শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমির চেয়েও বড় ম্যাচ মামুনুলদের!

0227486বাংলাদেশ অলিম্পিক দলের বিপক্ষে তেমন ভালো খেলেনি বাহরাইন। মূল জাতীয় দলের সামনে তারা কেমন করবে, সেটি অবশ্য ধোঁয়াশাই। কারণ মারুফুল হকের দল এই আসরে সাফ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে চেয়েও পারছে না। এক ম্যাচ জিতে আজ তারা সেমিফাইনাল খেলছে ঠিকই, কিন্তু খেলায় আশানুরূপ মানের ছাপ নেই। বাহরাইনের অনূর্ধ্ব-২০ বছর বয়সী ফুটবলারদের বিপক্ষেও তাই বড় পরীক্ষা মামুনুল ইসলামদের।

প্রায় একই ধরনের দল নিয়ে গত আসরের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাহরাইন। এবার তারাও এক জয়ে সেমিফাইনালে। বাহরাইনের কোচ মারজান ইদের মতে এই ম্যাচে সমান লড়াই হবে, ‘দুই দলেরই সমান সম্ভাবনা ফাইনালে যাওয়ার। আমার মনে হয় উন্মুক্ত একটা ম্যাচ হবে। দর্শকরা উপভোগ করবে।’ বাংলাদেশ দলের ফাইনালে ওঠার চেয়ে এই মুহূর্তে মামুনুলদের কাছ থেকে সেই উপভোগ্য ফুটবলই নিশ্চয় বেশি আশা করছে স্বাগতিক দর্শকরা। খেলোয়াড়রা কতটা প্রতিশ্রুতি দিতে পারছেন? বাংলাদেশ অধিনায়কের দাবি, ‘ভালো খেলার মন-মানসিকতা সবারই আছে। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে এই ম্যাচে।’ প্রত্যাশা ও বাস্তবতার এখানে ফারাক হলো, দলটি মোটেও ছন্দে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে জেতা প্রথম ম্যাচেও পুরো ৯০ মিনিট তারা সমান তালে খেলতে পারেনি। পরের ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে হারতে হারতে ড্র করেছে। নেপালের সঙ্গে গোলশূন্য তৃতীয় ম্যাচটি ছিল সবচেয়ে বিরক্তিকর। সেমিফাইনাল জেতার কোনো মোমেন্টাম আসলে তারা তৈরি করতে পারেনি। টুর্নামেন্টের শুরু থেকে সাফ ব্যর্থতা ঝেড়ে ফেলার যে চাপ চেপে বসেছিল তাদের কাঁধে, সেটিই এখনো ঝেড়ে ফেলা সম্ভব হয়নি। মামুনুল নিজেই তা স্বীকার করেছেন, ‘টুর্নামেন্টটা শুরুই করেছি আমরা একরাশ চাপ মাথায় নিয়ে। সেটি কাটিয়ে উঠে পারফর্ম করাটাই আমাদের চ্যালেঞ্জ।’

অর্থাৎ আজও চাপ থাকছে। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পরও নেপালের বিপক্ষে তাদের এলোমেলো ফুটবল দেখে সে আন্দাজ করা গেছে—দলটি এখনো স্বরূপে ফেরেনি। বাহরাইন সেই দুর্বলতা কাজে লাগাতেই চাইবে। কাল মারজান ইদ তো বলেই দিলেন, ‘এই ম্যাচে বাংলাদেশই চাপে থাকবে। হতে পারে তারা জাতীয় দল, মানের দিক থেকে, শারীরিক দিক দিয়ে আমাদের চেয়ে এগিয়ে। কিন্তু আমার তরুণ দলটার ওপরও আমার আস্থা আছে। আমরা তাই জেতার জন্যই খেলব।’ বাংলাদেশ দলের কোচ মারুফুল হকও সমান সম্ভাবনা দেখছেন দুই দলের, ‘সেমিফাইনাল ম্যাচে কোনো দলকেই পিছিয়ে রাখা যায় না। আমারও মনে হচ্ছে লড়াইটা উন্মুক্ত হবে।’ তবে নিজের দলের ওপরও জোরালো আত্মবিশ্বাস নেই তাঁর, ‘প্রথম দুই ম্যাচে গোল হজম করলেও শেষ ম্যাচটা আমরা ক্লিনশিট রাখতে পেরেছি, এটি ইতিবাচক দিক। তবে এই ম্যাচে আবার আমরাও গোল পাইনি, এটি দুশ্চিন্তার। আমি চেষ্টা করেছি এ নিয়ে খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে উদ্দীপ্ত করতে। আশা করি এই ম্যাচে আমাদের ফিনিশিং ভালো হবে।’ কোচের সঙ্গে মামুনুলের প্রত্যাশাও একঘেয়ে শোনায়, ‘যাদের চেষ্টাটা এদিন বেশি থাকবে, তারাই ম্যাচ জিতে বেরোবে। আমাদের চেষ্টা থাকবে সুযোগ পেলে সেগুলো খুব ভালোভাবে কাজে লাগানোর। যে করেই হোক আগের ম্যাচগুলোর চেয়ে ভালো খেলতে হবে আমাদের এদিন।’

অধিনায়কের শেষ কথাটিই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের একটি ম্যাচেও লাল-সবুজের এই দল প্রত্যাশা মেটাতে পারেনি দর্শকদের। এই ম্যাচে সেই চ্যালেঞ্জই সবার আগে। বাংলাদেশ ছন্দময় ফুটবল খেলতে পারলে বাহরাইনের এই দলের দাঁড়াতে পারার কথা নয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে আসরের প্রথম এই সেমিফাইনাল। যশোর পর্বের ম্যাচগুলোতে উপচে পড়া দর্শক হলেও ঢাকায় সেটি দেখা যায়নি। টুর্নামেন্টের শুরু থেকেই এটি আলোচনায় ছিল যে সাফের ব্যর্থতার পর গত বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো এবারও আসর জমাতে হলে দায়িত্বটা নিতে হবে ফুটবলারদেরই। অর্থাৎ পারফর্ম করতে হবে মামুনুলদের। গ্রুপ পর্বে সেই দায়িত্ব পালনে তাঁরা ব্যর্থ। আজ দর্শকদের মাঠে ডাকার তাই মুখ নেই তাঁদের। তবে ফুটবলপ্রেমীরা চাইলে পারেন ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আরেকবার সাড়া দিতে। তাতে সফল হলে ফাইনালের রোমাঞ্চ তো রইলই।