খালেদার বক্তব্যের তিন কারণ
//হঠাৎ এই ইস্যু কেন?//খালেদার বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে তোলপাড়//খালেদার বক্তব্যে বিএনপির অনেকেও বিব্রত//
শিমুল রহমান : মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশ্ন তোলা কিংবা সংশয় প্রকাশ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ প্রায় প্রতিটি মহলেই বিরূপ প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। খোদ বিএনপির অনেক দায়িত্বশীল নেতাও তার মন্তব্যে কিংকর্তব্যবিমুঢ়, বিব্রত। এজন্য দলীয় নেতারাও তার বক্তব্যের পক্ষে-বিপক্ষে প্রকাশ্যে কিছু বলা থেকে বিরত রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য যিনি একজন মুক্তিযোদ্ধা-তিনি সঙ্গে আলাপকালে বলেন, দলের কয়েক সহকর্মীর সঙ্গে কথা বলে আমি যেটি অনুমান করতে পারি সেটি হচ্ছে- যদি তিনি (খালেদা জিয়া) ইচ্ছা করেই এই প্রশ্ন তুলে থাকেন, তাহলে এর পেছনে তিনটি কারণ থাকতে পারে। প্রথমত: এই বক্তব্যের পেছনে জোটসঙ্গী জামায়াতের প্রভাব রয়েছে। জোটের এই শরিক দলটির সঙ্গে কোথাও হয়তো অদৃশ্য দূরত্ব দেখা দিয়েছে-সেই দূরত্ব কমাতে কিংবা এক ধরনের চাপে তিনি এই কথাটি বলে থাকতে পারেন। দ্বিতীয়ত: বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ কোনো একটি বা একাধিক দেশ-শক্তির প্ররোচণায় তাদের ফাঁদে পা দিয়ে থাকতে পারেন। তৃতীয়ত: সম্প্রতি লন্ডন সফরে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ তিনি সেখানে এমন কারও সঙ্গে বৈঠক করেছেন, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যার বিষয়টি আলোচনা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন যেটির প্রতিফলন ঘটিয়েছেন তার এই মন্তব্যের মাধ্যমে।’
বিএনপির এই নেতার মতে, তারেক রহমানও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বই-পত্রের উদ্ধৃতি দিয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন, তা বিতর্কের সৃষ্টি করে।
বিএনপির ভেতর-বাইরে ও রাজনৈতিক মহলেও প্রশ্ন- স্বাধীনতার ৪৪ বছর পর, তাও আবার বিজয়ের মাসেই খালেদা জিয়ার মতো নেতৃত্ব হঠাৎ এই ইস্যুকে সামনে আনলেন কেন? তার এই মন্তব্য কি সত্যিই অসাবধানতাবশত:? নাকি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তিনি বলেছেন? যদি সিদ্ধান্ত নিয়েই বলে থাকেন-তাহলে এর নেপথ্য কারণ কি? নানা প্রশ্নের উদ্রেক হয়েছে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার, বিশেষ করে সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন-এমন নেতাদের মনেও। তবে অবস্থানগত কারণে তারা নাম প্রকাশ করতে রাজি হননি।
গত সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে খালেদা জিয়া বলেছেন ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। মুক্তিযুদ্ধে আসলে কত লোক শহীদ হয়েছে, এনিয়ে নানা বই-কিতাবে নানা তথ্য আছে।’ এই বক্তব্যের জন্য সুপ্রিম কোর্টের এক আইনজীবী গতকাল তাকে উকিল নোটিশও পাঠিয়েছেন।
খালেদা জিয়ার মন্তব্য এবং এটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও ফোরাম-মঞ্চের প্রতিবাদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য (যিনি সোমবার ওই সমাবেশে উপস্থিত ছিলেন) গতকাল সঙ্গে আলাপকালে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত, স্তম্ভিত। আমিসহ আমাদের দলের অনেকেও বিভিন্ন সভা-সমাবেশে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের কথা বলে থাকি। যতটুকু মনে পড়ে, আমাদের চেয়ারপারসনও অতীতে বিভিন্ন অনুষ্ঠানে ৩০ লাখ শহীদের কথা বলেছেন, প্রধানমন্ত্রী থাকাকালে ও কখনও তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেননি। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তার একাধিক বক্তব্যে ৩০ লাখ শহীদের কথা উল্লেখ করেছেন। সেখানে হঠাৎ করে কেন তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন তা বোধগম্য নয়।’
