বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে এখনো বাইরের মানুষ তিনি?

news-image

আর কয়েকদিন পর অমিতাভ বচ্চন আর ফারহান আখতারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছয় বছর ধরে নামী পরিচালকদের সঙ্গে কাজ করার পর এটাই মনে করেন অদিতি রাও হায়দারি। কেন? সেটার উত্তর দিলেন নিজেই…

অদিতি রাও হায়দারির ছয় বছর কাজ করছেন বলিউডে। কিন্তু তাও তিনি ইন্ডাস্ট্রির একজন হয়ে উঠতে পারেননি। এখনো পর্যন্ত নিজেকে 'বাইরের লোকই মনে করেন। এরকমটা বলছেন তিনি নিজেই। রাকেশ ওমপ্রকাশ মেহেরার 'দিল্লি-৬'-এ রমা বুয়ার চরিত্রে প্রথম দেখা গিয়েছিল তাকে। কিন্তু চোখে পড়েন সুধীর মিশ্রর 'ইয়ে শালি জিন্দেগি' ছবি থেকে। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অদিতিকে। যদিও সব ছবি যে সাফল্যের মুখ দেখেছে এমনটা নয়। কিন্তু বলিউডে আলাদা একটা জায়গা করে নিতে তার কোনো অসুবিধে হয়নি। আমি নিজেকে বলিউডের একজন মনে করতে পারি না সবসময়। অনেক স্টারকে দেখি যে কোনো সিরিয়াস ইস্যু নিয়ে সোশাল মিডিয়ায় কথা বলছেন। অনেকে তাকে সাপোর্ট করছেন। ফলে সেই সামাজিক আলোচনাটা আরো গুরুত্ব পাচ্ছে। ব্যাপারটা বেশ ভালো। কিন্তু আমি কোনদিন এরকম করে উঠতে পারবো না। আমার সোশাল মিডিয়া মানে বন্ধু, কাজিন, মামা, কাকা, মাসি, পিসি। ফলে বুঝতেই পারছেন আমি এখনো ঠিক বলিউডের মতো করে নিজেকে বদলে নিতে পারিনি। ডিজিটালি নিজেকে প্রমোট করাটা এখন খুবই জরুরি। কারণ এখন ডিজিটাল মিডিয়াই আপনার ইমেজ তৈরি করে। কিন্তু আমি পারি না।

২৯ বছর বয়সী 'লন্ডন প্যারিস নিউইয়র্ক'-এর এই অভিনেত্রী জানান, কোনো বড় প্রোডাকশন হাউস বা কোনো বড় অভিনেতার হাত নেই তার মাথায়। ফলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যে তাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। বলিউডে কাজ পাওয়া মোটেই সোজা নয়। রোল পেতে রীতিমতো খাটতে হয়েছে তাকে। 'আমি ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোচ্ছি। বলিউডের কাউকে চিনতাম না।

কোনো বড় ব্যানারের পৃষ্ঠপোষকতা ছিল না। আমি মুম্বাইয়েরও নই। এমন কোনো ছক আমার জানা ছিল না যাতে অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারি। অন্যের পিঠে ছুরি মেরে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না আমার। তাই প্রতিদিন আমাকে স্ট্রাগল করতে হয়েছে। নিজের পছন্দমতো ছবি করার জন্যে এখনো করতে হচ্ছে – জানাচ্ছেন অদিতি।

যদিও তিনি সুধীর মিশ্র, ইমতিয়াজ আলি, সুভাষ কাপুরের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু অদিতির বক্তব্য প্রতিবারই পরিচালকরা তাকে বেছে নিয়েছিলেন। কারণ পরিচালক পছন্দ করে কাজ করার মতো অবস্থা তার ছিল না। অদিতির বক্তব্য, আমার ক্ষমতা নেই বলার যে আমি অমুক পরিচালকের সঙ্গে কাজ করব, আর অমুকের সঙ্গে করব না। কিন্তু আমার কাছে যে অফারগুলো ছিল তার মধ্যে থেকে ফিল্ম বাছার ক্ষমতা আমার অবশ্যই আছে। আমি খুব আশাবাদী। সব সময় বিশ্বাস করি, কোনো ভালো জিনিস যদি ভাগ্যে থাকে, নিশ্চয়ই তা আমার কাছে আসবে।

অদিতির পরবর্তী ছবি বিজয় নাম্বিয়ারের 'ওয়াজির'। অমিতাভ বচ্চন আর ফারহান আখতারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাচ্ছেন তিনি। এই ছবিতে তার চরিত্র এক অল্পবয়সী মায়ের। তবে এই চরিত্রটি পাওয়ার জন্যে রীতিমতো অডিশন দিতে হয়েছে তাকে।

অডিশন দিতে আমার কোনো সমস্যা নেই। কারণ চরিত্রটা বুঝতে পারছি কিনা সেটা তো আমারো জানা দরকার। একগাদা লোকের সঙ্গে একই লাইনে দাড়িয়ে অডিশন দেওয়ার কথা বলছি না কিন্তু। সেটা হাস্যকর জবাব অদিতির। স্টেরিওটাইপ হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তা সে যে তকমাই হোক না কেন। তার থেকে নিজের চেষ্টায় নানারকম চরিত্র করেই খুশি তিনি।