ঘোষণা আসুক আর না আসুক আজ ৫০!
বিনোদন ডেস্ক : তাঁকে নিয়ে আগ বাড়িয়ে কিছু বলাটাও মুশকিল। বলিউডের এই তারকা অভিনেতা নিজেও হয়তো ঠিক করে রাখেন না পরের কাজটি তিনি কি করবেন, কি বলবেন। কানাঘুষা চলছে গত কয়েক দিন ধরেই। আজ তাঁর ৫০তম জন্মদিন। বলিউডের তারকা অভিনেতা সালমান খানের। আজ তিনি তাঁর বিয়ের ঘোষণা দেবেন— এমন খবরে তোলপাড় সবখানেই। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য সম্ভবত আরও বেশ কয়েক ঘণ্টা অপেক্ষাই করতে হবে ভক্তদের।
তবে বিয়ের ঘোষণা আসুক আর না আসুক; আজ ঠিকই হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন সালমান খান। ঢাকায় বসে তাঁকে অগ্রিম কিছু বলা না গেলেও প্রথম আলোর পাঠকদের জন্য সালমান সম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি এই প্রতিবেদনে থাকছে কিছু অজানা তথ্যও।
সালমান খানের পুরো নাম একটু বড়ই— আব্দুল রশিদ সেলিম সালমান খান। তাঁর জন্ম ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। বাবা সেলিম খান এবং মা সুশীলা চরক। সেলিম খানের প্রথম স্ত্রী ও সালমানের মা সুশীলা চরক মহারাষ্ট্রের মেয়ে। সালমানের বাবা সেলিম খান অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে সুপরিচিত হলেও একটা সময়ে তিনি ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৬৪ সালে সুশীলাকে বিয়ে করেন সেলিম। পরের বছর সালমানের জন্ম হয়। সেলিম-সুশীলা দম্পতির চার সন্তান সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা।
১৯৮১ সালে দ্বিতীয় বিয়ে করেন সেলিম খান। তাঁর দ্বিতীয় স্ত্রী এক সময়ের পর্দা-কাঁপানো বলিউডের অভিনেত্রী হেলেন। বিয়ের পর মেয়ে অর্পিতা খানকে দত্তক নেন সেলিম-হেলেন দম্পতি। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় সালমান।
নায়ক সালমানের শুরুটা অনেকটা— এলাম, দেখলাম জয় করলামের মতোই বিষয়। ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক। এরপর ১৯৯০ সালে মুক্তি পায় তাঁর পরবর্তী সিনেমা ‘বাঘী’। এই সাফল্যের রেশ ধরেই একে একে ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘জড়ুয়া’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘হ্যালো ব্রাদার’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘তেরে নাম’, ‘দাবাং’ ১ ও ২, ‘এক থা টাইগার’, ‘ওয়ান্টেড’, ‘বডিগার্ড’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবি দিয়ে সালমান জানিয়ে দিয়েছেন ‘ফ্লপ’ শব্দটি তাঁর মোটেও পছন্দের নয়।
অবশ্য ‘ফ্লপ’ ছবি যে তাঁর এই দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে একবারেই নেই; তা নয়। ‘বীর’, ‘যুবরাজ’, ‘লন্ডন ড্রিমস’, ‘ম্যায় অর মিসেস খান্না’, ‘ইয়ে হ্যায় জালওয়া’— ফ্লপই করেছিল । অবশ্য একে চাঁদের কলঙ্ক বললে অত্যুক্তি হবে না।
অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও নিজেকে পরিচিত করেছেন সালমান খান। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হ্যালো ব্রাদার’ ছবিতে ‘চান্দি কি ডাল পার’ গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দেন সালমান। ২০১১ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে ঝড় তোলা ‘বডিগার্ড’ ছবির টাইটেল গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। তাঁর গাওয়া গানের মধ্যে আরও রয়েছে ‘হ্যাংওভার’ (কিক), ‘জুম্মে কি রাত’ (কিক), ‘তু হি তু হার জাগা’ (কিক) এবং ‘ম্যায় হু হিরো তেরা’ (হিরো)। সম্প্রতিও আরও বেশ কিছু ছবিতেও তিনি গান করেছেন।
অভিনেতা সালমান খান একজন ভালো চিত্রশিল্পীও বটে। অবসরে দারুণ সব পেইন্টিং আর স্কেচ করার ক্ষেত্রে সুনাম রয়েছে তাঁর। সালমান খান তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের প্রায়ই নিজের আঁকা ছবি উপহার দিয়ে থাকেন। আবার, বেশ কয়েকবার দাতব্য বা চ্যারিটির জন্যও তিনি তাঁর আঁকা ছবির প্রদর্শনী করেছেন।
বলিউডের বেশ কিছু তারকা আছেন, যারা পড়াশোনার দিক থেকে খুব বেশি দূর এগোতে পারেননি। সালমানও রয়েছেন এ তালিকায়। সালমান তাঁর ভাইদের সঙ্গে গোয়ালিয়রের স্কিন্দিয়া স্কুল ও বান্দ্রার সেন্ট স্ট্যানিসলাউস স্কুলে পড়াশোনা করেছেন। কিন্তু এরপর আর তেমন পড়াশোনা করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায় না।