যদিও সোমবারের ওই মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখা বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের মতে, খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে নিজে কোনো মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে বিতর্ক আছে সেটিই শুধু তিনি উল্লেখ করেছেন মাত্র। দলের আরেক ভাইস-চেয়ারম্যানের মতে, খালেদা জিয়া মুখ ফসকেও কথাটি বলে থাকতে পারেন।
উদার রাজনীতিতে বিশ্বাসী বলে পরিচিত বিএনপির বিভিন্ন স্তরের কয়েকজন নেতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা বলেন, বিষয়টি এমন নয় যে-এই প্রশ্নটি তোলা খালেদা জিয়ার জন্য অপরিহার্য বা জরুরি ছিল। সরকার-আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে তিনি কার্যত দেশের ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই বলে ফেলেছেন। কেননা সত্য হলেও অনেক সময় নিজের দেশের স্বার্থে তা বলা সমীচীন নয়। বিশেষ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটির জন্ম, সেই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যার মতো খুবই স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন তোলা জরুরি কোনো বিষয় ছিল না। তাছাড়া দেশ স্বাধীনের পর যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তীতে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত অনেকেই তাদের বিভিন্ন বক্তব্যে, নিবন্ধে, গবেষণায় ও পুস্তকে ৩০ লাখ শহীদের কথা উল্লেখ করেছেন। ৪৪ বছর ধরে এই সংখ্যাটিই প্রতিষ্ঠিত। মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিলপত্রেও এই সংখ্যাটি উঠে এসেছে। এরকম একটি প্রতিষ্ঠিত বিষয়ে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের প্রাক্তন বিরোধী দলীয় নেতা সেই খালেদা জিয়ার কাছ থেকে এই প্রশ্ন উত্থাপন দলের হাজার হাজার নেতা-কর্মী-সমর্থককেও কষ্ট দিয়েছে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমও গতকাল সোনারগাঁও হোটেলে এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের একটি অনুষ্ঠানে বলেছেন ‘একজন সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিত। জামায়াতের সঙ্গে ঘর করতে গিয়ে এবং পাকিস্তানকে খুশি করার জন্যই তিনি কথাটি বলেছেন। অথচ তার স্বামী (জিয়াউর রহমান) একজন মুক্তিযোদ্ধা ও একজন সেক্টর কমান্ডার ছিলেন। খালেদা জিয়া তার স্বামীকেও খাটো করেছেন। তার এই বক্তব্য পৃথিবীর কাছে আমাদের মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা ছাড়া কিছু নয়।’
বিএনপির উদারপন্থী নেতাদের মতে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি ও জামায়াতের দু’জন শীর্ষ নেতার মৃত্যুদ- কার্যকরের পর পাকিস্তানের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তেহরিক-ই-ইসলামের প্রধান ইমরান খানসহ দেশটির রাজনৈতিক মহলের প্রতিক্রিয়ার পর খালেদা জিয়ার এই ধরনের বক্তব্যে কেউ কেউ এর যোগসূত্রও খুঁজতে পারে। কেননা পাকিস্তান ‘৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এতদিন যেসব কথা বলে আসছে, বিএনপি প্রধানের বক্তব্যে তাদের সেসব দাবি এক ধরনের স্বীকৃতি পেয়ে যায়। পাশাপাশি ‘৭১ এ পাক হানাদার বাহিনীর বর্বরতাও আড়াল হওয়ার সুযোগ পায়।











