বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষকে নারী সাজিয়ে সরকারি টাকা আত্মসাৎ

news-image

ছাতকের ১৩ ইউনিয়নের কাবিখা, কাবিটা, টিআর, এডিবি, এলজিএসপিসহ সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা ব্যাপকহারে লুটপাটের অভিযোগ। দায়সাড়া অডিট ও প্রকল্প কাজের সুষ্ঠু নজরদারি না থাকায় লুঠপাটের ক্ষেত্রে সংশ্লিষ্টরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক লুঠপাটের ঘটনা থেকে রহস্যজনকভাবে পার পেয়ে যাচ্ছে থলের কালো বিড়ালরা। 

সম্প্রতি উপজেলার কালারুকা ইউনিয়নে কালারুকা গ্রামে লিঙ্গ পরিবর্তন করে একটি জালিয়াতির ঘটনায় এলাকায় ব্যাপক হৈ চৈ পড়ে গেছে। কালারুকা-খালপাড় গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে পিয়ারা মিয়াকে পিয়ারা বেগম সাজিয়ে টিবওয়েল স্থাপনের ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ইউপি সদস্য নূরুল ইসলাম। 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কালারুকা গ্রামে আব্দুন নূরের পিয়ারা বেগম নামে কোনো মেয়ে নেই। অথচ সরকারি গেজেটে ২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপির বরাদ্দে কালারুকা পূর্বপাড়ার আব্দুল মন্নানের ছেলে সফিক মিয়া ও কালারুকা খালপাড় গ্রামের পিয়ারা বেগমের নামে ৫০ হাজার করে এক লাখ টাকায় দু’টি টিবওয়েল স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু সফিক মিয়া মেম্বার নূরুল ইসলামকে সাড়ে ৫ হাজার টাকা দিয়ে টিবওয়েল পেয়েছেন বলে জানান তার ভাই রফিক মিয়া। নূরুল ইসলাম মেম্বার তার ওয়ার্ডে এলজিএসপির ছয়টি ও এডিবির একটিসহ মোট সাতটি টিবওয়েলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। 

এছাড়া জনগুরুত্বপূর্ণ রাস্তায় কাজ না করে নূরুল মেম্বার নিজের বাড়ির রাস্তায় প্রথমে মাটি ভরাট ও পরে আরসিসি ঢালাইয়ে পাকা করেছেন। যদিও তার বাড়িতে একটি পরিবার ছাড়া আর কোনো লোকজন বসবাস করে না। 

শুধু তাই নয়, কালারুকা জামাল মিয়ার বাড়ি থেকে লামাপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা মাটি ভরাটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) প্রকল্পের দেড় লাখ টাকা বরাদ্দ হয়। এ প্রকল্পের টাকা উত্তোলনের জন্য ছাতক জনতা ব্যাংকে ২৫ শ্রমিকের নামে ব্যাংক অ্যাকাউন্ট করেন প্রকল্প চেয়ারম্যান নূরুল ইসলাম মেম্বার। কিন্তু এদের মধ্যে অধিকাংশই তার আত্মীয়-স্বজন ও স্বচ্ছল ব্যক্তি। বাস্তবে অতিদরিদ্র ব্যক্তির কর্মসংস্থান হয়নি। এ প্রকল্পে জালিয়াতির মাধ্যমে ভুয়া সীল-স্বাক্ষরে স্বচ্ছলদের নামে ব্যাংক থেকে অতিদরিদ্রদের টাকা উঠানো হয়। 

এদিকে জালিয়াত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগও করেছে তারা।  

এ ব্যাপারে ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, এডিবির বরাদ্দে শংকরপুরের আব্দুল আমিন একটি টিবওয়েল ও এলজিএসপির বরাদ্দে খালপাড়ের আরব আলী, নজমপুরের চান্দালী, কালারুকার আশ্রব আলী, নিজাম উদ্দিন, সফিক মিয়া ও নজমপুরের তাজউদ্দিন টিবওয়েল পেয়েছেন। তবে তাদের কাছ থেকে কোনো টাকা নেয়া হয়নি। পিয়ারা বেগমের নামে বরাদ্দকৃত টিবওয়েল সফিক মিয়ার বাড়িতে স্থাপন করা হয়েছে বলে জানান ইউপি সদস্য নূরুল ইসলাম।