বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাওহিদপন্থী নবী ঈসা (আ.)এর জন্মদিন আজ

news-image

অধিকাংশ খ্রিস্টধর্মীদের মতে, ২৫ ডিসেম্বর হচ্ছে ঈসা (আ.) এর জন্মদিন। এবছর প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) এবং হজরত ঈসা (আ.) এর জন্মদিন একই দিনে পালিত হচ্ছে। শেষ নবী মুহাম্মদ (সা.) এর প্রায় সাড়ে ৫শ বছর আগে পৃথিবীর বুকে আগমন করেছিলেন ঈসা (আ.)।

ঈসা (আ.) ছিলেন মানবতার নবী। পবিত্র কোরআনের ১১৪টি সূরার একটির নাম সূরা মরিয়ম। ঈসা নবীর আবির্ভাব, জন্ম রহস্য, সবই এ সূরায় প্রকাশ করা হয়েছে। মুসলিম উম্মাহর কাছে তিনি নবী ও রাসুল হিসেবে অনেক সম্মানিত ও মর্যদাবান।

আমরা তার অনুসারী না হলেও নবী হিসেবে আমাদের কাছে তিনি গ্রহণযোগ্য। তাকে অস্বীকার করলে আমাদের ধর্মীয় বিশ্বাস ক্ষতিগ্রস্তই হয়। যে ধর্মগ্রন্থে আমরা বিশ্বাসী, সে ধর্মগ্রন্থেই তার পরিচয় স্পষ্ট। খ্রিস্টধর্মের অনুসারীদের কাছে তিনি যিশুখ্রিস্ট হিসেবে পরিচিত। তারা তাকে প্রভুও মানে। আল্লাহর পুত্র হিসেবেও মনে করে। তাদের কাছে তিনি মুক্তিদাতা। তিনি ত্রাণদাতা। মানবকুলের পাপের বোঝা তিনি নিয়েছেন নিজের ওপর। পাপীদের মুক্ত করতেই তিনি এসেছেন। তবে ইসলাম এসব আকিদার সঙ্গে একমত নয়। ইসলামের দৃষ্টিতে ঈসা (আ.) আল্লাহর নবী। অসুস্থকে সুস্থ করার, মৃতকে জীবিত করার অলৌকিক ক্ষমতা তাকে প্রদান করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।

ঈসা (আ.) একদিকে ছিলেন মানবপ্রেম ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অগ্রগামী, অন্যদিকে ছিলেন জুলুম, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে অনুকরণীয় আদর্শ। মহান আল্লাহ তাঁকে আসমানি গ্রন্থ ইঞ্জিল দিয়ে বনি ইসরাইলদের কাছে রাসুল হিসেবে পাঠিয়েছিলেন। সূরা আলে ইমরানের ৪৮ ও ৪৯ নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘ঈসা (আ.) বলেন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন এনেছি। আমি কাদা দিয়ে একটি পাখির মূর্তি তৈরি করে, তাতে ফুঁ দেব। ফলে তা আল্লাহর ইচ্ছায় পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করব এবং আল্লাহর অনুমতিক্রমে মৃতকে জীবিত করব। তোমরা তোমাদের ঘরে যা খাও এবং জমা করো আমি তাও তোমাদের বলে দেব। তোমরা যদি বিশ্বাসী হও তবে সত্য মেনে নেয়ার ব্যাপারে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।’

ঈসা (আ.) এমন এক ব্যক্তি ছিলেন, যিনি জন্মের পর অর্থাৎ দোলনা থেকেই কথা বলতে পারতেন এবং তিনি যা বলতেন, সত্য বলতেন। পবিত্র কোরআনের সূরা মরিয়মের ৩০ থেকে ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘ঈসা (আ.) বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আজীবন নামাজ ও জাকাত আদায় এবং মায়ের অনুগত থাকতে। আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। শান্তি আমার প্রতি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব।’

আল্লাহ মানবজাতিকে একত্ববাদের দিকে আহ্বানের জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। নবী-রাসুলরা আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধির জন্য একত্ববাদের কথা বলতে গিয়ে তাঁরা নানা ধরনের বাধা-বিপত্তি, ভয়-ভীতি, জুলুম-নির্যাতন ও জানমালের ক্ষতির শিকার হয়েছেন। ঈসা (আ.) ও এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন না। মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়ার ক্ষেত্রে তাকে যেমন ত্যাগ-তিতিক্ষা সহ্য করতে হয়েছে, তেমনি তার কুমারী মা মরিয়ম (আ.) কেও অনেক দুঃখ-কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে।

মরিয়ম (আ.) ছিলেন ইমরান (আ.) এর মেয়ে। আল্লাহর দরবারে মরিয়ম (আ.) ছিলেন অসম্ভব মর্যাদার অধিকারী। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। মরিয়ম (আ.) ছোটবেলা থেকেই যাকারিয়া (আ.) এর তত্ত্বাবধানে ছিলেন। তিনি তার প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতসহ অন্যান্য ধর্মীয় দায়িত্ব পালনে কাটাতেন। মরিয়ম (আ.) আল্লাহর ইবাদত ও ধ্যানে এত মশগুল থাকতেন যে, নিজের খাবারের কথাও ভুলে যেতেন। কিন্তু মরিয়ম (আ.) এর অভিভাবকের দায়িত্বপালনকারী যাকারিয়া (আ.) যখনই তার কক্ষে যেতেন, তখনই সেখানে বেহেশতি খাবার দেখতে পেতেন।
তিনি এত মর্যাদার অধিকারী হয়েছিলেন যে, নবী-রাসুল না হওয়া সত্ত্বেও তার কথা পবিত্র কোরআনের অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। এ পর্যায়ে আমরা কুমারী মা মরিয়ম (আ.) এর গর্ভে ঈসা (আ.) এর জন্মের কাহিনী জানব পবিত্র কোরআন থেকে।

সূরা মরিয়মের ১৬ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,  ‘হে মুহাম্মদ! এই কিতাবে মরিয়মের অবস্থা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল এবং তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। এ অবস্থায় আমি তার কাছে নিজের রুহ অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবাকৃতি নিয়ে হাজির হলো।
ঈসা (আ.) একাধারে ৩০ বছর আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। কিন্তু বনি ইসরাইলের আলেমদের শত্রুতার কারণে লোকজন ঈমান আনা থেকে বিরত থাকত।

স্বল্পসংখ্যক লোকজন যারা তার কথায় ঈমান এনেছিল, তাদের অনেককেই শিষ্য হিসেবে মনোনীত করলেন, যাতে তারা আল্লাহর পথে বা সত্য দ্বীনের পথে আহ্বানের ক্ষেত্রে তার সহযোগী হন। কিন্তু ইহুদিরা ঈসা (আ.) এর সঙ্গে এত বেশি শত্রুতা করতে লাগল যে, শেষ পর্যন্ত তার ওপর তারা আক্রমণই করে বসল। তারা চেয়েছিল ঈসা (আ.) কে মেরে ফেলতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অত্যাচার থেকে ঈসা (আ.) কে রক্ষা করলেন। তাকে সশরীরে জীবন্ত আসমানে উঠিয়ে নিলেন। ইসলামের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী ঈসা (আ.) বেঁচে আছেন এবং শেষ জমানায় মাহদি (আ.) যখন আবির্ভূত হবেন, তখন তারও আগমন ঘটবে। শুধু তাই নয়, তিনি ইমাম মাহদির ইমামতিতে নামাজ পড়বেন এবং বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাকে সহযোগিতা করবেন। লেখক : বিশ্ববিদ্যালয় শিক্ষক