোনো অধিকার নেই? আমি এটি এলাউ করবো না।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরো বলেন, আমাদের কিছু আইনজীবী তাদের রাজনৈতিক স্বার্থে বক্তব্য দেন। এই সময় তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। এই প্রসঙ্গে ভারতের একটি বিখ্যাত রায়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন সেই (ভারতের) মামলায় ১৩ জন বিচারপতি দিয়ে কন্সটিটিউশনাল বেঞ্চ হয় সুপ্রিম কোর্টে। প্রায় ছয় মাস এক নাগারে চলে মামলা। এই মামলার রায় কয়েক হাজার পাতার। এটি একটি ইতিহাস। ১৩ জন বিচারপতি যে দিন রায় দেন ঠিক তার পর দিন প্রধান বিচারপতি সিক্রি রিটায়ার্ড করেন। আরও ২ জন বিচারক মারা যান। রিটায়ারে যাওয়ার কারণে প্রধান বিচারপতি স্বাক্ষর করতে রাজি হননি রায়ে। রিটায়ারের পর প্রধান বিচারপতি বলেন আমি সাধারণ নাগরিক। সেই রায়ে ১৩ জন বিচারকের মধ্যে নয়জনের স্বাক্ষর ছিল। এটি একটি ইতিহাস। সারা বিশ্ব এই রায়কে ফলো করে। আমরা অনেক কিছু জানি না। আমাদের সংশোধিত হতে হবে। তিনি আরও বলেন কিছু বিচারক আগে ভুল করেছেন। তারা জানতেন না বা তারা জেনেও প্রধান বিচারপতি এটি চাপিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি তিনি নিজেও রায় লিখে যেতে পারেননি। শ্রদ্ধার সঙ্গে বিচাপতি যারা আছেন তাদের কাছে আমি আবেদন করবো আপনারা যদি আইন ভঙ্গ করেন তবে সাধারণ নাগরিকরা কি করবে। আইন ভঙ্গ করবেন না। ৫ম,৭ম, ৮ম, ত্রয়োদশ সংশোধনী কোর্টের ডিসিশন। কে লিখলো সেটাতো আছে। কোর্টের ডিসিশন হলো ৫ম, ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক। আমি কানাডা, অস্ট্রেলিয়ায় গিয়ে দেখেছি তারা কল্পনাই করতে পারে না একজন বিচারক রিটায়ারের পর রায় লিখবে। আমাদের দেশ একটি আজিব দেশ। রিটায়ার্ডের পর বিচারক রায় লিখেন ব্যক্তিগত তার কি ইন্টারেস্টে? তিনি এই সময় আইনজীবীদের প্রতি আহ্বান জানান লেখা-পড়া করার জন্য। মহাত্মা গান্ধীর বই থেকে উদ্ধৃতি পড়ে শুনান। এ সময় নিজের মোবাইলে (নিজের) আসা একটি এসএমএস পড়ে শুনান উপস্থিত আইনজীবীদের। যেখানে তার এক বন্ধু বিচারপতি রশিদ লিখেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একটি রেজ্যুলেশন করেছে কেয়ারটেকার সরকার বাতিলের রায় অবৈধ। কারণ প্রধান বিচারপতি বলেছেন রিটায়ার্ডের পর রায় লেখা সংবিধান পরিপন্থী। এই খুদেবার্তা পড়ে বলেন এখন আমি হাসবো না কাঁদবো ? এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আমাদের সভ্যতা আমাদের ইকনোমি আমরা ডেভলাপিং কান্ট্রি হিসাবে এগিয়ে যাচ্ছি। আমরা বিচারকরা আমরা আইনজীবীরা যদি আমাদের নীতি বিবেককে হারাই তবে আমাদের দাঁড়ানোর আর জায়গা থাকবে না। আইন পেশা একটি মহান পেশা। কিন্তু এখন প্রত্যেকটি বার পলিটিক্যাল প্লাটফরম হয়ে গেছে। এক বিচারক বলে বেড়াচ্ছেন রিটায়ার্ডের পর রায় লিখলে যদি অবৈধ হয় তা হলে ৫ম,৭ম, ৮ম সংশোধনী সব বাতিল হয়ে যাবে।

প্রধান বিচারপতি বলেন, এখন অনেকেই আমার বক্তব্যের সূত্র ধরে নানা ফন্দি ফিকির বের করছে। তখন একটি উদাহরণ দিয়ে বলেন সম্প্রতি রিটায়ারে যাওয়া এক বিচারপতি (শরিফ উদ্দিন চাকলাদার) আবেদন করেছেন সুপ্রিম কোর্টে প্রাকটিস করার জন্য। অধিকার আছে। এখন প্রাকটিসও করবেন আবার রায়ও লিখবেন। এটি কেমন করে হবে। অতীতে কোনো কোনো বিচারপতি অবসরের পর রায় লিখেছেন। কিন্তু এটি এখন কোর্টের রায়। না জানার কারণে এটি হয়েছে। মার্শাল ল’এর আমলে এরকম অনেক কাজ হয়েছে। কিন্তু এখন দেশে আইনের শাসন আছে। গণতন্ত্র আছে। আমরা আইনকে সমুন্নত রাখবো। আইন ও সংবিধানের পরিপন্থি কোনো কাজ এটলিস্ট আমি প্রধান বিচারপতি থাকতে হতে দেবো না। তিনি আরও বলেন, কোনো কোনো বিচারক ৪-৫ বছরে রায় লিখতে পারেন না। ছুটি নিয়ে বিদেশে চলে যায় সরকারি খরচে বেড়াতে। রায় লেখার সময় পান না। আর অবসরে যাওয়ার পর লিখতে চান। তা সম্ভব না। তিনি বলেন, প্রয়োজনে এখনই ছুটি নিয়ে লিখুক। ছুটি দেয়া হবে। অবসরে গেলে রায়ের বিষয়টি কোর্ট দেখবে। রিটায়ার্ডের পর কোনো বিচারপতিকে পাবলিক ডকুমেন্টে হাত দিতে দেয়া হবে না।

মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোছাব্বির-এর সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. শফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মোতাহির আলী, জেলা প্রশাসক কামরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কিউ এম নাসির উদ্দিন,পুলিশ সুপার মো. শাহজালাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট বিশ্বজিত ঘোষ প্রমুখ।