সংবাদমাধ্যমে বরাবারই ‘হিট আইটেম’ সালমান খান। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে বারবার খবরের শিরোনাম হতে দেখা যায় সালমানকে। সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেম, এরপর বিচ্ছেদ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ জন্য অনেকের সঙ্গে হাতাহাতি করে সমালোচিতও হয়েছেন সালমান। পরবর্তীতে ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি, সোমি আলী, লুলিয়া ভেঞ্চুরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে সালমানের। এ ছাড়া, ‘হিট অ্যান্ড রান’ এবং ‘কৃষ্ণসার’ হরিণ হত্যা’ মামলা নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এ তারকা।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি বান্দ্রায় একটি বেকারির সামনের ফুটপাথে উঠে যায়। ওই সময় বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় ও আহত হয় চারজন। দীর্ঘ ১৩ বছর ধরে চলে আসা ‘হিট অ্যান্ড রান’ মামলায় সম্প্রতি উচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন সালমান খান। চলতি বছরের ৬ মে, সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত। পরে সালমানকে জামিনে মুক্তি দেন উচ্চ আদালত। তারপর থেকেই এই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন ছিল। গত ১০ ডিসেম্বর, ‘হিট অ্যান্ড রান’ মামলার সকল অভিযোগ থেকে সালমানকে মুক্তি দেন উচ্চ আদালত। তবে এ সপ্তাহে মামলাটি উচ্চ আদালতে আপিল করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত; সালমানের পরবর্তী সিনেমার নাম ‘সুলতান’। বর্তমানে এ ছবির শুটিং নিয়েই ব্যস্ত তিনি। ‘সুলতান’ ছবিতে সালমানকে দেখা যাবে একজন বিখ্যাত কুস্তিগিরের ভূমিকায়। তাই নিজেকে প্রস্তুত করতে নানা ধরনের শারীরিক কসরত ও প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কুস্তি শেখার জন্য বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন সারমান। সালমান ছাড়াও ‘সুলতান’ ছবিটিতে আরও অভিনয় করছেন, রণদীপ হুদা, অমিত সাধ। ‘সুলতান’ পরিচালনা করছেন আব্বাস জাফর। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
সালমানের ৫ অজানা তথ্য:
অবাধ তথ্য প্রযুক্তির এ যুগে অজানা অনেক বিষয়ও এক সময় জানা হয়ে যায়। তারকা অভিনেতা সালমান খানের অজানা সব খবর জানার জন্য আগ্রহের শেষ নেই তাঁর অগণিত ভক্তদের। জন্মদিনে সালমান-ভক্তদের জন্য চমকপ্রদ অজানা ৫ তথ্য।
তুখোড় সাঁতারু
চাইলেই একজন সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান। স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
ভোজনরসিক
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লন্ডন ড্রিমস’ ছবির শুটিংয়ের কাজে লন্ডনে থাকার সময় স্থানীয় খাবার খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলেন সালমানসহ ছবির দলের সব সদস্য। এ অবস্থায় শুধু বিরিয়ানি খাওয়ার জন্য নিজের বাবুর্চিকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন সালমান। চাইনিজ খাবার খেতেও খুব পছন্দ করেন এই ‘বজরঙ্গি ভাইজান’ তারকা। তাঁর সবচেয়ে পছন্দের রেস্তোরাঁ মুম্বাইয়ের চায় না গার্ডেন।
সালমানের কুসংস্কার
সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো একটা ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে এই ব্রেসলেটটা খোলেন না তিনি। শুধু সালমানই নন, তাঁর বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তাঁরা।
প্রাকৃতিক সাবানের ভক্ত
প্রাকৃতিক উপাদান থেকে তৈরি সাবান ব্যবহার করেন সালমান। বিশেষ করে ফলের নির্যাস থেকে তৈরি সাবানই তাঁর বেশি পছন্দ। প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হরেক রকমের সাবান রয়েছে তাঁর স্নানঘরে।
নিয়মিত রক্তদান
মারামারি, ঝগড়াঝাঁটির জন্য সালমানের বদনাম অনেক থাকলেও নানা ধরনের দাতব্য কাজে সালমানের সক্রিয় সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। অনেক দিন থেকেই নিজের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে অংশ নিয়ে আসছেন এই অভিনেতা। শুধু তা-ই নয়, নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন তিনি। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।











